মনে পড়ে ক্রনিয়েকে
১০ বছর আগে, ২০০২ সালের ১ জুন একটি বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অন্যতম সফল অধিনায়ক হ্যানসি ক্রনিয়ে। মাত্র ৩২ বছর বয়সে চিরবিদায় নিতে হয়েছিল এই প্রোটিয়া ক্রিকেটারকে। তার দশম মৃত্যুবার্ষিকীতে মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে ক্রনিয়েকে স্মরণ করছে ক্রিকেট বিশ্ব।২০০০ সালে ম্যাচ পাতানোর দায়ে অভিযুক্ত হওয়ায় আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন হ্যানসি ক্রনিয়ে। আর তার দুই বছর পরে আকস্মিকভাবে এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। অনেকেই সন্দেহ করেন যে, এটা শুধু একটা দুর্ঘটনা না, পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছিল দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ককে। কারণ তিনি ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত অনেকেরই অনেক গোপন খবর জানতেন। ক্রনিয়ের মৃত্যু সংক্রান্ত এই দুর্ঘটনার তদন্তও শেষপর্যন্ত অসমাপ্তই থেকে গেছে। ক্রনিয়ের বাবা এউয়ি ক্রনিয়ে এখনও বিশ্বাস করতে পারেননা ছেলের এই অকাল মৃত্যুর ব্যাপারটি। সম্প্রতি একটি আফ্রিকান সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘মনে হয়, যে কোন সময়ই সে আবার ফিরে আসবে।’২০০০ সালে ম্যাচ পাতানোর দায়ে অভিযুক্ত হওয়ার পর ক্রনিয়ে সরাসরিই স্বীকার করেছিলেন এই অভিযোগ। তিনি বলেছিলেন, ‘শয়তান আমাকে দিয়ে এটা করিয়ে নিয়েছে।’ তবে এতদিন পর সবাই ক্রনিয়ের অসাধারণ নেতৃত্বের কথাই স্মরণ করেছেন শ্রদ্ধাভরে। দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক ডেভিড রিচার্ডসন বলেছেন, ‘তিনি ছিলেন একজন অসাধারণ সতীর্থ ও অধিনায়ক। তিনি সবসময়ই খুব ইতিবাচক ভঙ্গিতে নেতৃত্ব দিতেন। আর সবাইকে খুব সমর্থনও দিতেন।’ ক্রনিয়ের সতীর্থ প্যাট সিমকক্সের মতে, ক্রনিয়ের পর দক্ষিণ আফ্রিকান ক্রিকেট অনেক দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। আরেক সাবেক পেসার ফ্যানি ডি ভিলিয়ার্স বলেছেন, ‘ক্রনিয়ে সবাইকে খুব চমত্কারভাবে প্রভাবিত করতে পারতেন। এই রকম নেতৃত্ব-ক্ষমতা সম্পন্ন একজনকে সবার ক্ষমাই করে দেওয়া উচিত্।’ মাখায়া এনটিনি বলেছেন, ‘আমি শুধু ক্রনিয়েকে নিয়ে আমার ভালো স্মৃতিগুলোর কথাই মনে রাখতে চাই।’অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকাকে ৫৩টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন ক্রনিয়ে। এর মধ্যে ২৭টি ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছিল প্রোটিয়ারা। হেরেছিল মাত্র ১১ ম্যাচে। পিটিআই