মনোবল বেড়ে গেছে ইংল্যান্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি প্রস্তুতি ম্যাচের দুটিতেই জয়। তা-ও আর ছোটখাটো দলের বিপক্ষে নয়। একটি পাকিস্তান, অপরটি অস্ট্রেলিয়ার বিপক্ষে। ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক স্টুয়ার্ট ব্রড স্বীকার করছেন, এই দুটি জয়ে মনোবল বেড়ে গেছে ইংল্যান্ডের।টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের এবারের অভিযানটা শুরু হচ্ছে আজ শুক্রবার। প্রতিপক্ষও আহামরি কেউ নয়, আফগানিস্তান। ‘এ’ গ্রুপে ইংল্যান্ডের আরেক প্রতিপক্ষ ভারত। আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ড ফেবারিট, বলার অপেক্ষা রাখে না। তবে এর সঙ্গে ইংল্যান্ডকে বাড়তি প্রেরণা জোগাচ্ছে প্রস্তুতি ম্যাচের দুটি জয়। সেটা স্বীকার করে নিয়ে গতকাল কলম্বোয় সাংবাদিকদের স্টুয়ার্ট ব্রড বলেন, ‘আমাদের প্রস্তুতিটা সত্যি ভালো হয়েছে। এখানে দুটি ম্যাচ জিতেছি। দুটি ম্যাচই যথেষ্ট কঠিন ছিল। আমি সত্যি আনন্দিত। আমাদের মনোবল বেড়ে গেছে। যেমনটা আশা করেছিলাম, প্রস্তুতি ঠিক তেমন হয়েছে।’ইংল্যান্ডের এবারের অভিযানে নেই অভিজ্ঞ ব্যাটসম্যান কেভিন পিটারসেন। ইংল্যান্ড দল ও সতীর্থদের নিয়ে ‘আপত্তিকর’ খুদে বার্তা (এসএমএস) দেওয়ার অভিযোগে তাঁকে দলের বাইরে রেখেছেন নির্বাচকেরা। পিটারসেনের অনুপস্থিতি ইংল্যান্ড কীভাবে পূরণ করবে এ প্রশ্নে স্টুয়ার্ট ব্রড বলেন, ‘পিটারসেনকে না রাখাটা বোর্ডের ব্যাপার। দলে ম্যাচ জেতানোর মতো অনেক খেলোয়াড় আছে। কোনো সন্দেহ নেই, ওকে ছাড়াই জয় পাওয়ার সামর্থ্য দলের রয়েছে। গত দুটি ম্যাচেই আমরা সেটা করে দেখিয়েছি।’ইংল্যান্ডের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক অ্যালিস্টার কুক ব্রিটিশ গণমাধ্যমকে জানিয়েছেন, পিটারসেনের ব্যাপারটা এখনো সমাধান হয়নি। বোর্ডের সঙ্গে সমঝোতা হলেই মাঠে দেখা যাবে তারকা এই ব্যাটসম্যানকে।কুক বলেন, ‘কেভের সঙ্গে এসব নিয়ে আমার কথা হয়েছ। ওর ব্যাপারে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকেও আমি ছিলাম। ব্যাপারটা এখনো পুরোপুরি সমাধান হয়নি। এ কারণেই তাঁকে দলে নেওয়া হচ্ছে না।’দ্রুত পিটারসেনকে দলের হয়ে দেখা যাবে, এ আশা প্রকাশ করে কুক বলেন, ‘সময়ই সবকিছু নির্ধারণ করবে। কেভিন আমাকে জানিয়েছে, ও দলের ফেরার জন্য প্রস্তুত। কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব হচ্ছে না।’রয়টার্স।