মনোবল হারিয়ে ফেলেছিল জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ড, আর কোয়ার্টার ফাইনালে শিরোপার অন্যতম দাবিদার আর্জেন্টিনাকে গুঁড়িয়ে শেষ চারে উঠেছিল জার্মানি। আত্মবিশ্বাসের পারদ যখন আকাশ ছোঁয়া হওয়ার কথা তখন ফাইনালে ওঠার লড়াইয়ের এ যেন অন্য জার্মানি। ম্যাচের পুরোটা সময় যে একবারও নিজেদের সেভাবে মেলে ধরতে পারলেন না ফুটবলাররা! হঠাৎ কী হলো জার্মানদের? আপনার কাছে এ প্রশ্নের উত্তর যা-ই হোক, কোচ জোয়াকিম লো, ফুটবলার সবাই স্বীকার করে নিয়েছেন, এ ম্যাচে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল জার্মানি!কোনো অজুহাত নয়, হারের পর নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিয়ে জার্মান কোচ রয়টার্সকে বলছেন, ‘আমরা আমাদের সাহসের পরিচয় দিতে পারিনি। বল পেতেই কষ্ট হয়েছে আমাদের।’ ব্যর্থতার দায় নেওয়ার পর প্রতিপক্ষ স্পেনের প্রশংসা করতেও ভোলেননি ৫০ বছর বয়সী লো, ‘স্পেন অসাধারণ একটি দল। দুই-তিন বছর ধরে প্রায় একই দল নিয়ে খেলছে তারা। আমার দৃষ্টিতে এ মুহূর্তে সেরা দল স্পেন। সেরা হিসেবেই আমাদের হারিয়েছে তারা।’তিনবার বিশ্বকাপ জয়ের কৃতিত্ব দেখিয়েছে জার্মানি। পরপর তিনটি বিশ্বকাপের ফাইনালে খেলার রেকর্ডও আছে তাদের। মাঝখানে কেবল ’৯৪ ও ’৯৮-এর বিশ্বকাপ বাদ দিলে সবগুলোতেই সেমিফাইনাল পর্যন্ত খেলেছে দলটি। এবার জার্মানরা যেভাবে খেলছিলেন তাতে দলটির হাতে চতুর্থ শিরোপা দেখার অপেক্ষায় ছিলেন অনেকেই। তবে স্পেনের ডিফেন্ডার কার্লোস পুয়োলের এক গোলেই শেষ হয়ে গেছে সব স্বপ্ন!৭৩ মিনিটে পুয়োল হেড থেকে যে গোলটি করেছেন তা ঠেকানোর সুযোগ ছিল না জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নিউয়ারের। এই গোলের কারণে দলের বিদায়ের পর নিউয়ার বলছেন, ‘এটা আমার জন্য অনেক বড় হতাশার। কিন্তু আমার কিছুই করার ছিল না।’ এরপর জার্মান এই গোলরক্ষক বলছেন, ‘আমরা সেভাবে আক্রমণে যেতে পারিনি। আগের ম্যাচগুলোর মতো শুরুতে গোলের দেখাও পাইনি। সব মিলিয়ে আমাদের মনোবল কমে গিয়েছিল।’ আশাহত মিরোস্লাভ ক্লোসা স্পেনের ফুটবলারদের পুরো কৃতিত্ব দিয়ে ম্যাচ শেষে বলছেন, ‘আজ রাতে আমরা আমাদের মতো করে খেলতে পারিনি। যথাসাধ্য চেষ্টা করেছি আমরা, কিন্তু আমাদের কোনো চেষ্টাই সফল করতে দেয়নি তারা। স্পেনই আসলে জয়ের যোগ্য ছিল।’