মধ্যাঞ্চলের অধিনায়ক মাহমুদউল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবি থেকে ৩৩ খেলোয়াড়ের তালিকা দেওয়া হয়েছে আগেই। সেখান থেকে গতকাল প্রথম ম্যাচের জন্য ২০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে চার দিনের ম্যাচের ফ্র্যাঞ্চাইজি লিগের ওয়ালটন মধ্যাঞ্চল দল। আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখন এই লিগ শুরু হচ্ছে সম্ভবত ২৭ ডিসেম্বর থেকে।জাতীয় লিগের ঢাকা ও ঢাকা মহানগর দল মিলে গঠিত ওয়ালটন মধ্যাঞ্চলের অধিনায়ক করা হয়েছে জাতীয় দলের সহ-অধিনায়ক মাহমুদউল্লাহকে। সহ-অধিনায়ক মোশাররফ হোসেন। দলের কোচ মিজানুর রহমান, সহকারী কোচ হাসানুজ্জামান। আর ম্যানেজারের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন।২০ জনের প্রাথমিক দল ঘোষণা করা হলেও ফ্র্যাঞ্চাইজি চাইলে যেকোনো সময় যে কাউকে ডাকতে পারে ৩৩ জনের প্রাথমিক তালিকা থেকে। ২৪ ডিসেম্বর থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে মধ্যাঞ্চল দল। ২৭ ডিসেম্বর লিগ শুরু হলে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মধ্যাঞ্চল দল নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণাঞ্চলের। ওই দিনই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের ম্যাচ।দ্বিতীয় পর্বের ম্যাচে খুলনায় খেলবে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল দল, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল। তৃতীয় পর্বে মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চল খেলবে মিরপুরে। উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চলের ম্যাচ খুলনায়। এই তিন পর্বের শীষ দুই দল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলবে দিবা-রাত্রির ফাইনাল।ওয়ালটন মধ্যাঞ্চলের প্রাথমিক দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোশারফ হোসেন রুবেল (সহ-অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, শুভাগত হোম, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, মেহরাব হোসেন জুনিয়র, ইলিয়াস সানি, নুরুল হাসান (উইকেট কিপার), শাহাদত হোসেন, আসিফ আহমেদ, মোহাম্মদ শরীফ, আরাফাত সানি, তালহা জুবায়ের, মাহবুবুল আলম, সগীর হোসেন, তারেক আজিজ, মোহাম্মদ শরীফউল্লাহ ও রনি তালুকদার।