খেলা দেখার ‘টেম্পো’ অনেকটাই কমে গেছে যেন। যাঁরা ক্রিকেট-অন্তঃপ্রাণ এবং যাঁদের ওপর ক্রিকেটকে নিয়ে ভাবার দায়িত্ব অর্পিত, তাঁরা ছাড়া তেমন ‘জোশ-জোশ’ ব্যাপারটা সবার মধ্যে নেই। কেমন যেন টিমটিমে হয়ে গেছে। দুটি কারণকে এর জন্য ধরা যেতে পারে। বেশির ভাগ খেলা বিদেশের মাটিতে হচ্ছে। তাতে নিজেদের কাজকর্ম ফেলে প্রতিদিন টিভির সামনে একনাগাড়ে বসার উদ্দীপনা ব্যাহত হয়েছে। দ্বিতীয়ত, নিজ দেশের টিম দুবার হেরে গিয়ে ওপরে ওঠার সিঁড়ির অনেক নিচের ধাপে রয়ে গেছে। তা-ও আবার খেলা অনুষ্ঠিত হচ্ছে অনেক দিন পর পর। ধৈর্য ও মনোযোগ তাহলে আর থাকে কী করে! এই মুহূর্তে অবশ্য ইংল্যান্ড বনাম বাংলাদেশ খেলা নিয়ে সাজ সাজ ব্যাপারটা শুরু হতে চলেছে।অনেকের মতো আমারও ধারণা হচ্ছে যে এই খেলাটি খুবই উপভোগ্য হবে। একদিকে আমাদের দল ওয়েস্ট ইন্ডিজের কাছে এবং ইংল্যান্ড নিজ প্রতিবেশী আয়ারল্যান্ডের কাছে হেরে পর্যুদস্ত হয়ে মুখিয়ে আছে জয়ের জন্য, অন্যদিকে আমাদের দর্শকও জাতীয় দলকে উৎসাহ জোগাতে এবং নিজেদেরও আনন্দিত রাখতে দারুণ প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা হচ্ছে।বলতে গেলে তো এটি নিজেদের যোগ্যতায় ফিরে আসা এবং আগের খারাপভাবে হেরে যাওয়ার ব্যাপারটি যে হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনামাত্র, তা প্রমাণ করার গুরুত্ববাহী খেলা। পত্রিকায় খেলোয়াড়দের আনন্দিত চেহারার ছবি এবং টিভিতে অনুশীলন দেখে মনে হচ্ছে, ক্ষতটি মুছে ফেলার আপ্রাণ চেষ্টা করছেন তাঁরা। আমার মনে হচ্ছে, খেলাটি উপভোগ্যই হবে এবং আমাদের দল ভালো খেলবে। আসলে তো যা হওয়ার তা হয়েই গেছে। এমন ‘ব্যাড-প্যাচ’ রোজ রোজ আসে না। ওটা এখন অতীত। ওই ব্যর্থতার জন্য আর হাহাকার না করে বরং আবার জয়জয়কার হোক—এমন ভাবতে পারলেই ভালো। তা করতে গেলে ইংল্যান্ডের শক্তিমত্তার প্রাণভোমরাটি কোন কৌটায়, সেদিকে নজর দেওয়া উচিত এবং সেভাবেই অনুশীলন পর্বটি সমাধা করা প্রয়োজন। ইংল্যান্ডকে দেখে ভয়ে সিঁটিয়ে যাওয়ার কোনো কারণ নেই। আমরা যাদের হারিয়েছি, তাদের কাছে তারা হেরেছে। ব্যাপারটি ভাবলে তো মনের জোর অনেকটাই বেড়ে যাওয়ার কথা। তবে এ-ও ঠিক যে পরবর্তী খেলাগুলোতে বাংলাদেশ দলকে অনেক ঘাট পার হতে হবে। শুধু জয় দিয়েই সবটার সমাধান সম্ভব হবে না। তার মধ্যে সবচেয়ে বড় দিকটি হলো রানরেট কভার করা। সেসবও ভাবতে হবে। যদিও নকআউটের আটে ওঠা খুবই কঠিন বলে মনে হচ্ছে, তবু ক্রিকেট বলে কথা। ‘অঘটনঘটনপটিয়সী’ ক্রিকেটে তো কত কিছুই ঘটে। সেটি আমাদের বেলায় ঘটবে না, এমন তো না-ও হতে পারে। যেমন, সেদিন খারাপ দিকটি ঘটে গেল, এবার হয়তো উল্টোটাই ঘটে যাবে। মন বলছে, দলের সবাই নির্ভয়ে, নির্ভাবনায় খেলতে থাকলে তেমনটাই হবে।এদিকে অন্য বড় নামী দলগুলো যার যার অবস্থান ঠিক করে নিচ্ছে ক্রমাগত উন্নতি দিয়ে। গতকাল নিউজিল্যান্ড যেমনটি দেখাল। লো-স্কোর নিয়ে প্রায় গভীর কুয়ায় পড়ে যাওয়া অবস্থায় দলকে রশি ফেলে টেনে তুলে আনলেন রস টেলর আর ওরাম। মাত্র পাঁচ ওভারে অবিশ্বাস্য ১০০ রান যোগ করে পাকিস্তানের বিরুদ্ধে জিতিয়ে দিলেন দলকে। আবার দক্ষিণ আফ্রিকার প্রায় জিতে যাওয়া অবস্থাকে গুঁড়িয়ে দিয়ে ব্রডের অসাধারণ বোলিং জিতিয়ে দিল ইংল্যান্ডকে। ভারত তো একেবারে নির্ভার অবস্থানে রয়েছে এখনো। কোনো খেলাতেই দর্পচূর্ণ হয়নি। দেখা যাক, কোথায় গিয়ে ধরা খায়।