মন খারাপ মেসির
মৌসুম শেষ হয়ে গেছে। সবার দৃষ্টি এখন আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপের দিকে। লিওনেল মেসিও এখন অনেকটাই হাত-পা ঝাড়া। ২ জুন বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটির জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন তিনি। কিন্তু এর মধ্যেও তাঁকে কুড়ে কুড়ে খাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে চেলসির সঙ্গে পেরে না ওঠার ব্যাপারটি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে বার্সেলোনার দুর্ভাগ্যের পেছনে তিনিও দায়ী কম নয়। দ্বিতীয় লেগে মেসির পেনাল্টি মিসই সর্বনাশ ডেকে আনে তাঁর দলের। নিজের ওপর রাগ তো আছেই মেসি মনে করেন, চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পেরে না ওঠাটা প্রকৃতির একধরনের পরিহাসই।চ্যাম্পিয়ন্স লিগই কেবল নয়। এবারের স্প্যানিশ লা লিগার শিরোপাটাও যায়নি কাতালানদের ঘরে। রিয়াল মাদ্রিদের কাছে হারাতে হয়েছে তাঁদের তিন মৌসুমের শ্রেষ্ঠত্ব। তবে মেসি বেশি বিরক্ত চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতা নিয়ে। চেলসির বিপক্ষে সেমিফাইনালের দুটো লেগেই পুরো সময়ে ভালো খেলেছিল বার্সেলোনা। কিন্তু দুর্ভাগ্যের বেড়াজাল ছিঁড়ে বের হতে পারেনি তারা। প্রথম লেগে ১-০ ও দ্বিতীয় লেগে ২-২ গোলে ড্র করে ৩-২ গোল গড়ে ফাইনালে ওঠা হয়নি তাদের।‘রিয়ালের কাছে এই মৌসুমে স্প্যানিশ লা লিগার শিরোপা হাতছাড়া করেছি। কিন্তু ওটা নিয়ে কোনো দুঃখ নেই। আমার দুঃখটা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দুর্ভাগ্যজনকভাবে উঠতে না পারাটাই।’ মেসির মন্তব্য। তিনি আরও বলেন, ‘ওটা প্রকৃতির এক উপহাসই। আরও খারাপ লাগছে পেনাল্টি মিস করার জন্য।’বড় দুটো শিরোপা হাতছাড়া হলেও মেসি এই মৌসুম নিয়ে খুব একটা অখুশি নন। চ্যাম্পিয়ন্স লিগটি হাতছাড়া হয়ে গেলেও মেসি দিন-গোনা শুরু করেছেন পরের মৌসুমের জন্য। তাঁর মতে, ‘আগামী মৌসুমে আমরা আবার সবকিছু জেতার জন্য লড়াই করব।’এই মুহূর্তে মেসি মনোযোগ নিবদ্ধ করতে চান জাতীয় দলের দিকে। ইকুয়েডরের সঙ্গে শনিবারের ম্যাচটি নিয়েই ভাবছেন তিনি। সবচেয়ে বড় ভাবনা আর্জেন্টিনাকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নিয়ে যাওয়া। মেসির ধারণা, সেই লক্ষ্যে সফল হবেন তিনি বেশ ভালোভাবেই।পেপ গার্দিওলাকে বড্ড মিস করছেন এই মুহূর্তের বিশ্বসেরা গেম মেকার। তিনি বলেন, ‘গার্দিওলার অধীনে আমাদের গত চার বছর স্বপ্নের মতো কেটেছে। তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তাঁর পরিবর্তে দায়িত্ব নিয়েছেন টিটো ভিলানোভা। আশা করছি, ভিলানোভার অধীনেও আমরা জয়ের ধারা অব্যাহত রাখব।’ভিলানোভাকে অনেক আগে থেকেই চেনেন মেসি। তাঁর মতে, ‘গার্দিওলার যোগ্য উত্তরসূরি ভিলানোভা। তিনি এই দলটিকে ভালো করেই জানেন। তিনি জানেন সাফল্যের জন্য কখন কী করতে হবে।’ ওয়েবসাইট।