মনে পড়ে আরেক 'সার্জিও'কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালির বিপক্ষে সেমিফাইনালে পেনাল্টি ঠেকানোর মুহূর্ত। ছবি: এএফপি
ইতালির বিপক্ষে সেমিফাইনালে পেনাল্টি ঠেকানোর মুহূর্ত। ছবি: এএফপি

সার্জিও রোমেরোর বীরত্বগাথা মনে করিয়ে দেয় আরেক ‘সার্জিও’কে। আজ থেকে ২৪ বছর আগে আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপ ফাইনালটি যে এসেছিল ওই ‘সার্জিও’র হাত ধরেই।

ফুটবলের খুব খবর রাখেন যাঁরা। ইতিহাস যাঁদের নখদর্পণে, তাঁদের কাছে ২৪ বছর আগের সেই ইতিহাস অজানা নয়। দীর্ঘ দুই যুগ আগে ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনাকে সেই ‘সার্জিও’, সার্জিও গইকোচিয়া পেনাল্টি ঠেকানোর কৃতিত্বে নিয়ে গিয়েছিলেন শিরোপা জয়ের খুব কাছে। কাল ২৪ বছর পর আর্জেন্টিনার আরেক ‘ফাইনাল-যাত্রা’ও ঘটনাচক্রে এক ‘সার্জিও’, সার্জিও রোমেরোর হাত ধরেই এল। কাকতালীয়ভাবে তিনিও গোলরক্ষক, তিনিও প্রতিপক্ষ হল্যান্ডকে টাইব্রেকার-দুর্ভাগ্যে ডুবিয়েই আর্জেন্টিনাকে তুলে এনেছেন স্বপ্ন-যাত্রার চূড়ান্ত ধাপে।

‘ভিনি’-‘ভিডি’-ভিসি’—এলাম, দেখলাম আর জয় করলাম—এই প্রবচণটির সার্থক প্রতিরূপ ওই গইকোচিয়া। তিনি সত্যিকার অর্থেই সেবার হঠাত্ এসেই জয় করে নিয়েছিলেন গোটা আর্জেন্টিনার হূদয়। নিজেকে স্থান দিয়েছিলেন বিশ্বকাপ ইতিহাসের পাতায়। দুই যুগ পর আর্জেন্টিনার ফাইনাল-যাত্রার এই আনন্দ-লগ্নে সার্জিও গইকোচিয়াকে ভুলে যাওয়াটা আর্জেন্টিনার পাঁড় সমর্থকদের জন্য একটু লজ্জারই।

যুগোস্লাভিয়ার বিপক্ষে পেনাল্টি ঠেকিয়ে তাঁর উল্লাস
যুগোস্লাভিয়ার বিপক্ষে পেনাল্টি ঠেকিয়ে তাঁর উল্লাস

নব্বইয়ের বিশ্বকাপে আর্জেন্টিনার মূল গোলরক্ষক ছিলেন নেরি পম্পিডু। তিনি ছিলেন ছিয়াশি সালে আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপ জয়ের অন্যতম অভিযাত্রী। বুরুচাগা, ভালদানো, বাতিস্তাদের মতোই ডিয়েগো ম্যারাডোনার প্রিয় সতীর্থ। ইতালি বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বকাপ-রক্ষার অভিযানে ম্যারাডোনা তাই পম্পিডুর ওপর ভরসা না করার কোনো কারণ দেখেননি।
কিন্তু পম্পিডুর ভাগ্যটা ছিল খারাপ। তিনি বিশ্বকাপ শুরুই করেছিলেন বিপর্যয় দিয়ে। তাঁর ভুলেই ক্যামেরুনের কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা—যা বিশ্বকাপ ইতিহাসেরই অন্যতম বড় আপসেট। দ্বিতীয় ম্যাচে মাত্র ১২ মিনিট খেলেই ভয়াবহ চোটের শিকার হয়ে তাঁকে চলে যেতে হয় মাঠের বাইরে। বিশ্বকাপটাই শেষ হয়ে যায় পম্পিডুর।
দ্বিতীয় ম্যাচে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে গ্লাভস পরে মাঠে নামলেন দলের দ্বিতীয় গোলরক্ষক গইকোচিয়া। সে ম্যাচের বাকি সময়টুকু খেললেন দারুণই। আর্জেন্টিনাও জয় পেল ২-০ গোলের ব্যবধানে। গইকোচিয়ার নামের পাশে লেখা হলো ক্লিনশিট। রোমানিয়ার বিপক্ষে পরের ম্যাচে অবশ্য একটি গোল খেলেন তিনি। খেলাটি ড্র হয়েছিল ১-১ গোলে।
এক হার, এক জয় আর এক ড্র নিয়ে আর্জেন্টিনা সেবার কোনোমতে নিশ্চিত করে দ্বিতীয় রাউন্ড। নকআউট পর্বে ব্রাজিলের বিপক্ষে স্মরণীয় ম্যাচ খেললেন গইকোচিয়া। চিরপ্রতিদ্বন্দ্বীকে এক গোলে হারানোর ওই ম্যাচে নিজের সেরাটাই দিলেন তিনি। তবে গইকোচিয়াকে নিয়ে চমক অপেক্ষা করছিল কোয়ার্টার ফাইনালে।

১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও গইকোচিয়া
১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও গইকোচিয়া

কোয়ার্টার ফাইনালে যুগোস্লাভিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ ও অতিরিক্ত ৩০ মিনিট খেলাটি অমীমাংসিত থাকে গোলশূন্যভাবে। টাইব্রেকারের ভাগ্য-পরীক্ষায় সেদিন নায়ক হয়ে উঠলেন গইকোচিয়া। যুগোস্লাভদের দুটো স্পটকিক ঠেকিয়ে আর্জেন্টিনাকে তিনি তুলে দেন শেষ চারের লড়াইয়ে।
গইকোচিয়া ইতিহাসে স্থান করে নেন সেমিফাইনালেই। স্বাগতিক ইতালির বিপক্ষে নেপলসে অনুষ্ঠিত সে খেলাটিও গড়ায় টাইব্রেকারের ভাগ্য-পরীক্ষায়। নির্ধারিত ৯০ ও অতিরিক্ত ৩০ মিনিটের খেলা ড্র থাকে ১-১ গোলে। সেই ম্যাচেও গইকোচিয়া ঠেকিয়ে দেন দুই ইতালীয়র স্পটকিক। তিনি বিশ্বকাপের ইতিহাসের একমাত্র গোলরক্ষক যিনি, পরপর দুটো ম্যাচে টাইব্রেকারের ভাগ্য-পরীক্ষায় নায়ক হয়েছিলেন।
ফাইনালে গইকোচিয়ার সামনেও এসে পড়েছিল পেনাল্টি ঠেকানোর দায়িত্ব। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে জার্মানির আন্দ্রেস ব্রেইমের সেই পেনাল্টি-শটটির খুব কাছে হাত বাড়িয়েও ব্যর্থ হন তিনি। কিন্তু তত দিনে গইকোচিয়া কিন্তু ঠিকই ঠাঁই করে নিয়েছেন বিশ্বকাপ ইতিহাসের বিশেষ স্থানে। দেশের হয়ে ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই আর্জেন্টাইন গোলরক্ষক ১৯৯৩ সালে দেশকে সর্বশেষ কোপা আমেরিকা জেতাতেও রেখেছিলেন অনন্য ভূমিকা।
আজ সার্জিও রোমেরোর বীরত্বগাথা খুব করেই মনে করিয়ে দিচ্ছে আরেক সার্জিও ওই গইকোচিয়াকে।