মনের আয়নায় ক্রিকেট দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মের পর থেকেই চোখে ঝাপসা দেখতেন। বড় হয়ে ওঠার পথে দৃষ্টিশক্তি আবছা হতে থাকল আরও। বয়স তিন হতে না-হতেই পুরোপুরি দৃষ্টিহীন। সানিয়া জাইদি চোখে দেখতে পান না। আসলেই কি? এই তো সেই সানিয়াই পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় এসে কাভার করছেন বিশ্বকাপ ক্রিকেট। প্রেমাদাসা থেকে পাল্লেকেলের প্রেসবক্সে তাঁর সগর্ব পদচারণ, সংবাদ সম্মেলন মুখরিত তাঁর কণ্ঠে!দৃষ্টিশক্তি নেই তো কী, মুলতানের মেয়ে সানিয়া ক্রিকেট দেখেন মনের চোখ দিয়ে। সানিয়ার বাবা ক্রিকেট-পাগল, পরিবারে সব সময় ছিল ক্রিকেটের আবহ। ছোটবেলাতেই তাই ক্রিকেটের প্রেমে পড়ে যান সানিয়াও। দিনে দিনে সেই প্রেম বাড়তে থাকে। মেয়ের আগ্রহ দেখে কৃত্রিম একটা মাঠ কিনে আনেন বাবা, হাতে ধরে বুঝিয়ে দেন উইকেট, ফিল্ড পজিশন—ক্রিকেটের সবকিছু। ক্রিকেট তাঁর হূদয়ে ঢুকে যায়। খেলা তো আর সম্ভব নয়, মনে সুপ্ত বাসনা যদি ক্রিকেট রিপোর্টার হওয়া যায়!মফস্বল শহরের রক্ষণশীল সমাজবাস্তবতায় অনেক বাধা পায়ে দলে স্কুল-কলেজ শেষ করলেন। ছেলেবেলার ইচ্ছাপূরণে মুলতানের বাহাউদ্দিন জাকারিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একদিন অ্যাসাইনমেন্ট দেওয়া হলো ‘সাক্ষাৎকার’, পরিবারের কারও বা সহপাঠী যাঁরই হোক। সহপাঠীরা সবাই পরিচিতজনের সাক্ষাৎকার নিলেন, সানিয়া ছুটলেন লাহোরে। শ্রীলঙ্কা দল তখন খেলতে এসেছে, টিম হোটেলে গিয়ে ঠিকই রাজি করিয়ে ফেললেন শ্রীলঙ্কার ম্যানেজারকে। সানিয়া সাক্ষাৎকার নিলেন সনাৎ জয়াসুরিয়ার! বিস্মিত পুরো বিশ্ববিদ্যালয়! বিস্ময়ের তখনো অনেক বাকি। সাফল্যের সঙ্গে স্নাতকোত্তর করে ওই বিশ্ববিদ্যালয়েরই প্রভাষক হয়ে গেলেন ‘দৃষ্টিহীন’ সানিয়া!কিন্তু ক্রিকেট রিপোর্টার? সানিয়া তত দিন কঠিন বাস্তবতা বুঝে গেছেন। জেনে গেছেন ফুলটাইম রিপার্টার হওয়া তাঁর জন্য কঠিন। তবে সমাজব্যবস্থা, প্রকৃতির নিয়ম আর শারীরিক সমস্যা—সবকিছুকে জয় করেছেন যিনি, তাঁকে কি আর দমিয়ে রাখা যায়? বিশ্ববিদ্যালয়ে পড়ানোর পাশাপাশি বিভিন্ন ম্যাগাজিন, রেডিও, টিভির জন্য টুকটাক কাজ করতে থাকলেন। নানা সময়ে পাকিস্তান সফরে আসা ক্রিকেটারদের সাক্ষাৎকার নিলেন। এভাবেই একটি ম্যাগাজিন থেকে প্রস্তাব পেলেন ২০০৯ সালে শ্রীলঙ্কায় পাকিস্তানের সিরিজটি কাভার করার। না বলার প্রশ্নই উঠে না! স্বপ্ন পূরণ হলো সানিয়ার, আরও একবার প্রমাণ করলেন মানুষের অসাধ্য কিছু নেই। পাকিস্তান-শ্রীলঙ্কার ক্রিকেটাররা তাঁকে এক নামে চেনে। তাঁর গল্প বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে পড়ায় চিনতে শুরু করেছে ক্রিকেট-বিশ্বই।অনেকের আগ্রহ সানিয়া কীভাবে কাজ করেন। তাঁর কাজকে সহজ করেছে প্রযুক্তি। ‘joss’ নামের একটি সফটওয়্যার আছে, যাতে ইন্টারনেট পেজের সব তথ্য শোনা যায়। আর খেলার সময় রেডিওর কমেন্ট্রি শোনেন। আর পাশে থেকে প্রতিটি বলের ঘটনা বুঝিয়ে দেন ছোট ভাই বিল্লাল।সানিয়ার জীবনটা অনেকটা সহজ হয়েছে বছর খানেক ধরে। তাঁর বিশ্ববিদ্যালয়েরই লাইব্রেরিয়ান খাজা মোহাম্মদ খান। শুধু দূর থেকে দেখতেন তাঁকে। একদিন সোজা সানিয়ার বাড়িতে গিয়ে দিয়ে বসলেন বিয়ের প্রস্তাব। সানিয়ার মন প্রথমে সায় দেয়নি, ভেবেছিলেন ‘দয়া’। কথা বলে বুঝতে পারলেন এটা আসলে সানিয়ার সাহস, মানসিক শক্তি আর ব্যক্তিত্বের প্রতি মুগ্ধতা। আর না করেননি। খাজা ক্রিকেট তেমন বোঝেন না। তাঁর ইচ্ছা ‘দৃষ্টিহীন’ হলেও স্ত্রীকে পুরো বিশ্ব দেখানো। মালয়েশিয়া গিয়েছিলেন, আগামী ১২ মার্চ প্রথম বিবাহবার্ষিকী উদ্যাপন করবেন থাইল্যান্ডে। এর পর ইচ্ছা আছে তুরস্ক যাওয়ার। আর সানিয়ার ইচ্ছে স্বামীকে ক্রিকেটে আকৃষ্ট করা। এই ইচ্ছেও নিশ্চয়ই পূরণ করে ছাড়বেন সানিয়া!