মনে পড়ে তাঁকে
অনেক স্মৃতি জড়ানো এ ছবির সঙ্গে। শচীন টেন্ডুলকারের, ঢাকার দর্শকদের এবং এশিয়া কাপেরও।
দুই বছর আগে মার্চে এশিয়া কাপ খেলতে এসেছিলেন ৯৯টি আন্তর্জাতিক সেঞ্চুরি নিয়ে। ‘সোনার হরিণ’ শততম সেঞ্চুরি নিয়ে অনেক দিনই আলোড়ন ক্রিকেট-বিশ্বে। ইতিহাস গড়ার জন্য যে বাংলাদেশকেই বেছে নেবেন, তখন কে জানত! মিরপুরের দর্শকদের সেই ইতিহাসের প্রত্যক্ষদর্শী হওয়ার গৌরব ষোলোকলায় পূর্ণতা পেল বাংলাদেশ ম্যাচ জেতায়। পাকিস্তানের সঙ্গে পরের ম্যাচে করলেন ৫২ রান, জিতল টেন্ডুলকারের ভারতও। তখন টেন্ডুলকার কীভাবে জানবেন, এটিই হয়ে থাকবে ক্যারিয়ারের শেষ ওয়ানডে। অজান্তেই মহানায়কের শেষ ওয়ানডের সাক্ষী হয়ে গেলেন ২০১২ সালের ১৮ মার্চ মিরপুরের দর্শকেরা।
দুয়ারে আরেকটি এশিয়া কাপ। এবারও সেই বাংলাদেশেই। টেলিভিশনের পর্দায় চোখ রেখে শচীন টেন্ডুলকারের কি মনে পড়বে না ইতিহাসগড়া সেই সেঞ্চুরির কথা? সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের সমাপ্তির সেই ক্ষণটিও।