মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহতাব খানম
মেহতাব খানম

সমস্যা

একটা ছেলের সঙ্গে চার বছরের সম্পর্ক আমার। ইদানীং দেখছি, ও আমাকে খুব সন্দেহ করছে। আমি ওর কথা শুনি না—এটাই নাকি এর একটা কারণ। ও সব সময় আমাকে শর্ত দেয়—টিভি দেখা যাবে না, ছেলেবন্ধু ও মেয়েবন্ধুদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাবে না ইত্যাদি। আমি এখন সম্মান প্রথম বর্ষে পড়ছি। একাদশ শ্রেণীতে পড়ার সময় মা-বাবা একবার আমাকে জোর করে বিয়ে দেন। আমি কখনো স্বামীর বাড়ি যাইনি। বিয়েতে রাজি ছিলাম না বলে বিয়ের দুই মাসের মাথায় আমার বিয়েবিচ্ছেদ হয়ে যায়। কিন্তু আমার বন্ধুটি এখন আমার অতীত নিয়ে কথা শোনায়। আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ইদানীং সে আমাকে ফোনে হুমকিও দিচ্ছে যে তার সঙ্গে আমার বিয়ে হলে নাকি সে আমার ওপর প্রতিশোধ নেবে। এসবের কারণে আমি খুব টেনশনে থাকি। এত কিছু জানার পরও কি তার সঙ্গে আমার সম্পর্ক রাখা উচিত হবে?
পিয়ানো

পরামর্শ

একাদশ শ্রেণীতে পড়ার সময় একটি মেয়ের বিয়ের বয়স হয় না। সেই সময়ে তোমার মতামতকে তোয়াক্কা না করে তোমাকে বিয়ে দিয়ে মা-বাবা তোমার প্রতি অনেক বড় অন্যায় করেছেন এবং আইনের দৃষ্টিতেও এটি একটি অপরাধ। বর্তমানে তোমার সঙ্গে যার চার বছরের সম্পর্ক, সেও তোমার প্রতি কোনো রকম সম্মান দেখাচ্ছে না। নিজের অধিকারগুলো যদি তুমি প্রতিষ্ঠা করতে না পারো, তাহলে নিজের অস্তিত্বকে অস্বীকার করা হবে এবং সেটি নিজের প্রতি অসম্মান দেখানোর শামিল। আমি জানি না, তুমি ছেলেটিকে বিশ্বাস করো কি না। তবে ছেলেটির কিন্তু তোমার প্রতি কোনো বিশ্বাস নেই। সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। তোমাকে আগের বিয়ে নিয়ে কষ্ট দেওয়ার এবং অকথ্য ভাষায় গালিগালাজ করার কোনো অধিকারও তার নেই।

বিয়ের পর প্রতিশোধ নেওয়ার কথা বললে তুমি নিজের ওপরে আস্থা রেখে ওকে দৃঢ়তার সঙ্গে বলো, তুমি এখন বিয়ের কথা একেবারেই ভাবছ না। কারণ, তার আচরণগুলো তোমার কাছে মোটেও গ্রহণযোগ্য নয়। নিজেই খুব ভালোভাবে ভেবে দেখবে যে তুমি এই সম্পর্ক শেষ করে দিলে বেশি কষ্টে থাকবে, নাকি এখন বেশি কষ্টে রয়েছ তার ওজনগুলো বুঝতে। যেদিকে কষ্টের পাল্লাটি ভারী মনে হবে, সেই বিকল্পটি বাদ দিতে হবে।

এ ছাড়া তোমার একবার বিয়ে হয়েছে বলে কখনো হীনম্মন্যতায় ভুগবে না। নিজের যে গুণাবলি রয়েছে, সেগুলোকে আরও ধারালো করো এবং যেসব জায়গায় তোমার ভেতরে আরও উন্নয়নের দরকার, সেগুলোকে চিহ্নিত করে উদ্যোগ নিতে থাকো। আশা করি, আবেগগুলোকে এই মুহূর্তে প্রাধান্য না দিয়ে যুক্তির মনটিকে বেশি গুরুত্ব দিয়ে তুমি পড়াশোনায় মনোযোগী হবে।

সমস্যা

মায়ের বয়স ৪০ বছর। মা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে খুব পছন্দ করেন। কিন্তু মায়ের সমস্যা হলো তিনি কোনো জিনিস যতই পরিষ্কার করুন না কেন, তাঁর মনে হয়, জিনিসগুলো পরিষ্কার হয়নি। মা প্রতিদিন প্রচুর ধোয়ামোছার কাজ করেন। তাঁর সবচেয়ে বড় সমস্যা হলো কেঁচো দেখলে তিনি অসম্ভব অস্থির হয়ে ওঠেন। তিনি খাওয়া, এমনকি ঘুমও ছেড়ে দেন। পুরো তিন-চার দিন এমন চলতে থাকে। মাকে আমরা অনেক বোঝাই, কিন্তু কোনো কাজ হয় না। দিন দিন এসব সমস্যা প্রকট আকার ধারণ করছে। মায়ের আগে এমন সমস্যা হতো না। তাঁকে নিয়ে আমরা খুব চিন্তায় আছি। মায়ের এ ধরনের সমস্যা সমাধানের কোনো চিকিৎসাপদ্ধতি আছে কি? থাকলে কোথায় যোগাযোগ করব?

এম হাসান

চট্টগ্রাম, কিশোরগঞ্জ

পরামর্শ

তোমার মায়ের যে অসুখ, তাকে বলা হয় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। ঠিক কত বছর ধরে তিনি এই অসুস্থতায় ভুগছেন, তা একটু বোঝার চেষ্টা করো। খুব বেশিদিন হলে নিরাময়ের জন্যও সময় বেশি লাগে, অর্থাৎ দীর্ঘ সময় ধরে চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয়। এটি একধরনের দুশ্চিন্তাজনিত মানসিক রোগ, যা হলে স্রোতের মতো একই চিন্তাধারা আসতে থাকে এবং তা একটি দুষ্টচক্রের মধ্যে আবর্তিত হতে থাকে। মনেও প্রচুর সন্দেহ কাজ করে বলে যাঁরা ধোয়ামোছার বাতিকে ভোগেন, তাঁরা মনে করতে থাকেন, কোনো একটি জিনিস পরিষ্কার হয়নি এবং তাই অনেকবার করে ধুতে থাকেন। কেঁচো দেখে অস্থির হওয়ার কারণ হিসেবে বলা যায়, এটি হয়তো তার মনে খুব ভয়ংকর নেতিবাচক চিন্তা তৈরি করছে, যা থেকে মনকে কিছুতেই মুক্ত করা সম্ভব হচ্ছে না। এসব ক্ষেত্রে বুঝিয়ে কোনো লাভ হবে না। কারণ, তিনি ইচ্ছে করে এ রকম করছেন না। বয়সের সঙ্গে সঙ্গে রোগটি আরও বেড়ে যায় এবং চিন্তাগুলো একেবারেই নিয়ন্ত্রণে থাকে না। দেরি না করে তোমার মাকে কোনো প্রশিক্ষিত ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে নিয়ে যাও। সাইকোথেরাপির পাশাপাশি তাঁকে কোনো মনোরোগ বিশেষজ্ঞের কাছে দেখিয়ে ওষুধ সেবনের ব্যবস্থাও করতে হবে। ঢাকায় যেসব জায়গায় কাউন্সেলিংয়ের ব্যবস্থা আছে, তার কিছু নাম ও ফোন নম্বর আগের সংখ্যাগুলোয় প্রকাশিত হয়েছে। এ ছাড়া মোহাম্মদপুরে ক্রিয়া (ফোন: ০১১৯০৮৭৭৭৭২) নামের সংস্থাতেও এই সেবা দেওয়া হয়। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে মনোরোগ বিশেষজ্ঞের সেবা পাওয়া যাবে। শুভ কামনা রইল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.