মনজুর হাসানকে শেষ শ্রদ্ধা
স্টেডিয়ামের সঙ্গে তাঁর ছিল গভীর সখ্য। বঙ্গবন্ধু স্টেডিয়ামে একসময় ফুটবল খেলেছেন। এই স্টেডিয়ামের ধারাভাষ্যকক্ষে বসে অনেক খেলার ধারাবিবরণী দিয়েছেন। মনজুর হাসান মিন্টু কালও এসেছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। তবে ধারাভাষ্য দিতে নয়, শেষবারের মতো এসেছিলেন কফিনে শুয়ে।
ভারতে বেড়াতে গিয়ে গত মঙ্গলবার জয়পুরের একটি হোটেলের বাথরুমে পড়ে পরপারে পাড়ি জমান মনজুর হাসান। কাল দুপুরে ভারত থেকে বিমানে ঢাকায় মরদেহ আনার পর বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হলো শেষ জানাজা। রাতেই আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে এই ক্রীড়া ব্যক্তিত্বকে।
শেষবারের মতো তাঁকে দেখতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসেছিলেন ক্রীড়াঙ্গনের সাবেক-বর্তমান খেলোয়াড় ও সংগঠকেরা। এসেছিলেন বেতার ও টেলিভিশনের ধারাভাষ্যকাররাও। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না মনজুর হাসানের একসময়ের সতীর্থ ও ক্রীড়াব্যক্তিত্ব বশির আহমেদ, ‘উনি গোলকিপার ছিলেন। গোল বাঁচাতে গিয়ে হাজারবার মাঠে পড়েছেন। অথচ এবার একবার পড়েই শেষ হয়ে গেলেন! আমার বিশ্বাসই হচ্ছে না।’ এই মৃত্যু ছুঁয়ে গেছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেনকে, ‘মিন্টু ভাই লিজেন্ড ছিলেন। আমরা একজন চমৎকার ধারাভাষ্যকার হারালাম।’
সাবেক ফুটবলার ও রাজনীতিবিদ মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলেছেন মনজুর হাসানের সঙ্গে। কাল ফিরে গেলেন সেই দিনে, ‘আমরা আন্তবিভাগে একসঙ্গে খেলেছি। মানুষ হিসেবে কিছুটা অন্তর্মুখী ছিলেন। আজকাল এমন মানুষ পাওয়া যায় না।’ জাতীয় দলের সাবেক গোলরক্ষক আমিনুল হক বলছিলেন, ‘মিন্টু ভাই আমাকে অনেক কিছুই শেখাতেন।’
এমন স্মৃতিচারণা করলেন আরও অনেকেই। সবার কণ্ঠেই থাকল তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।