মনস্তাত্ত্বিক প্রস্তুতি নিতে হবে ব্রাজিলের ফুটবলারদের: পাহেইরা
২৪ বছরের শিরোপা-খরা কাটিয়ে ১৯৯৪ সালে ব্রাজিলকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন তিনি, ফুটবলারদের ওপর ফুটবলপ্রেমী ব্রাজিলবাসীর প্রত্যাশার পারদ কতটা ওপরে থাকতে পারে, তা বেশ ভালোই জানার কথা ব্রাজিলের সাবেক কোচ কার্লোস আলবার্তো পাহেইরা। ২০০২ সালে শেষবার। এরপর গত দুটি বিশ্বকাপের শিরোপা জয় করা হয়নি ব্রাজিলের। অনেকেই মনে করে, ব্যাপারটি ব্রাজিলীয় ঐতিহ্যের সঙ্গে একেবারেই বেমানান। ২০১৪ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ব্রাজিলের মাটিতে। নিজ মাটিতে ফুটবলপাগল দেশবাসীর চাপ বেশ ভালোভাবেই সামলাতে হবে ব্রাজিলের ফুটবলারদের। এ বিশাল প্রত্যাশার চাপ কীভাবে সামলাবেন তাঁরা? পাহেইরার পরামর্শ, মানসিকভাবে এখন থেকেই এ চাপ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে ফুটবলারদের।রয়টার্সকে দেওয়া সাক্ষাত্কারে গতকাল মঙ্গলবার পাহেইরা বলেন, ‘২০০৬ ও ২০১০ সালের বিশ্বকাপে আমরা হেরেছি। আপনি নিশ্চিত হতে পারেন, ২০১৪ সালে জাতীয় দলের ওপর বিশাল চাপ থাকবে। ফুটবলারদের দায়িত্ব অনেক বেশি বেড়ে যাবে।’পাহেইরার আশঙ্কার কারণ আরও রয়েছে। এ পর্যন্ত একবারই বিশ্বকাপ আয়োজন করেছে ব্রাজিল, ১৯৫০ সালে। সেবার ফাইনালে উরুগুয়ের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় তাদের। পাহেইরা বলেন, ‘ঘরের মাঠে ইতিমধ্যে একটি বিশ্বকাপে হেরেছি, দ্বিতীয়বারের মতো নিশ্চয়ই হারতে চাই না আমরা। এটা ফুটবলারদের ওপর পাহাড়সম চাপ চাপিয়ে দিচ্ছে।’ফুটবলারদের ওপর চাপের কথা বলার পর পরামর্শও দিয়েছেন পাহেইরা, ‘আমাদের বাস্তবতা মানতেই হবে। চাপ সামলানোর এখন একটাই পথ আছে, মনস্তাত্ত্বিক প্রস্তুতি নিতে হবে ব্রাজিলের ফুটবলারদের।’