মনজুর কাদেরের আচরণের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর একজন সাংবাদিকের সঙ্গে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদেরের অশোভন আচরণের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। এ বিষয়ে কাল সমিতির দেওয়া বিবৃতি সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো। ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, ইদানীং বাংলাদেশের ফুটবলের সঙ্গে জড়িত কিছু কর্মকর্তা দেশের প্রচলিত আইনকানুনের তোয়াক্কা না করে কর্মরত ক্রীড়া সাংবাদিকদের নানাভাবে নাজেহাল ও অপদস্থ করার চেষ্টা করছেন। গত ২৯ সেপ্টেম্বর বাফুফে ভবন চত্বরে দলবদল কার্যক্রম শেষে সংবাদ সম্মেলনে প্রথম আলোর একজন সিনিয়র সাংবাদিকের পাতানো খেলাসংক্রান্ত একটি প্রশ্ন শেষ না হতেই প্রশ্নকর্তাকে থামিয়ে দেন শেখ জামালের সভাপতি মনজুর কাদের। তিনি শুরুতেই তেলেবেগুনে জ্বলে উঠে বলতে থাকেন, ‘আপনি তো শেখ জামালের বিপক্ষে সব সময় লেগে থাকেন।’ ধমকের সুরে তিনি পত্রিকার সম্পাদক, প্রকাশক এমনকি মালিকপক্ষকে জড়িয়ে অযাচিত মন্তব্য করেন। মনজুর কাদের প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকাসহ গণমাধ্যমের বিরুদ্ধে বিষোদ্গার করেন। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি মনজুর কাদেরের এমন আচরণের তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে এই আচরণের জন্য তাঁকে সংশ্লিষ্ট সাংবাদিকের কাছে অবিলম্বে দুঃখ প্রকাশের জন্য অনুরোধ করছে। অন্যথায় যেকোনো ধরনের বিব্রতকর পরিস্থিতির জন্য তাঁকে, তাঁর সংগঠন ও বাফুফেকে দায়িত্ব বহন করতে হবে।’