মনে পড়ে সেই স্মৃতি
>১৯৭৮ সালে ঢাকায় এসেছিলেন মোহাম্মদ আলী। কিংবদন্তি বক্সারকে খুব কাছ থেকে দেখার সুযোগ পাওয়া ভাগ্যবানদের মধ্যে ছিলেন বক্সার আবদুল হালিম ও বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক রকিবুল হাসান। আলীকে নিয়ে তাঁদের স্মৃতিচারণা—

আবদুল হালিম
তাঁকে বলা হতো বাংলার মোহাম্মদ আলী। বাংলাদেশের হয়ে প্রথম আন্তর্জাতিক পদকজয়ী বক্সার আবদুল হালিম একবার কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর সঙ্গে একই রিংয়ে নেমেছিলেন। তবে সেদিন বাংলার ‘আলী’কে নকআউট করেননি তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী! পরম মমতায় কাছে টেনে নিয়ে ছবি তুলেছিলেন। ঘটনাটি ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে মোহাম্মদ আলীর বাংলাদেশ সফরের সময়।
ওই স্মৃতি যেন এখনো ছবির মতো ভাসে হালিমের চোখে, ‘আমি তখন টগবগে তরুণ। সারা বিশ্বের সব বক্সারের মতোই আমারও আদর্শ ছিলেন মোহাম্মদ আলী। তাঁকে দেখার পর যেন নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না। মনে হচ্ছিল, সত্যিই কি বিশ্ব চ্যাম্পিয়ন বক্সারের সঙ্গে কথা বলছি!’

‘দ্য গ্রেটেস্ট’ মোহাম্মদ আলীকে নিয়ে হালিমের মুগ্ধতা যেন সীমাহীন, ‘তিনি একটা যুগের সৃষ্টি করেছেন। আগে বক্সিংটা মারামারির মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু তিনি এটা শিল্পের পর্যায়ে নিয়ে যান। উনি বক্সিংয়ের প্রবাদপুরুষ। বক্সিংয়ের লেফট ক্রস, রাইট ক্রস শিখেছি তাঁর কাছে। কেউ গার্ড করে রাখলে ঘুষি দেওয়া যায় না। কিন্তু হাত বন্ধ করে সেকেন্ডের মধ্যে উনি ঘুষি দিতেন। এটাকে ক্রস ঘুষি বলে। ক্রস, ডজ—এসব ওনার কাছ থেকেই আয়ত্ত করে নিই। পরে ওভাবে বহুজনকে নকআউট করেছি।’
ছবি তোলার সেই মাহেন্দ্রক্ষণের বর্ণনা দিলেন হালিম, ‘ওনার সঙ্গে আমার বক্সিং করার কথা ছিল। কিন্তু উনি বললেন, আমি তো বড় কারোর সঙ্গে করব না। ছোট কাউকে দেন। শুধু মজা করব। এরপর সাংবাদিকেরা ছবি তুলতে চাইলে মুখের কাছে ঘুষি নিয়ে সবাইকে বললেন, এবার ছবি তোলেন আপনারা।’
রকিবুল হাসান
খবরটা শুনেই চমকে উঠলেন রকিবুল হাসান। যেন কাছের কারও মৃত্যুসংবাদ শুনলেন। অথচ কিংবদন্তি মোহাম্মদ আলী তাঁর কাছের কেউ নন। ভৌগোলিক দূরত্ব তো ছিলই, মোহাম্মদ আলীর সঙ্গে বাংলাদেশের সাবেক ক্রিকেটার রকিবুলের তুলনার আসলে কোনো জায়গাই নেই।

তবু মোহাম্মদ আলীর মৃত্যুসংবাদ ছুঁয়ে গেল তাঁকেও। ১৯৭৮ সালে রকিবুল হাসানের সুযোগ হয়েছিল ঢাকায় কিংবদন্তি বক্সারকে খুব কাছ থেকে দেখার এবং মঞ্চে উঠে তাঁর সঙ্গে হাত মেলানোর। সেই স্মৃতি রোমন্থন করে রকিবুল বলছিলেন, ‘মনে আছে, আগের রাতে ঠিকভাবে ঘুমাতে পারিনি। এত বড় একজন বক্সারকে সামনে থেকে দেখব! যাঁকে এর আগে শুধু টেলিভিশনেই দেখেছি।’
মোহাম্মদ আলীকে কাছ থেকে দেখার রোমাঞ্চটা ছিল আরও বেশি, ‘অনেক স্টাইলিশ ছিলেন উনি। মনে আছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেদিন সাদা পোশাক পরে এসেছিলেন আলী। চোখে ছিল সানগ্লাস। গ্যালারিতে হাজার হাজার দর্শক দেখে অভিভূত হয়ে পড়েছিলেন। পরে তো স্ত্রী ভোরোনিকাকে নিয়ে ল্যাপ অব অনারও দিলেন একটা।’
সেই সময়ের আরও অনেক তরুণের মতো রকিবুলও ছিলেন মোহাম্মদ আলীর ভক্ত। ‘বক্সিংকে খেলা নয়, মারামারিই মনে করত সবাই। কিন্তু তিনি বক্সিংকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন’—বলছিলেন রকিবুল।
বক্সিং রিংয়ের সেই শিল্পী চলে গেলেন অন্য জগতে, যেখান থেকে ফিরে আসে না কেউ। ফিরবেন না মোহাম্মদ আলীও।