মনোযোগের কেন্দ্রে বালোতেল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারিও বালোতেল্লির শৃঙ্খলাবোধ নিয়ে প্রশ্ন ছিল। প্রশ্ন ছিল দলে তাঁর অন্তর্ভুক্তি নিয়েও। কিন্তু জার্মানির বিপক্ষে সেমিফাইনালে সেই বালোতেল্লিই ইতালীয়দের হিরো। দুই গোল করে সেই বালোতেল্লিই মধ্যমণি। অধিনায়ক জিয়ানলইজি বুফন মনে করেন, বালোতেল্লির এই ‘হঠাত্ নায়ক’ হয়ে ওঠা সম্ভব হয়েছে কোচ সিজারে প্রানদেল্লির কারণেই। প্রানদেল্লিই বালোতেল্লির মতো এক খ্যাপাটে ফুটবলারের কাছ থেকে নিজ ক্যারিশমায় বের করে নিয়ে এসেছেন সেরাটা।‘ইউরোয় মারিও খুবই ভালো খেলেছে। ওর খেলায় সবাই সন্তুষ্ট। মারিও প্রকৃতি-প্রদত্ত প্রতিভার অধিকারী এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’ বলেছেন বুফন।বুফনের মতে, নিজ গুণেই বালোতেল্লি ইতালি দলে সুযোগ করে নিয়েছে। সে এমন একটি দলে নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছে, যেখানে প্রতিভার অভাব নেই। এই দলে সে আর সবার মতোই কঠোর পরিশ্রম করছে। সে এমন একজন কোচের সঙ্গে কাজ করছে যে কোচ বিভিন্ন কৌশলে তার ভেতর থেকে সেরাটা বের করে নিয়ে এসেছেন।এদিকে, কোচ প্রানদেল্লি মনে করেন, বালোতেল্লি ইতালি দলে তার প্রতিভা প্রদর্শনের প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছে। তিনি বলেন, ‘আমরা সব সময়ই বালোতেল্লিকে একজন প্রতিভাবান ফুটবলার হিসেবেই মনে করি। একই সঙ্গে প্রত্যাশা করি, সে তাঁর প্রতিভার সদ্ব্যবহার করবে।’বুফনের কথার সূত্র ধরে প্রানদেল্লি বলেন, বুফন ঠিকই বলেছে, বালোতেল্লি ইতালি দলে সুযোগ পাওয়ার পর অনেকে প্রতিভাবান ফুটবলারের সঙ্গে মেশার সুযোগ পাচ্ছে। অনেককে দেখছে, যারা ইতালির বড় বড় সাফল্যের অংশীদার হয়েছে।‘এভাবেই সে একদিন অন্যের উপদেশ শোনার মানসিকতাই কেবল অর্জন করবে না, তার মধ্যে গড়ে উঠবে অপার দায়িত্ববোধ।’ বালোতেল্লি সম্পর্কে বলেছেন প্রানদেল্লি।সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ও রকম এক পারফরম্যান্সের পর বালোতেল্লির ওপর আলাদা দৃষ্টিই রাখছে স্প্যানিশ ফুটবলাররা। আজ ফাইনালে ইতালির বিপক্ষে মাঠে নামার আগে বালোতেল্লিও হয়ে উঠেছেন স্প্যানিশদের মনোযোগের কেন্দ্রে। সেস ফ্যাব্রিগাসের মতে, ‘বালোতেল্লি আসলেই এক দুর্দান্ত ফুটবলার। সেমিফাইনালে জার্মানির বিপক্ষে সে দারুণ দুটো মুহূর্ত সবাইকে উপহার দিয়েছে। তার প্রথম গোলটি একজন সত্যিকারের সেন্টার ফরোয়ার্ডের মতোই, মাথা ছুঁইয়ে। দ্বিতীয়টি এসেছে বিধ্বংসী এক শটে। সে ওই দুটো মুহূর্ত উপহার দিয়েছে জার্মানির মতো দলের বিপক্ষে। তাঁকে নিয়ে না ভেবে সত্যিই উপায় নেই।’ রয়টার্স।