মন্টে কার্লো জেতা হলো না ফেদেরারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইনাল শেষে ভাভরিঙ্কাকে অভিনন্দন জানাচ্ছেন ফেদেরার ছবি: এএফপি
ফাইনাল শেষে ভাভরিঙ্কাকে অভিনন্দন জানাচ্ছেন ফেদেরার ছবি: এএফপি

আবারও মন্টে কার্লো মাস্টার্স হতাশ করল রজার ফেদেরারকে। রোববারের ফাইনালে তিনি হেরে গেছেন স্বদেশী স্তানিসলাস ভাভরিঙ্কার কাছে। ভাভরিঙ্কা জয় পেয়েছেন ৪-৬, ৭-৬, ৬-২ গেমে।
এর আগে আরও তিনবার মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে উঠেছিলেন ফেদেরার। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা তিনবার তিনি ফাইনালে হেরেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদালের কাছে।
২৯ বছর বয়সী ভাভরিঙ্কা অস্ট্রেলীয় ওপেন জয়ের ধারাবাহিকতায় কাল ফেদেরারের বিপক্ষে খেললেন এক অসাধারণ ম্যাচ। প্রথম সেটে হেরে গেলেও পরের দুটো সেটে ফেদেরারকে রীতিমতো নাকালই করে ছাড়েন তিনি। দ্বিতীয় সেটটি অবশ্য গড়িয়েছিল টাইব্রেকারে। তৃতীয় সেটে ভাভরিঙ্কার কাছে পাত্তাই পাননি ১৭টি গ্র্যান্ড স্লাম জেতা বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড়। প্রথম সেটে অবশ্য সার্ভিস ব্রেক করেই এগিয়ে গিয়েছিলেন ফেদেরার।
ভাভরিঙ্কার কাছে কাল দ্বিতীয়বারের মতো হারলেন ফেদেরার। এর আগে ২০০৯ সালে এই মন্টে কার্লো মাস্টার্সেই ভাভরিঙ্কার কাছে হেরে ছিটকে গিয়েছিলেন তিনি।
বছরের চারটি মাস যেতে না-যেতেই তিনটি শিরোপা জিতে এই মুহূর্তে আকাশেই উড়ছেন ভাভরিঙ্কা। জানুয়ারিতে অস্ট্রেলীয় ওপেন জিতেছেন, জিতেছেন চেন্নাইতে। মন্টে কার্লো মাস্টার্স জিতে নিজের দারুণ ফর্মটাই অক্ষুণ্ন রাখলেন তিনি।
ম্যাচ শেষে নিজের সাফল্যে উচ্ছ্বসিতই ভাভরিঙ্কা, ‘খুব অবাক লাগছে। সেই সঙ্গে অনুভূতিটাও দারুণ। জানুয়ারিতে অস্ট্রেলীয় ওপেন জিতেছিলাম। মন্টে কার্লো মাস্টার্সে রজার ফেদেরারের বিপক্ষে এত সহজে জয়টা পেয়ে যাব, ভাবিনি।’
ফেদেরারের বিপক্ষে ফাইনাল জিতে আরও বড় প্রতিযোগিতার জন্য আত্মবিশ্বাসটাও পাওয়া হয়ে গেছে তাঁর, ‘এই প্রতিযোগিতা নিয়ে আমার কোনো প্রত্যাশা ছিল না। আমি এখানে কেবল খেলতেই এসেছিলাম। কিন্তু এই জয় আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আমি এখন পৃথিবীর যেকোনো খেলোয়াড়কেই হারাতে পারি।’
স্বদেশী প্রতিপক্ষের কাছে হেরে আপাতদৃষ্টিতে খুব একটা বিচলিত নন ফেদেরার, ‘হ্যাঁ ফাইনালে হেরে যাওয়াটা অবশ্যই হতাশার। তবে স্তানের কাছে হেরে খুব একটা খারাপ লাগছে না।’
স্বদেশী ভাভরিঙ্কাকে সবশেষে জানিয়েছেন অভিনন্দনও, ‘দারুণ একটা ফাইনাল জিতল সে। এ বছরই সে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম জিতেছিল। এবার জিতল মাস্টার্স প্রতিযোগিতা। ওকে অভিনন্দন জানাই। সেই সঙ্গে শুভকামনাও। এএফপি।