মনে পড়ে বছর শেষে
ক্রিকেট থেকে ফুটবল, কাবাডি থেকে হকি—বছরজুড়ে ভালো-মন্দ মিলিয়েই পেরিয়ে গেছে ২০১৬। এসএ গেমসের সোনাজয়ী মাবিয়ার কান্নার মতো আবেগময় গল্পই শুধু নয়, নেতিবাচক খবরেও ঠাসা ছিল ক্রীড়াঙ্গন। ভালো-খারাপ মিলিয়ে এমন আলোচিত বছর খুব কম দেখেছে বাংলাদেশ
মাশরাফিকে ছুঁতে...
অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে তাসকিনের ২৯তম ওভারের দ্বিতীয় বলের পর হঠাৎই ক্রিকেট বোর্ডের নিরাপত্তার ঘেরাটোপ ভেঙে ঢুকে পড়েন গোলাপি শার্ট পরা এক তরুণ। লক্ষ্য, মাশরাফি বিন মুর্তজাকে ছুঁয়ে দেখা। ঊর্ধ্বশ্বাসে দৌড়ে আসা তরুণকে দেখে মিড অনে দাঁড়িয়ে থাকা মাশরাফি শুরুতে খানিকটা ঘাবড়ে গেলেও পরে জড়িয়ে ধরেন ওই দর্শককে।
মাবিয়ার কান্না
‘কনগ্র্যাচুলেশনস বাংলাদেশ! নাও লেডিস অ্যান্ড জেন্টলম্যান...দ্য ন্যাশনাল অ্যানথেম অব বাংলাদেশ’—টেলিভিশনে ধারাভাষ্যকার ঘোষণাটা দিতেই বাজতে লাগল, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...।
জাতীয় সংগীতের সুরে ভারতের মাটিতে সেদিন অঝোরে কেঁদেছিলেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। গত ফেব্রুয়ারিতে এসএ গেমসের এই আসরে বাংলাদেশের প্রথম সোনা জিতে সবার ভালোবাসাসিক্ত মাবিয়া। তাঁর সেই কান্নার দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল মুহূর্তেই। অনেকেই ইউটিউবে ছড়িয়ে পড়া ভিডিওটির নিচে লিখেছিলেন, ‘আমরা এভাবে বারবার কাঁদতে চাই। অভিনন্দন তোমাকে।’
কাবাডি ফেডারেশনে তালা
স্টেডিয়ামে জাতীয় কাবাডি প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল ১২ ডিসেম্বর। কিন্তু মাঠে এসে খেলোয়াড়দের চক্ষু চড়কগাছ! কোর্টে বসে আছে পুলিশ। ফেডারেশনের কার্যালয়ে ঝুলছে তালা!
নিরাপত্তার স্বার্থে নাকি স্থগিত করে দেওয়া হয়েছে প্রতিযোগিতা, ফেডারেশনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছিল সবাইকে। অথচ ফেডারেশনের সভাপতি খোদ পুলিশের মহাপরিদর্শক! তবে আসল ঘটনা মোটেও তা ছিল না। ফেডারেশন কর্মকর্তাদের অনিয়ম আর দুর্নীতিতে বিরক্ত হয়েই পুলিশ এসে তালা ঝুলিয়ে দেয়। অবশ্য কদিন পরই ওই কমিটি ভেঙে দিয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করে সরকার। ফেডারেশনের দরজায় ঝোলানো তালাও তখন খুলে গেছে।
বাফুফের নির্বাচন ও কামরুল আশরাফ
এপ্রিলে বাফুফে নির্বাচনের আগে হঠাৎ একটি নাম কৌতূহল জাগাল গোটা ক্রীড়াঙ্গনে। কামরুল আশরাফ খান (পোটন)। ফুটবলে আগে কখনো তাঁকে দেখা যায়নি। কিন্তু বাফুফের সভাপতি পদে কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে গেলেন নরসিংদী থেকে নির্বাচিত স্বতন্ত্র এই সাংসদ। এই নির্বাচনে ছিল টাকার ছড়াছড়ি। বাফুফের নির্বাচনে এমন কাদা-ছোড়াছুড়ি কখনো হয়নি। কখনো কখনো তা মাত্রা ছাড়িয়েছে শালীনতার মাত্রাও। নির্বাচনে কামরুল আশরাফ পান ৫০ ভোট, সালাউদ্দিন ৮৩।
ভুটান...ভুটান
বিদায়ী বছরে ফুটবলে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে একটি নাম, আসলে একটি দেশের নাম—ভুটান। প্রথমবারের মতো বাংলাদেশকে আন্তর্জাতিক ম্যাচে হারিয়ে দিয়ে ছোট্ট দেশটি, যা বাংলাদেশের ফুটবলে রেখে গেছে চির-অনপনেয় এক কালো দাগ। ভুটানের কাছে হেরে এশিয়ান কাপের বাছাইয়ে যেতে না পারা বাংলাদেশ পড়ে গেছে খাদে। ভুটান অবশ্য এক দিক থেকে উপকারই করেছে। তারা আত্মোপলব্ধির নতুন দুয়ার খুলে দিয়েছে বাংলাদেশের ফুটবলের।
মেরিনার্সের তাণ্ডব
এ বছর হকি মাঠে এমনিতেই উত্তেজনা ছড়িয়েছেন খেলোয়াড়েরা। কখনো প্রতিপক্ষ খেলোয়াড়দের শারীরিকভাবে লাঞ্ছিত করে, কখনো বিদেশি আম্পায়ারদের সঙ্গে বিতর্কে জড়িয়ে। কিন্তু প্রিমিয়ার হকি লিগের শেষ ম্যাচে মেরিনার্স কর্মকর্তারা যা করেছেন, সেটি চূড়ান্ত লজ্জার। একজন সংগঠককে শারীরিকভাবে লাঞ্ছিত করেই তাঁরা ক্ষান্ত হননি, ভিআইপি বক্স লন্ডভন্ড করে, চেয়ার-টেবিল ভাঙচুর করে দেখিয়েছেন তাঁদের পেশিশক্তির জোরও।
প্রেসবক্সে সংবাদ সম্মেলন
বিপিএলে খুলনা টাইটানসের সঙ্গে আরাফাত সানি ২ ওভার ৪ বল করে কোনো রান না দিয়ে উইকেট পেয়েছিলেন তিনটি। ম্যাচের পর আরেক ঘটনা। মিরপুরে রংপুর-খুলনা ম্যাচ শেষে বিসিবির নিরাপত্তাকর্মীদের বাড়াবাড়িতে সংবাদ সম্মেলন ‘বয়কট’ করেন সংবাদকর্মীরা। পরে সানির সংবাদ সম্মেলনটা হয় প্রেসবক্সে! শুধু মিরপুর কেন, বাংলাদেশের ক্রিকেটের প্রেসবক্সে কোনো খেলোয়াড়ের সংবাদ সম্মেলন হওয়ার উদাহরণ জানা নেই।
মামুনুলের অবসর-নাটক
সাফে ব্যর্থতার পর জাতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন মামুনুল ইসলাম। তবে বাফুফের অনুরোধে বঙ্গবন্ধু গোল্ডকাপে জাতীয় দলের অধিনায়ক ছিলেন এই মিডফিল্ডারই। ওই টুর্নামেন্ট শেষে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় দলে নিষিদ্ধ হন ছয় মাসের জন্য। সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে ছয় মাসের আগেই। টম সেন্টফিট কোচ হয়ে আসার পর ভুটানের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের প্লে-অফ ম্যাচে জাতীয় দল থেকে বাদ পড়েন। এটি মানতে না পেরে অবসরের ঘোষণা দেন, কিন্তু স্বেচ্ছায় দলে ফেরেন পরের ম্যাচেই।
বিমান ভাড়া করে ঢাকায়
ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার বছর চারেক আগে চার্টার্ড বিমানে ঢাকায় এসেছিলেন। কিন্তু এই প্রথম একজন খেলোয়াড় বিমান ভাড়া করে ঢাকায় খেলতে আসেন। যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ক্যাথেরিন পারডিউ লাফ্রান্স চার্টার্ড বিমানে করে টেনিস খেলতে ঢাকা আসেন গত ৬ নভেম্বর। আইটিএফ অনূর্ধ্ব-১৪ জুনিয়রে খেলতে আসা মার্কিন কিশোরী অবশ্য এককের শিরোপা জিততে পারেননি। শিরোপা জিতেছেন দ্বৈতে।
সেলফি-উদ্যাপন
বিপিএলে শেষ চারের লড়াইয়ের এলিমিনেটরে চিটাগং ভাইকিংসের বিপক্ষে রাজশাহী কিংসের উদ্যাপনটা হয়েছিল নজরকাড়া। ক্যারিবীয় পেসার কেসরিক উইলিয়ামস চিটাগংয়ের একেকটা উইকেট নেন আর তাঁকে ঘিরে ছবি তোলার ভঙ্গিমায় অদ্ভুত সুন্দর সব উদ্যাপন করেন রাজশাহীর খেলোয়াড়েরা। অভিনব এই উদ্যাপনের নেতৃত্বে ছিলেন ড্যারেন স্যামি।