মনের ডাকই শুনবেন রোমেরো
সার্জিও রোমেরোচার বছর আগে জেন্স লেম্যান যখন আর্জেন্টিনার দুটি পেনাল্টি শট ঠেকিয়ে দিলেন, তখন বাড়ি বসে টেলিভিশনে খেলা দেখছিলেন তিনি। পরের বিশ্বকাপেই জার্মানির বিপক্ষে প্রতিশোধ নেওয়ার সুযোগ তাঁর সামনে। টাইব্রেকারের আগে লেম্যানের সেই নোট পড়া, পেনাল্টি ঠেকানো, আর্জেন্টিনার বর্তমান নিয়ে ফিফা ডট কম-এর সঙ্গে কথা বলেছেন আর্জেন্টাইন গোলরক্ষক মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয় পর্বের ম্যাচটা কেমন হলো?সার্জিও রোমেরো: আমার ধারণা, আমরা খুবই ভালো খেলেছি। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, যখন আমাদের বল পজেশন খুব ভালো ছিল না, তখনো আমরা মাথা ঠান্ডা রাখতে পারছিলাম। দেখা যাচ্ছে বল ধরে না ফেলে ঘুষি মেরে দূরে সরিয়ে দেওয়ার প্রবণতা আছে আপনার। এটা কি ইচ্ছাকৃত?রোমেরো: হ্যাঁ, অবশ্যই। কারণ, আমি নিজের জন্য পরিস্থিতি জটিল বানাতে চাই না। বল যেকোনো সময় দিক বদলে ফেলতে পারে। এই যেমন (কার্লোস) সালসিদোর বলটা বারে লাগল (মেক্সিকোর বিপক্ষে)। প্রথমে মনে হচ্ছিল, বলটা বারের ওপর দিয়ে চলে যাবে। পরে হঠাৎ নেমে এল। আমি কোনোক্রমে বলে আঙুলের মাথা ছোঁয়াতে পেরেছিলাম। ইংল্যান্ডের বিপক্ষে জার্মানির রেজাল্ট দেখে বিস্মিত হয়েছেন?রোমেরো: সত্যি কথা বলি, হয়েছি। আমরা সবাই ভেবেছিলাম, হয়তো দুই-এক গোলের ব্যবধানে জয়-পরাজয় হবে। কিন্তু জার্মানি নিজেদের ক্ষমতাটা দেখিয়ে দিল। দুর্দান্ত এই দলটার সঙ্গেই আমাদের খেলতে হবে। তাই ভালো খেলার ধারাবাহিকতা বজায় রাখার জন্য মানসিকভাবে তৈরি থাকতে হবে। আর্জেন্টিনা ভালো করবে বলে মনে হয়?রোমেরো: আমরা এ পর্যন্ত যেমন খেলেছি, তেমনটা খেললে আরও সামনে যাওয়ার ভালো সুযোগ আছে। আমার নিজের কথা যদি বলি, আমি জানি যেকোনো দলের জন্য গোলরক্ষকই সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। নিজের ওপর দলের বাকিদের আস্থা তৈরি করাটা খুব জরুরি। যাতে তারা এই দিকটা নিয়ে চিন্তা না করে খেলতে পারে এবং মাঠের অন্য প্রান্তে নিজেদের কাজটা ঠিকমতো করতে পারে। ঘটনাচক্রে জার্মানির বিপক্ষে ম্যাচটা যদি এবারও টাইব্রেকারে গড়ায়, সম্ভাব্য জার্মান পেনাল্টি শ্যুটারদের ব্যাপারে বিশেষ কোনো প্রস্তুতি নিয়েছেন?রোমেরো: হ্যাঁ, আমরা অনেক ভিডিও দেখেছি এবং সেগুলো বিশ্লেষণ করেছি। ২০০৬ সালের ঘটনাটা অবশ্য বিস্ময়কর ছিল। কেউ ভাবেনি যে ভিডিও দেখে বিষয়গুলো মনে রাখার জন্য ও (লেম্যান) সবকিছু একটা কাগজে লিখে নিয়ে আসবে। সে যাই হোক, আমি মনে করি, পেনাল্টির ক্ষেত্রে নিজের মন কী বলে, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আপনি ৮০০ ভিডিও দেখতে পারেন। কিন্তু ভিডিও থেকে পাওয়া ধারণা অনুযায়ী একদিকে আপনি ডাইভ দেওয়ার পর যদি বল অন্যদিক দিয়ে ঢুকে পড়ে, তবে ওই ভিডিও দেখায় কোনো লাভ হবে না! গোলরক্ষক হিসেবে আপনার মনে যেটা খেলে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত নিজের সহজাত বুদ্ধি ব্যবহার করেই ঝুঁকিটা নিতে হবে। আর্জেন্টিনায় লোকজন এখন দলকে খুব সমর্থন করছে এবং টুর্নামেন্টের বাকি অংশে দলের সাফল্য কামনা করছে। তাদের জন্য কোনো বার্তা?রোমেরো: হ্যাঁ। প্রথমেই আমি আমার স্ত্রী ও মেয়েকে ভালোবাসা জানাতে চাই। ওরা বুয়েনস এইরেসে বসে খেলা দেখছে। আমি জানি, আমার স্ত্রী আমার পাঠানো সব চিঠি ও চিরকুট জমিয়ে রাখছে, বড় হলে মেয়েকে দেখাবে বলে। আর সমর্থকদের বলি, আমি আশা করি যে ফলই আসুক, তারা সেটাই গ্রহণ করবে। আমাদের দেশ দীর্ঘদিন ধরে যা পারেনি সেই অর্জনটা করার জন্য আমরা সবাই সত্যিই কঠোর পরিশ্রম করছি।