মনে হয় না আয়ারল্যান্ড ম্যাচ কঠিন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজী আশরাফ হোসেন
গাজী আশরাফ হোসেন

কাল সকালের পত্রিকা খুলেই খুব উদ্বিগ্ন হলাম। তাসকিন আহমেদ আর আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে নাকি সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা! ব্যাপারটা আমাকে বেশ অবাকই করেছে। বিশেষ করে তাসকিনের বোলিং অ্যাকশন কীভাবে সন্দেহজনক হয়? হ্যাঁ, আরাফাত সানির অ্যাকশনে কিছুটা সন্দেহ থাকলেও থাকতে পারে। কিন্তু তাই বলে তাসকিন!
দুই বছর ধরেই তাসকিন অনেক ম্যাচ খেলেছে। এর মধ্যে খেলেছে ওয়ানডে বিশ্বকাপ, এশিয়া কাপের মতো বড় প্রতিযোগিতাও। তাঁর বোলিংয়ে যদি সমস্যাই থাকত, তাহলে এত দিনে তা আম্পায়ার বা আইসিসির চোখে কেন পড়ল না? আরাফাত সানিও তো বেশ অনেক দিন ধরেই দলে। ওর অ্যাকশনে যদি সমস্যা থেকেই থাকে, তাহলে কেন এত দিনে সেটা চিহ্নিত হলো না? সন্দেহপ্রবণ মনে এখন প্রশ্ন, তবে কি বাংলাদেশ এই মুহূর্তে ক্রিকেট দুনিয়ায় মাঠের প্রতিপক্ষের বাইরে কোনো অদৃশ্য প্রতিপক্ষের বিপক্ষেও খেলছে!
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বোলারদের অ্যাকশনকে ‘সন্দেহজনক’ ঘোষণা করাটা নতুন কিছু নয়। আবদুর রাজ্জাক থেকে শুরু করে নিকট অতীতে সোহাগ গাজী, আল আমিন হোসেনের অ্যাকশনকে সন্দেহজনক বলা হয়েছে। অ্যাকশন শুধরেই তাদের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হয়েছে। এই তো কিছুদিন আগেই অনূর্ধ্ব-১৯ দলের স্পিনার সনজিৎ সাহার অ্যাকশনকে ‘অবৈধ’ ঘোষণা করায় ছেলেটি যুব বিশ্বকাপে খেলতে পারল না। আমার কথা হচ্ছে, আন্তর্জাতিক পর্যায়েই যদি এতজন খেলোয়াড়ের বোলিং অ্যাকশন সন্দেহের তালিকায় পড়ে, তাহলে আমাদের ঘরোয়া ক্রিকেটের অবস্থা নিশ্চয়ই ভয়াবহ।
ব্যাপারটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাজ করেছে কতটুকু? ঘরোয়া ক্রিকেটে সন্দেহজনক বোলিং অ্যাকশনের খেলোয়াড় খুঁজে বের করার আদৌ কোনো প্রক্রিয়া তাদের আছে কি না, তা নিয়ে আমার সন্দেহ আছে। আমার মনে হয়, এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার সময় এসে গেছে।
আমার বিশ্বাস, তাসকিন ও আরাফাত সানি পরীক্ষায় উতরে যাবেন। ওঁদের জন্য রইল আমার শুভকামনা।
আজ আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। এই ম্যাচটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অতীতে এই দলটার কাছে আমাদের হেরে যাওয়ার ইতিহাস আছে। তবে সত্যি বলতে কি, গত পরশু ওমানের বিপক্ষে ম্যাচটি দেখে আমার আয়ারল্যান্ডকে কিছুটা ধারহীন মনে হয়েছে। দলটিতে বেশ কিছু ভালো খেলোয়াড় আছেন বটে, কিন্তু তাঁরা নিজেদের সেরা সময়টা পেরিয়ে এসেছেন বলেই আমার মনে হয়। আয়ারল্যান্ড দলে নতুন কোনো প্রতিভা দেখলাম না। বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো। আমাদের এই দলটা দাঁড়িয়েই আছে নতুন প্রতিভাবান খেলোয়াড়দের ওপর। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তাই বাংলাদেশের জন্য খুব কঠিন কিছু হবে না বলেই আমার বিশ্বাস।
আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচের একাদশই খেলানো উচিত। একাদশ পরিবর্তন করলে আমাদের চার পেসারেই ফেরত যাওয়া উচিত। সে ক্ষেত্রে আরাফাত সানির জায়গায় আবু হায়দার। নাসিরকে অবশ্যই দলে রাখা উচিত। রাতে খেলা হওয়ায় একটু সমস্যা হতে পারে। বিশেষ করে পরে বোলিং করলে বোলারদের সমস্যা হতে পারে।
প্রথম ম্যাচে সাব্বিরকে একটু বিচলিত মনে হয়েছে। আশা করি সে এই ম্যাচে নিজেকে গুছিয়ে ফেলবে। মুশফিক আর সাকিবের কথা আর কী বলব? ওদের দুজনের ফর্মে ফেরাটা খুব জরুরি। বিশেষ করে দল যেহেতু ভালো করছে, তাই এই সুযোগটা তাদের দ্রুতই নেওয়া উচিত।