মন ভেঙে গিয়েছিল তোরেসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোতে ফার্নান্দো তোরেস নিজেকে ফিরে পেয়েছেন। টানা দ্বিতীয় ইউরোর নায়ক হয়ে উঠতে পারেন এই স্প্যানিশ স্ট্রাইকার। কিন্তু অবস্থা এমনই হয়েছিল, এবারের টুর্নামেন্টে তাঁর আসাই হয়তো হতো না। কে বলতে পারত, চরম কোনো সিদ্ধান্তের দিকেও যেতেন না? কেননা, ফুটবলের প্রতিই মন বিষিয়ে উঠেছিল তোরেসের!২০১১ সালে ইংলিশ লিগে দলবদলের নতুন রেকর্ড গড়ে লিভারপুল থেকে এলেন চেলসিতে। কিন্তু নতুন দলে এসেও নিজেকে খুঁজে পেলেন না, আগের দুর্দান্ত ফর্মের তোরেসের ছায়া হয়ে রইলেন মাত্র। ডেভিড ভিয়ার চোটে তোরেস একটা ‘জীবনরেখা’ পেয়ে এলেন ইউরোতে। কিন্তু প্রথম ম্যাচে খেলার সুযোগ পেলেন শেষ ১৬ মিনিট। কৌশলগত কারণে আয়ারল্যান্ড ম্যাচে তাঁকে নামাতে বাধ্য হলেন কোচ ভিসেন্তে দেল বস্ক। তোরেসও যেন ঘুম থেকে জেগে দুই গোল করে জানিয়ে দিলেন, এখনই তিনি ফুরিয়ে যেতে চান না। সেই পুরোনো গোলক্ষুধাও ফিরে পাচ্ছেন।চেলসিতে ফর্ম হারিয়ে ফেলায় হতাশাজর্জর তোরেসের খেলাটার প্রতি ভালোবাসাও নাকি ফিকে হতে শুরু করেছিল। অনেক দিনই স্পেনের জাতীয় দলের অপরিহার্য সদস্য ছিলেন; ফর্মে থাকা তোরেস দলে থাকবেন না, সেটা কারও সুদূরতম কল্পনায়ও ছিল না। কিন্তু একসময় দলে জায়গা হারিয়ে ফেললেন, গত ফেব্রুয়ারিতে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে দল থেকে পড়লেন বাদ। সে সময়টা তাঁর জন্য কতটা কঠিন ছিল, জানিয়েছেন তোরেস, ‘দেল বস্ক আমাকে ফোন করে বলেছিলেন, আমি দলে নেই (ভেনেজুয়েলার বিপক্ষে)। আমি সেটা মেনেও নিয়েছিলাম। ওই সময়ই খেলার ওপর থেকে আমার মন উঠে যাচ্ছিল।’ ফের জাতীয় দলে সুযোগ পেয়ে তোরেস রোমাঞ্চিত, ‘স্পেনের হয়ে খেলাটা অভ্যাস হয়ে গিয়েছিল। এখন তাই ভালোই লাগছে। অ্যাটলেটিকো মাদ্রিদে থাকতে আমি উঠতি খেলোয়াড়দের আদর্শ ছিলাম, কিন্তু সেটা ধরে রাখতে পারিনি।’ ভাগ্য ভালো, পরীক্ষিত শিষ্যের ওপর দেল বস্ক আস্থা রেখেছিলেন। তা না হলে হয়তো ফুটবল হারিয়ে ফেলতে পারত একটি টকটকে লাল গোলাপকে! ওয়েবসাইট।