মনে পড়ছে এনামুলকে
টেস্ট সিরিজের দলে ডাক পেয়েই বলেছিলেন, ‘আগে তো খেলার সুযোগ পাই!’ আশঙ্কা সত্যি প্রমাণ করে সুযোগ পেলেনও না এনামুল হক জুনিয়র। তবে এনামুলের জন্য সান্ত্বনা—মাঠে তাঁর অভাবটা এখন খোদ বাংলাদেশ অধিনায়কই বোধ করছেন। ওয়ানডে বোলার হিসেবে রাজ্জাকের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু টেস্ট বোলার রাজ্জাকের পাশে বরাবরই বড় প্রশ্নচিহ্ন। ঢাকা টেস্টে ৩৭ ওভার বোলিং করেও উইকেট মাত্র একটি। ১২৭ রান দিয়ে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের গলায় চেপে বসা ফাঁসটাও বারবারই আলগা করে দিয়েছেন। এর আগের ৬ টেস্টে উইকেট মাত্র ১১টি। অথচ টেস্টে এনামুল ৫ উইকেটই নিয়েছেন তিনবার, ম্যাচে ১০ উইকেটও একবার। ১৪ টেস্টে ৪১ উইকেট বড় দৈর্ঘ্যের ম্যাচে তাঁর বাঁ-হাতি স্পিনের কার্যকারিতারই প্রমাণ।এই দুই বাঁ-হাতির পরিসংখ্যানগত পার্থক্যটা যে কারও জানা নেই, তা নয়। তার পরও এনামুলকে বাদ দিয়ে রাজ্জাককে খেলানোর কারণ? সাকিবের মুখ থেকেই শুনুন, ‘রাজ ভাই (আবদুর রাজ্জাক) ওয়ানডেতে ভালো বোলিং করেছেন। আমরা চাইনি ম্যাচ না খেলে ওনার আত্মবিশ্বাস কমে যাক। এরপর আমাদের আর খুব বেশি টেস্ট ম্যাচ নেই, সব ওয়ানডে। উনিও ওয়ানডেতে নিয়মিত খেলোয়াড়। ওটাই মূল কারণ ওনার চট্টগ্রাম টেস্টে খেলার। আর ঢাকা টেস্টে আমি নির্দিষ্ট কারও কথা বলিনি। সিদ্ধান্তটা নির্বাচকেরাই নিয়েছেন।’টেস্টের তৃতীয় দিন শেষে এই সিদ্ধান্তকে ভুলই মনে হচ্ছে সাকিবের কাছে, ‘সত্যি বলতে কি আমারও একটু মনে হয়েছে এনাম ভাই থাকলে ভালো হতো। রাজ ভাইয়ের কাছ থেকে আমি আরও অনেক কিছু আশা করছিলাম। বিশেষ করে আমাদের দুজনের পার্টনারশিপ হওয়াটা খুবই জরুরি ছিল।্রতা হলে আমি হয়তো আরও উইকেট পেতাম বা উনি পেতেন।’ রাজ্জাকের তুলনায় বরং পেসার রুবেল হোসেনের সঙ্গে জুটিটাই ভালো হয়েছে বলে মনে করেন সাকিব, ‘আমি আর রুবেল যখন বল করেছি তখনই সবচেয়ে ভালো জুটি হয়েছে এবং ওই সময়টাই উইকেট পাওয়ার সুযোগ বেশি এসেছে।’ সাফল্য না পাওয়ায় রাজ্জাকের বোলিংয়ে ধারাবাহিকতার অভাবটাকেই বড় করে দেখালেন অধিনায়ক, ‘রাজ ভাই কিছু খুব ভালো বলও করেছেন। কিন্তু তিনি সেটা ধরে রাখতে পারেননি।’ দলে থেকেও বারবার দর্শক হয়ে থাকার অভিজ্ঞতা হতাশ করতে পারে এনামুলকে। তবে অধিনায়ক তাঁকে শোনাচ্ছেন আশ্বাসবাণী, ‘একটু তো হতাশ হবেনই তিনি। তার পরও আমার মনে হয় না হতাশ হওয়ার কিছু আছে। সবারই খেলার সুযোগ আসবে এবং তা কাজে লাগাতে হবে। ভালো ভালো বোলারও সাইড লাইনে বসে আছে—ভালো দলের এটাও একটা গুণ। এটা দেখতেও ভালো লাগে।’এনামুলের যে ভালো লাগছে না, সেটি তাঁকে জিজ্ঞেস না করেও বলে দেওয়া যায়!