মনোযোগের কেন্দ্রে আজ রুনি
ওল্ড ট্রাফোর্ডে আজ যখন লাল জার্সির ১১ জন মাঠে নামবে, নিশ্চিতভাবেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবেন একজনই। চেলসির বিপক্ষে ওয়েইন রুনি কি আজ খেলবেন? একমাত্র স্যার অ্যালেক্স ফার্গুসনই দিতে পারেন এই প্রশ্নের উত্তর! গুঞ্জন ছড়িয়েছিল, এই মৌসুমের পর ইউনাইটেড ছেড়ে দিতে পারে রুনিকে। ফার্গুসন অবশ্য এটিকে ‘ঢাহা মিথ্যা’ বলেই উড়িয়ে দিয়েছেন। আভাস দিয়েছেন রুনি আজ মাঠে নামতে পারেন। তবে নিশ্চিত করে কিছু বলেননি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ। একটা সংশয় তাই থেকেই গেছে।আজকের ম্যাচটা অবশ্য এফএ কাপের কোয়ার্টার ফাইনাল। এই একটা টুর্নামেন্ট থেকে আর যা-ই হোক প্রেরণার অভাব নেই চেলসির। গত ছয়বারের চারবারই শিরোপাটা জিতেছে লন্ডনের ক্লাবটি। এ মুহূর্তে অবশ্য এলোমেলো আছে তারা। ইউরোপা লিগের ম্যাচে হেরে বসেছে রোমানিয়ার স্টুয়া বুখারেস্টের কাছে। প্রিমিয়ার লিগেও শিরোপার আশা শেষ। তবে চেলসি গোলরক্ষক পিওতর চেক এফএ কাপের আশা ছাড়ছেন না, ‘হয়তো তারা (ইউনাইটেড) এই ম্যাচের জন্য ফেবারিট। তবে মনে রাখতে হবে খেলাটা এফএ কাপের। আর এখানে সব সময়ই ফেবারিটরা জেতে না। এই ট্রফিটা এখনো আমাদের। আমরা চাইব, এটা যাতে আমাদেরই থাকে।’ঘরের মাঠের সমর্থকদের বিষোদ্গার, দলের টালমাটাল অবস্থা—সময়টা মোটেও ভালো যাচ্ছে না চেলসির কোচ রাফায়েল বেনিতেজের। তবে এই ম্যাচের আগে বেনিতেজের জন্য যেন সহানুভূতিই ঝরিয়েছেন ফার্গি, ‘কেউ পড়ে গেলে তাকে লাথি মারাটা আমার ধরন নয়। আমার মাথাব্যথা ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে, চেলসিতে কী হচ্ছে সেটা আমার দেখার বিষয় নয়।’ এএফপি, রয়টার্স।