মনোরোগ চিকিত্সা নিতে হবে জুলকারনাইনকে
দেশের প্রখ্যাত মনোবিদ মকবুল ‘ম্যাক্স’ বাবড়ির অধীনে কাউন্সেলিং করেছেন। তাঁর সঙ্গে আটটি সেশনেও অংশ নিয়েছেন। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মনে করছে, এতেও খুব একটা উন্নতি হয়নি উইকেটরক্ষক জুলকারনাইন হায়দারের। এখন তাঁর দরকার মনোরোগের চিকিত্সা। ‘পাকিস্তান অবজারভার’কে দেওয়া একান্ত সাক্ষাত্কারে এ খবর জানিয়েছেন পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ।জাকা আশরাফ বলেন, ‘ওর জন্য ভালো একজন মনোবিদ খুঁজতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি। ম্যাক্স বাবড়ির সঙ্গে বেশ কয়েকটা সেশনে অংশ নিয়েছে জুলকারনাইন। কিন্তু আমরা মনে করছি, ওর মনোরোগের চিকিত্সা নেওয়ার দরকার আছে।’২০১০ সালের নভেম্বরে দুবাইয়ে দলের হোটেল থেকে গোপনে লন্ডনে পালিয়ে অবসর ঘোষণা দিয়েছিলেন জুলকারনাইন। পরে দাবি করেছিলেন, অজ্ঞাতনামা লোকের ফোনে হুমকির কারণে পালাতে বাধ্য হয়েছিলেন তিনি। একপর্যায়ে আবেদন করেছিলেন সেখানে রাজনৈতিক আশ্রয়ের। অনেক জল ঘোলা করার পর গত বছরের এপ্রিলে সেই আবেদন প্রত্যাহার করে দেশে ফেরেন জুলকারনাইন। অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণাও দেন তিনি। নিজের দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ায় গত ১৭ জুন জুলকারনাইনকে পাঁচ লাখ রুপি জরিমানা করে পিসিবি। জাতীয় দলে ফেরানোর আগে তাঁকে এক বছর পর্যবেক্ষণে রাখারও ঘোষণা দেয় বোর্ড। লন্ডনে পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত জাতীয় দলে দেখা যায়নি ২৬ বছর বয়সী এই উইকেটরক্ষককে।সম্প্রতি সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ফেসবুকে জুলকারনাইন মন্তব্য করেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে কামরান আকমলকে রাখা ঠিক হয়নি পিসিবির। কারণ, কামরানের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তা ছাড়া, আইসিসিও এখন পর্যন্ত তাঁকে ছাড়পত্র দেয়নি। ফেসবুক ছাড়াও বিভিন্ন সাক্ষাত্কারে জুলকারনাইন হুমকি দেন, কামরান আইসিসির ছাড়পত্র দেখাতে না পারলে তিনি পাকিস্তানের আরও অনেক ক্রিকেটারের দুর্নীতির খবর ফাঁস করে দেবেন। তবে তাঁর বক্তব্যের সপক্ষে প্রমাণ চাইলে তা পিসিবিকে দিতে পারেননি জুলকারনাইন।জুলকারনাইনকে নিয়ে করা সেশন সম্পর্কে ম্যাক্স বাবড়ি বলেন, ‘আমাদের সেশন দুই মাস আগে শেষ হয়ে গেছে। যাদের সঙ্গে ছোটখাটো বিবাদ আছে, তাদের সঙ্গে সম্পর্ক উন্নতি করতে তাঁকে পরামর্শ দিয়েছিলাম। নিজের কাজের জন্য ক্ষমা চাইতে বলেছিলাম। কিন্তু তিনি ভুল পথে এগিয়েছেন। এ ধরনের নেতিবাচক বক্তব্য দেওয়ার আগে জুলকারনাইন আমার সঙ্গে আলোচনা করতে পারতেন।’