মনের জানালা

মেহতাব খানম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.
সমস্যা
আমি কলেজে পড়ি। মধ্যবিত্ত পরিবারের ছেলে হওয়ায় লেখাপড়াকেই আমার প্রধান কাজ বলে মনে করি। ভেবেছিলাম, কোনো দিন কোনো মেয়েকে ভালোবাসব না। কারণ, মেয়েদের সময় দেওয়া মানে লেখাপড়ার ক্ষতি। কিন্তু সপ্তম শ্রেণীতে পড়ুয়া একটি মেয়েকে কিছুদিন আগে ভালো লেগে যায়। আমি তাকে ভীষণ ভালোবাসি। যদিও এখনো তাকে জানাইনি। ভয় হয়, যদি সে ‘না’ করে দেয়। কয়েকবার বলতে চেয়েও সাহস করতে পারিনি। সামনে আমার পরীক্ষা। লেখাপড়ায় কোনোভাবেই মন দিতে পারছি না। বন্ধুরা আমাদের বয়স, ক্লাস ইত্যাদির ব্যবধান নিয়ে অনেক ঠাট্টা করে।
নাম প্রকাশে অনিচ্ছুক
ঢাকা।
পরামর্শ
এই বয়সে কারও প্রতি এ ধরনের অনুভূতি হতেই পারে। এ জন্য নিজেকে অপরাধী ভাবার কোনো কারণ নেই। বয়সের ব্যবধান যা-ই হোক না কেন, তোমার ভালো লাগার অনুভূতিকে অবশ্যই শ্রদ্ধা করবে, সেই সঙ্গে মেয়েটির অনুভূতিকেও শতভাগ শ্রদ্ধার চোখে দেখতে হবে। তুমি আর দেরি না করে সব সংকোচ কাটিয়ে মেয়েটিকে মনের কথা জানিয়ে দাও। মনে রাখবে, মেয়েটিরও অধিকার আছে ‘হ্যাঁ’ কিংবা ‘না’ বলার। মেয়েটি সবে বয়ঃসন্ধিতে পা দিয়েছে। কাজেই ওর কিন্তু ভালো লাগা ও মন্দ লাগার অনুভূতিগুলো খুব তীব্র হতে পারে। এই সময় মনের পরিবর্তন খুব দ্রুত ঘটে যায় বলে তোমাকেও সেভাবে প্রস্তুতি নিতে হবে। তবে তুমি যে লিখেছ, ওকে ভীষণ ভালোবেসে ফেলেছ—কথাটি তখনই সত্যি হবে, যখন ওর সঙ্গে ভালোভাবে পরিচিত হওয়ার সুযোগ হবে। এ ছাড়া ওর ব্যক্তিত্বের নেতিবাচক দিকগুলোকেও মেনে নেওয়ার ক্ষমতা তোমার থাকতে হবে। এখনকার অনুভূতিটি কেবল ভালো লাগার, তুমিই তাকে অনেক রঙে রাঙিয়ে তুলেছ বলে এটিকে ভালোবাসা মনে হচ্ছে। কাউকে পছন্দ করে ফেলা খুব সহজ। কারণ, এটি স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয়। কিন্তু সম্পর্ককে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুজনকেই অনেক বেশি আন্তরিক হতে হয়।
সমস্যা
আমার ছোট ছেলের বয়স ১৩ বছর। বয়স অনুসারে তার ওজন ছয়-সাত কেজি কম। সে ইংরেজি মাধ্যম স্কুলের ষষ্ঠ শ্রেণীতে পড়ে। ছোটবেলায় পড়ালেখায় বেশ মনোযোগী ছিল। ভালো ফলই করত। কিন্তু দু-তিন বছর হলো তার পরীক্ষার ফল ভালো হয় না। তাকে অনেক বোঝাই এবং অনেক চেষ্টা করি। খুব অল্প সময়ে তার পড়া মুখস্থ হয়ে যায়। যেকোনো পড়া সে খুব তাড়াতাড়ি বোঝে; আবার ভুলেও যায়। কিন্তু কম্পিউটার ও মোবাইলের যেকোনো অপশন সহজে ভোলে না। শিক্ষকেরা বলেন, সে ক্লাসের পড়া ক্লাসে খুব ভালো বোঝে। তাহলে সমস্যাটা কোথায়? তাকে কখনো পড়ার জন্য চাপ দিই না। সে আগে অনেক কথা বলত এবং অনেক চতুরও ছিল। এখন কম কথা বলে। এটা কি মানসিক সমস্যার মধ্যে পড়ে, নাকি শারীরিক? ছোটবেলা থেকে ওর ঘুম একটু কম এবং খাওয়াদাওয়াও কম।
শাহিন, ঢাকা।
পরামর্শ
চিঠিটি পড়ে আমি খানিকটা চিন্তিত হয়ে পড়েছি। ১৩ বছরের একটি শিশুর জীবন থেকে আমরা কি শৈশব কেড়ে নিচ্ছি? আমরা অভিভাবকেরা ওদের ভবিষ্যতের কথা ভেবে শুধু খাওয়াদাওয়া ও পড়ালেখার ওপরই গুরুত্ব দিচ্ছি। অথচ ওদের সামাজিক বিকাশ, মানবিক মূল্যবোধ, নৈতিকতা, রাগ, দুঃখ-হতাশা মোকাবিলার ক্ষমতা ইত্যাদির ওপর মনোযোগ দিচ্ছি না। এতটুকু শিশুকে স্কুলের চাপ, গৃহশিক্ষকের পড়ার ওপর রেখে দিলে সে কি খেলাধুলা করার জন্য সময় পাচ্ছে? সে কারণেই হয়তো ওর চঞ্চলতা হারিয়ে গেছে। দিনের মধ্যে কিছুটা সময় ছেলেটি যদি যথেষ্ট দৌড়াদৌড়ি করে খেলার সুযোগ না পায়, তাহলে তার যথেষ্ট খিদে বা ঘুম হবে না। এতে শরীর যেমন ক্ষতিগ্রস্ত হবে, মানসিক ক্ষমতাগুলোরও বিকাশ হবে না। এই বয়সে মোবাইল ও কম্পিউটারের ব্যবহার শিশুদের জন্য উপকারী না হয়ে বরং ক্ষতিকর হবে। এই যন্ত্রগুলোর ওপর নির্ভরশীলতা একসময় নেশায় পরিণত হচ্ছে। কাজেই ওরা যেন যন্ত্রকে বন্ধু না বানিয়ে একই বয়সের মানুষের সঙ্গে বন্ধুত্ব করার সুযোগ পায়—অভিভাবকদের সেই চেষ্টা করতে হবে। আমার মনে হচ্ছে না, তার কোনো মানসিক সমস্যা আছে। শিশুটিকে নিয়ে মায়ের অতিরিক্ত দুশ্চিন্তার কারণে তার জন্য জীবনটা আনন্দময় হতে পারছে না। তাকে কীভাবে একটি সুস্থ, স্বাভাবিক, হাসিখুশি জীবন দেওয়া যায়, সে জন্য কোনো মানসিক স্বাস্থ্য কাউন্সেলরের কাছ থেকে পরামর্শ নিলে খুব ভালো হয়। ছেলেটি যে খুব মেধাবী ও বুদ্ধিমান, তাতে সন্দেহ নেই।