
গ্রুপ পর্ব শেষ, আমাদের প্রথম লক্ষ্য পূরণ হয়েছে—নকআউট পর্বে উঠে গেছি। এটা অবশ্য না করতে পারার কোনো কারণ ছিল না, কিন্তু নিশ্চিত করে আপনি কিছুই বলতে পারতেন না। বাংলাদেশের উত্থানটাই দেখুন, সহযোগী দেশগুলোও যথেষ্ট উন্নতি করেছে। আমরা উতরাতে পেরে খুশি, আমাদের মনোযোগ এখন পরের পর্বে।
যাত্রাটা সহজ ছিল না। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তাদের নিজেদের মাটিতে খেলছে। দুই দলই কঠিন প্রতিপক্ষ। কোনো ম্যাচ না হেরেই পরের পর্বে যেতে পারলে খুবই ভালো হতো, কিন্তু কন্ডিশন ও দলগুলোর শক্তির বিচারে এক-দুবার হোঁচট আপনি খেতেই পারেন।
ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে রানে থাকাটা আমার জন্য দারুণ। আমি নিজের খেলা নিয়ে সব সময়ই অনেক খেটেছি, আরও ভালো করার চেষ্টা করেছি। গত কিছুদিনে সেটারই ফল পাচ্ছি। ক্যারিয়ারজুড়েই বাবা আমার পাশে আছেন। ছোট থাকতে বলতেন কখনোই পরিবর্তনকে ভয় পাবে না—এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা শিক্ষা।
গত দুই বছরে ওয়ানডে ও টি-টোয়েন্টি নিয়ে আমি অনেক খেটেছি। আমি নতুন নতুন স্ট্রোক পরখ করে দেখেছি, নিজেকে আরও শাণিত করার চেষ্টা করেছি। সবকিছুই আমাকে ধারাবাহিক হতে সাহায্য করেছে, ভালো স্ট্রাইক রেটে রান করতে পারছি এখন। দলের জন্যও এটা খুবই গুরুত্বপূর্ণ।
সবাই আমাকে প্রশ্ন করছে, আপনি অবসর নিচ্ছেন কেন? অবসরের সঙ্গে ফর্মের সম্পর্ক নেই, এটা স্থান-কালের ব্যাপার। আপনি খেলতে পারেন আর না পারেন, তাতে কিছু এসে যায় না। অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি, এ থেকে আমি সরব না। আমি এই বিশ্বকাপ শেষেই ওয়ানডে থেকে অবসর নেব, আর টেস্ট থেকে আগস্টে ভারত সিরিজের পর।
অবশ্য ক্রিকেটকে আমি এখনই বিদায় বলছি না। আমি ধীরে ধীরেই খেলা ছাড়তে চাই। নিজের এই সেরা সময়টা আরও কিছুদিন উপভোগ তো করাই যায়। এখনই যদি প্যাড-ট্যাড তুলে রাখি সেটা হবে ভুল। কারণ আমি এখনো খেলাটাকে ভালোবাসি। সারের হয়ে সামনের দুই-তিন বছর আমি খেলার জন্য অপেক্ষা করছি।
এ মুহূর্তে বিশ্বকাপটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সিডনিতে নিজেদের কোয়ার্টার ফাইনালের দিকে তাকিয়ে আছি। দক্ষিণ আফ্রিকার সঙ্গেই খেলা হবে বলে মনে হচ্ছে। তবে চাপের মুখে আমাদের রেকর্ড ভালো। আশা করি, আমরা চ্যালেঞ্জটা নিতে পারব। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেদের খেলাটা উপভোগ করা। (গেমপ্ল্যান)