মনোবিদ নিয়ে আইপিএলে রাইডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের ডলারের হাতছানি কি আর উপেক্ষা করা যায়! ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের স্বেচ্ছাবিরতি স্থায়ী হলো না এক মাসও। আইপিএল দিয়েই আবার ক্রিকেটে ফিরছেন জেসি রাইডার। তবে আইপিএলে রাইডারকে সঙ্গ দেবেন তাঁর ব্যক্তিগত মনোবিদ কারেন নিম্মো ও ম্যানেজার অ্যারন ক্লি। আইপিএলে রাইডার খেলবেন পুনে ওয়ারিয়র্সের হয়ে। শৃঙ্খলাভঙ্গের কারণে দল থেকে বাদ পড়ার পর গত ৮ মার্চ ম্যানেজারের মাধ্যমে ক্রিকেট থেকে বিরতি নেওয়ার কথা জানান রাইডার। দল থেকে বাদ পড়েছিলেন গত ১ মার্চ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর পানশালায় গিয়ে ঝামেলা বাধানোর জন্য। এ ধরনের ঝামেলার সঙ্গে তাঁর নিত্য বসবাস, ক্যারিয়ারে অনেকবার খবরের শিরোনাম হয়েছেন শৃঙ্খলাভঙ্গের জন্য। এবার তাই চূড়ান্ত একটা সুরাহা চাইছিল নিউজিল্যান্ড ক্রিকেট। রাইডারও নিজেকে শোধরাতে নিয়োগ দিয়েছেন মনোবিদ।বাদ পড়ার পর থেকে রাইডার এখনো মুখ খোলেননি। তবে মনোবিদ নিম্মো জানিয়েছেন, ‘গত কয়েক সপ্তাহে জেসি বেশ উন্নতি করেছে। আইপিএল বড় একটা চ্যালেঞ্জ, জেসিও বড় একটা পদক্ষেপ নিচ্ছে, আশা করি এই চ্যালেঞ্জের জন্য ও প্রস্তুত। ক্রিকেট জেসির পেশা, এ কাজটাই ও ভালো পারে। আমি চাইছিলাম জেসি যেন দ্রুত মাঠে ফিরতে পারে, তবে অবশ্যই সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে।’এই ‘সঠিক প্রক্রিয়ার’ অংশ হয়েই ভারতে রাইডারের সঙ্গী হচ্ছেন নিম্মো ও ক্লি। রাইডারের ভারতযাত্রার পরদিনই যাবেন নিম্মো, কিছুদিন পর ক্লি। রয়টার্স ও ক্রিকইনফো।