মনে করিয়ে দিলেন পেলে
আরও একবার লিওনেল মেসিকে প্রশ্নবিদ্ধ করলেন পেলে। মেসি সর্বকালের সেরা কি না, এ আলোচনায় যেতেই রাজি নন এই ফুটবল কিংবদন্তি। বরং মেসিকে আলফ্রেডো ডি স্টেফানো, ইয়োহান ক্রুইফ কিংবা মিশেল প্লাতিনির কাতারেও রাখতে রাজি নন পেলে, ‘লোকে তুলনা করতে ভালোবাসে। কিন্তু দেখে মনে হয়, তারা ক্রুইফ, প্লাতিনি আর ডি স্টেফানোর কথা ভুলে গেছে, যারা কিনা মেসির চেয়েও ভালো।’পুরোদস্তুর স্ট্রাইকার না হয়েও এই মৌসুমে ৫৪ ম্যাচে ৫২ গোল করেছেন মেসি। প্রতিপক্ষের ডিফেন্ডারদের হতবুদ্ধি করে দিয়ে তাঁর জালে বল ঢোকানোর অনেক ছবিই অনেকের চোখে ভাসছে। বিশেষ করে, এবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে তাঁর সেই দুর্দান্ত গোলটি টুর্নামেন্টের ইতিহাসেই সেরা বলছেন অনেকে। টানা দুবার ফিফা বর্ষসেরার পুরস্কার জেতা মেসি এবারও বর্ষসেরার দৌড়ে এগিয়ে আছেন। যদিও এসব অর্জন থেকেই তাঁকে এখনই সর্বকালের সেরা মানতে রাজি নন পেলে। বিশেষ করে, জাতীয় দলের হয়ে অলিম্পিক সোনা বাদে মেসির যেখানে বড় কোনো অর্জন নেই।চ্যাম্পিয়নস লিগ ফাইনাল নিয়েও কথা বলেছেন পেলে। ২৮ মের সেই ফাইনালে বার্সেলোনাকেই ফেবারিট মনে করছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি, ‘ম্যানচেস্টার ইউনাইটেড অনেক শক্তিশালী দল। ইংলিশ ফুটবলের খেলার ধরনের প্রতি বিশ্বস্ত থেকেই খেলে যাচ্ছে ওরা। কিন্তু বার্সেলোনা যে বিশ্বের সেরা দল, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই।’ ওয়েবসাইট।