
বড় বড় দল নিয়ে বিশেষজ্ঞরা অনেক কথা বলছেন৷ পূর্বাভাস দিচ্ছেন। কিন্তু দেখুন, অনেক কিছু ওলট-পালট হয়ে যাচ্ছে। স্পেন পাঁচ গোলে বিধ্বস্ত হওয়ার বিস্ময়ের ঘোর এখনো কাটেনি। তার মধ্যেই জার্মানির কাছে পতুর্গালের চার গোলে উড়ে যাওয়ার মতো আরেকটি বিস্ময়। এটাকে কীভাবে ব্যাখ্যা করবেন?
আমি বলব, ফুটবলে একটা দলে বড় মাপের খেলোয়াড় একজন থাকলে চলে না। চাই বেশ কয়েকজন, যাঁরা ম্যাচটা ঘোরাতে পারবেন। পর্তুগাল দলটা রোনালদোনির্ভর। বাকিদের সঙ্গে তাঁর ব্যবধান অনেক। সেটাকে মনে করিয়ে দিয়ে এই পর্তুগাল প্রথম ম্যাচে দাঁড়াতেই পারেনি। চূড়ান্ত পাসগুলো ঠিকভাবে বেরই করতে পারল না রোনালদোর দল। জমা দিয়ে দিচ্ছিল প্রতিপক্ষের পায়ে। অসহায় রোনালদোকে দাঁত কামড়াতে হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে।
একটা সময় তাই তাঁকে হতাশায় ভুগতে দেখা গেছে। তার পরও দু-একবার ঝলক দেখানোর চেষ্টা করেছেন, কিন্তু ঠিকঠাক হচ্ছিল না কিছুই। সমস্যাটা অনেক গভীরে। ক্লাব এবং জাতীয় দলের চিরকালীন দ্বন্দ্ব বা পার্থক্যটা চলে আসছে। রিয়াল মাদ্রিদের মাঝমাঠে রোনালদো যেসব সতীর্থকে পান, পর্তুগাল দলে তেমন মিডফিল্ডার একেবারেই নেই বললে হয়তো ভুল হবে। কিন্তু রিয়াল সতীর্থদের সঙ্গে তাঁর বোঝাপড়া যতটা ভালো, ততটা জাতীয় দলে নয়। যেটা মেসির ক্ষেত্রে আরও বড় সত্য।
মেসি-রোনালদোদের জাতীয় দলের সঙ্গে একাত্ম করতে কোচরা সময় পান না। তাই সাবেলা বলুন আর দেল বস্ক, কোচদের সে অর্থে বেশি কিছু করার নেই।
এই সমস্যাটা থেকে আবার জার্মান দল মুক্ত। কারণ তারা দু-একজনের ওপর নির্ভর করে না৷ টিম ‘ওয়ার্ক’ই জার্মানির ট্রেডমার্ক, তা বর্তমান বিশ্ব যতই ব্যক্তিগত নৈপুণ্যের পূজারি হোক৷ সম্ভাব্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে লোকে ব্রাজিল-আর্জেন্টনার নাম বলে বলুক, জার্মানিরা পিছিয়ে থাকে না কখনোই। তাদের নিয়ে মাতামাতি আপনি দেখবেন না, কিন্তু জার্মানি এমন দল, যাদের অন্তত সেমিফাইনাল খেলা মামুলি ব্যাপার।
এই জার্মানির খেলার বড় দিক চোখে পড়ল, ফিলিপ লামকে চার ডিফেন্ডারের সামনে ডিফেন্সিভ পর্দা হিসেবে ব্যবহার করলেন জোয়াকিম লো। যেটা রক্ষণকে করেছে আরও অাঁটোসাঁটো। লাম রক্ষণের যেকোনো জায়গাতেই খেলতে পারেন, কিন্তু এদিন ভূমিকাটা বদলে দেওয়ায় রক্ষণ হয়েছে আরও জমাট।
ফিনিশিংটা তো হলো দুর্দান্ত। অন্য দলগুলোর গোলের আগের শেষ পাসটা হয়তো নিখুঁত হয় না, কিন্তু জার্মানি এই জায়গায় এক শ ভাগ নিখুঁত থাকল। মুলারকে মনে হলো তাঁর চেয়ে ধীরস্থির এই পৃথিবীতে কেউ নেই। মাথায় বরফ চাপিয়ে ফিনিশ করলেন, পেলেন হ্যাটট্রিকও। এই না হলে স্ট্রাইকার!
জার্মানি কতটা পেশাদার দেখুন, চার গোলে জয় আসছে দেখেও ক্লোসাকে নামাননি লো৷ আর একটি গোল পেলে ক্লোসা বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদোর পাসে বসবেন। দুই গোল হলে ইতিহাস। আমরা বাইরে থেকে ভাবতে পারি, ক্লোসাকে নামাতেই পারতেন লো। মুলারকে তুলে নেওয়ার পরও কিন্তু বাতাসে দারুণ ক্লোসাকে নামাননি তিনি। হতে পারে ইচ্ছে করেই একটু আড়ালে রাখলেন। এখানেই বোঝা যায়, জার্মানির কাছে আবেগের প্রশ্রয় নেই।
ডিফেন্সিভ থার্ড ঠিক রেখে আক্রমণে যেতে করণীয় সবই ঠিকঠাক করল জার্মানি। এবং সেটা খুব দ্রুত। ধরুন লামের পায়ে বল, তাঁর সামনে দুই-তিনটি খোলা জায়গা, যেখানে বল দিতে পারেন। তিনি সেরা সুযোগটাই নিলেন। মানে যাঁকে বল দিলে আক্রমণটা বেশি জমবে, তাঁর পায়ে ঠেললেন। এটাই জার্মানির খেলার অন্যতম বড় বৈশিষ্ট্য।
আগে ওরা লম্বা বল বেশি খেলত। পরশুর ম্যাচে দেখলাম, নিচে থেকে একটু খেলে ওপরে উঠেছে। তবে স্পেনের মতো টিকিটাকা খেলতে রাজি নয় জার্মানি, অ্যাটর্কিং থার্ডে গিয়ে অতটা সময় বল পায়ে রাখে না। শিল্পীর মতো ছবি অাঁকার চেয়ে গোলটাই বেশি দরকার মনে করে জার্মানি, এবং সেটাই করেছে। শুরু থেকে শেষ পর্যন্ত একই উদ্যম। জার্মানি যন্ত্রের মতো ফুটবল খেলে। দেখার কিছু নেই—সাধারণভাবে এটাই বলা হয়। কিন্তু আস্তে আস্তে সেটা বদলাচ্ছে মনে হয়। জার্মানির খেলা আমার বেশ ভালো লেগেছে।
যুক্তরাস্ট্র-ঘানা ম্যাচটাও ভালো লাগা ম্যাচের তালিকায় রাখছি। বেশ গতিময় ম্যাচে ঘাটতি ছিল শুধু দুই দলের চূড়ান্ত পাসগুলো ঠিকঠাক না হওয়া। ইরান-নাইজেরিয়া ম্যাচ নিয়ে বেশি না বলাই ভলো। এশিয়া কত পেছনে পড়ে আছে, ইরানের খেলা দেখে তা আবার বুঝলাম।