মনের আলোয় দাবা খেলা

‘চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে।
অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে।’
জামিলা আক্তার সময় পেলেই গুনগুনিয়ে রবীন্দ্রসংগীত গান। রবীন্দ্রসংগীত ভীষণ পছন্দ সমাজকল্যাণে স্নাতকোত্তর করা দাবাড়ুর। খেলছেন গ্রামীণফোন জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী দাবায়। দৃষ্টিপ্রতিবন্ধী আরেক দাবাড়ু আজগর আলী তাঁকে গানটা শিখিয়েছেন। শুধু গান নয়, দাবা খেলাটাও শিখিয়েছেন আজগর আলী। এ দুই দাবাড়ু স্বামী-স্ত্রী।
জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী দাবায় পাঁচবারের চ্যাম্পিয়ন আজগরের সঙ্গে জামিলার পরিচয়টা নাটকীয়ভাবে। ইডেন কলেজে লেখাপড়া করার সময় ধানমন্ডিতে ইংরেজি স্পোকেন কোর্সে ভর্তি হন জামিলা। সেখানে ইংরেজি ভাষা শিখতে যেতেন আজগরও। টাঙ্গাইলের মেয়ে জামিলার সঙ্গে সখ্য গড়তে দাবাটা সেতুবন্ধনের কাজ করেছে সিলেটের যুবকের কাছে। ভাষা শেখার অবসরে দুজন একসঙ্গে গল্প করতেন। একদিন আজগর দাবা খেলার প্রস্তাব দিলে সেটা কৌশলে এড়িয়ে যান জামিলা। পরে আজগর জানতে পারেন, জামিলা দাবা খেলতে পারেন না। দাবার বোর্ড জোগাড় করে জামিলাকে খেলাটা শিখিয়ে দেন তিনি। এভাবে আস্তে আস্তে ঘনিষ্ঠ হয়ে পড়েন দুজন। পরিচয় থেকে দ্রুতই পরিণয়। পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয় ২০০৪ সালের ২৮ আগস্ট। দৃষ্টিপ্রতিবন্ধী এই দাবাড়ু দম্পতির পাঁচ বছর বয়সী মেয়ে ফারিয়া জাহান সাফা অবশ্য বাবা-মায়ের মতো দৃষ্টিপ্রতিবন্ধী নয়। নয় দাবাতেও আগ্রহী।
দৃষ্টিপ্রতিবন্ধীদের দাবায় মেয়েদের বিভাগে গতবারের রানারআপ জামিলাকে নিয়ে খুব আশাবাদী আজগর, ‘ও খুব সম্ভাবনাময় দাবাড়ু। কিন্তু খেলার সুযোগ মেলে না সব সময়। আমি চাকরি নিয়ে ব্যস্ত থাকি। ও ঘর সংসার সামলায়। কিন্তু সাধারণ দাবাড়ুদের সঙ্গে খেলার সুযোগ কম পায় জামিলা। নিয়মিত খেললে ও খুব ভালো করবে।’ দাবাই ভালো লাগে ওঁদের কাছে, অন্য কোনো খেলা নয়। আজগর বলেন, ‘আমরা যারা দৃষ্টিপ্রতিবন্ধী দাবাড়ু, আমাদের বিনোদনের ক্ষেত্র সীমিত। আনন্দের জন্যই আমরা দাবা খেলি।’ দাবা খেলা নিয়ে মান-অভিমানও করেন এই দম্পতি। অভিমানটা ভাঙানোর দায়িত্ব পড়ে জামিলারই, ‘আমি প্রথমে যখন খেলা শিখি ওর কাছে, তখন ভালো খেলতে পারতাম না। দুই-একটা চাল ভুল হলেই খুব রাগারাগি করত। কথা বন্ধ করত। খেলা শেষে আমিই আগ বাড়িয়ে কথা বলি।’ আজগর আলী দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে সেরা দাবাড়ু। কিন্তু এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক দৃষ্টিপ্রতিবন্ধী দাবায় খেলার সুযোগ পাননি। এ নিয়ে জামিলার মনে বেশ আক্ষেপ, ‘আমিও চাই আমার স্বামী বিদেশে খেলতে যাক। কিন্তু আর্থিক সংকটে কোথাও খেলতে যেতে পারে না। আমি নিশ্চিত, বাইরে খেলতে গেলে ও খুবই ভালো ফল করবে।’ স্পেশাল অলিম্পিকসের এশিয়া প্যাসিফিক গেমসে সোনাজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। কিন্তু এই দৃষ্টিপ্রতিবন্ধীদের খোঁজও নেয় না কেউ। এ নিয়ে আক্ষেপ করেন, জাতীয় ক্রীড়া পরিষদ আর ফেডারেশনের দিকে অসহায়ের মতো চেয়ে থাকেন তাঁরা। দৃষ্টিশক্তি নেই, মনের শক্তিতেই তাঁরা জয় করতে চান পৃথিবী।