মধ্যপ্রাচ্যে শান্তির উদ্যোগ বার্সেলোনার
মধ্যপ্রাচ্যে শান্তির জন্য এবার মাঠে নামছে বার্সেলোনা। মধ্যপ্রাচ্যের সংঘর্ষরত অঞ্চল ইসরায়েল ও ফিলিস্তিনের ফুটবলারদের নিয়ে গঠিত একটি যৌথ দলের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে ইউনিসেফের শুভেচ্ছাদূত এই স্প্যানিশ ক্লাবটি। জুলাইয়ের শেষ দিকে তেল আবিবে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বার্সেলোনার সভাপতি সান্দ্রো রাসেল।কাতালন ক্লাবটির সভাপতি গতকাল বৃহস্পতিবার বলেছেন, ‘বার্সেলোনা আশা করছে, শান্তি প্রচেষ্টা জোরদার এবং ইসরায়েল ও ফিলিস্তিন সম্প্রদায়ের সংলাপের সর্বোত্তম পথ হচ্ছে একটি ফুটবল ম্যাচ। চ্যাম্পিয়নস লিগের শেষ-১৬ তে এসি মিলানের কাছে ২-০ তে হারের পর তেল আবিব সফরকালে ইসরায়েলের প্রেসিডেন্ট সিমন পেরেসের কাছে এ প্রস্তাব পেশ করেন বার্সেলোনার সভাপতি। ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এভি লুজন বলেন, বার্সেলোনার সঙ্গে প্রস্তাবিত ফুটবল ম্যাচ আগামী ৩১ জুলাই তেল আবিব জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং ইসরায়েল ও ফিলিস্তিন উভয় দলের জাতীয় কোচদের দ্বারা একটি যৌথ দল গঠন করা হবে। তিনি আরও বলেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ প্রস্তাবে সম্মতি প্রকাশ করেছেন। এ ছাড়া শুক্রবার পশ্চিম রামাল্লায় ফিলিস্তিনি সরকারপ্রধান মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করেও এই প্রস্তাব দেবেন সান্দ্রো রাসেল।এর আগেও বার্সেলোনা ২০০৫ সালে ন্যু ক্যাম্পে এ রকম একটি প্রীতি ম্যাচ আয়োজন করেছিল। পাশাপাশি বসবাস করা সত্ত্বেও ইসরায়েল ও ফিলিস্তিনি দল একে অপরের বিপক্ষে প্রতিযোগিতায় অংশ নেয় না। ইসরায়েল ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার সদস্য হলেও ফুটবল অঙ্গনে ফিলিস্তিন অংশ নেয় এশিয়ার দেশ হিসেবে। ম্যাচটি সফল করার জন্য একটি সমস্যা হলো, ইসরায়েলি নিরাপত্তানীতিতে ইসরায়েলি স্টেডিয়ামে ফিলিস্তিনি খেলোয়াড় ও দর্শকদের প্রবেশাধিকারে বাধা। এ সম্পর্কে রাসেল বলেন, ‘ইসরায়েলি প্রেসিডেন্ট সিমন পেরেস তাঁকে আশ্বস্ত করেছেন, নির্বাচিত সব খেলোয়াড়কেই এই প্রীতি ম্যাচে অংশ নিতে দেওয়া হবে।’— রয়টার্স