মন কাড়ল মিশুর গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশুর এই হেডে গোল হলো না, কিন্তু আতঙ্ক ছড়াল ফেনী সকারের রক্ষণে। পরে তাঁর দুর্দান্ত ফ্রি-কিক গোলটিই আবাহনীকে নিল সেমিফাইনালের পথে। কাল ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে  প্রথম আলো
মিশুর এই হেডে গোল হলো না, কিন্তু আতঙ্ক ছড়াল ফেনী সকারের রক্ষণে। পরে তাঁর দুর্দান্ত ফ্রি-কিক গোলটিই আবাহনীকে নিল সেমিফাইনালের পথে। কাল ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম আলো

মাঠে দর্শক আসে মনকাড়া কিছু দেখার আশায়। প্রিয় দলের জয়ের আশায়। আবাহনীর সমর্থকেরা দুটিই পেল কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে।
ফেনী সকারের বিপক্ষে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে আকাশি-নীলরা জিতল ২-০ গোলে। ৫৩ মিনিটে ডিফেন্ডার আতিকুর রহমান মিশু দারুণ এক ফ্রি-কিকে যে গোলটি করেছেন এই ম্যাড়মেড়ে ম্যাচের একমাত্র নজরকাড়া দৃশ্য সেটিই। যোগ করা সময়ে ওসেই মরিসনের গোল আবাহনীর জয়ের ব্যবধান বাড়িয়েছে মাত্র। তবে স্টেডিয়াম-ফেরত দর্শকের চোখে মিশুর গোলটা গেঁথে থাকবে অনেক দিন।
ফেনী সকার চেয়েছিল ম্যাচটাকে কোনোক্রমে টাইব্রেকারে নিয়ে যেতে। প্রথমার্ধ পর্যন্ত সে লক্ষ্যে ভালোই এগোল দলটি। এমনকি ৮৬ মিনিটে ওয়াসিওর হেড লাগল আবাহনীর ক্রসবারে। ওটা গোল হলে ম্যাচের ছবিটাই বদলে যেতে পারত।
ভাগ্য সাহায্যের হাত বাড়িয়েছে আবাহনীর দিকে। বলা যায় প্রথম ৪৫ মিনিটে আবাহনীকে মাঠে খুঁজেই পাওয়া যায়নি। চিনতে হয়েছে জার্সি দেখে। অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার ওয়ালি ফয়সালের তিন দিনের শিশুসন্তান মারা যাওয়ায় পুরো আবাহনী দলের ছিল মন খারাপ। ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয় এ জন্য। ওয়ালি ছিলেন না ম্যাচে। সহ-খেলোয়াড়েরা ফয়সালের জন্য কান্নাকাটি করেছেন। এটা তাদের খেলায়ও প্রভাব ফেলেছে প্রধমার্ধে।
আরেক ডিফেন্ডার সুজন পুরো ফিট না থেকেও খেলতে নেমেছিলেন। তিনি চোট পেয়ে মাঠের বাইরে আসেন প্রথমার্ধের মাঝামাঝি। অনেক ভুল পাস, এলোমেলো দৌড়াদৌড়িই প্রথমার্ধে ছিল আবাহনীর খেলার মূল দিক। দ্বিতীয়ার্ধে খেলাটা একটু ধরে নিয়েই তারা ভেঙে ফেলে সকারের রক্ষণ।
আবাহনী খেলেছে একজন স্ট্রাইকার নিয়ে—ওসেই মরিসন। তাঁর দিকেই গোলের জন্য তাকিয়ে থাকতে হচ্ছে। প্রথমার্ধে মাঝমাঠ বলই সেভাবে জোগান দিতে পারেনি মরিসনকে। এমনটা হলে সেমিফাইনালে শক্তিশালী শেখ জামালের বিপক্ষে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে তাদের জন্য।
আবাহনীর তিন মিডফিল্ডারের সামনে খেলেন ডি কাস্ত্রো। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারকে কাল বোতলবন্দী করে ফেলেছিল সকারের রক্ষণ। তাই সুবিধা করতে পারেননি। আবাহনীর আক্রমণও সেভাবে দানা বাঁধেনি। আরেক ব্রাজিলিয়ান ডি সুজা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে। আবাহনীর জার্সি গায়ে তাঁর এখনো মাঠেই নামা হয়নি। আবাহনীর বিশ্বাস, ডি কাস্ত্রোর চেয়ে মানের দিক দিয়ে আরও ভালো ডি সুজা। তাঁকে নিয়ে আক্রমণে আরও ধারালো হয়ে ওঠার আশায় ক্ষণ গুনছেন কোচ অমলেশ সেন।
আবাহনীর জন্য সুখের খবর, এখন পর্যন্ত ফেডারেশন কাপের তিন ম্যাচে গোল না-খাওয়া। কাল তো আবাহনীকে হারিয়ে সেমিতে খেলা প্রায় অসম্ভব ধরে নিয়েই নেমেছিল সকার। দলটার গাম্বিয়ান কোচ ওমর সিসে সংবাদ সম্মেলনে সরাসরিই বললেন, ‘আমরা তো আবাহনীকে হারাতে নামিনি। আমরা ওদের রক্ষণে চাপ দিয়ে পেনাল্টি আদায় করতে চেয়েছিলাম।’
তবে এই তরুণ কোচ নিজ দলের খেলায় মহা খুশি হলেও ক্ষুব্ধ রেফারি জসিম উদ্দিনের ওপর। মিশুর গোলটার আগে মরিসনকে ফাউল করেন বিদ্যুৎ। সিসের দাবি, ‘ওটা ফাউল ছিল না। এটা খুবই বাজে সিদ্ধান্ত।’
গত মৌসুমেও মোহামেডানের বিপক্ষে ফ্রি-কিকে গোল করেছিলেন মিশু। নিয়মিত ফ্রি-কিক অনুশীলন করেন। ম্যাচের পর এমনও বললেন, ‘আমি আশাবাদী ছিলাম ফ্রি-কিকে গোল পাব।’
মরিসন বলছিলেন, ‘দলকে চ্যাম্পিয়ন করতে চাই।’ সনি নর্দের সঙ্গে সমান পাঁচ গোল, বুধবার শেখ জামালের সঙ্গে আবাহনীর সেমির লড়াইটার আরেক নাম আসলে নর্দে বনাম মরিসন!