মন্টে কার্লো মানেই নাদাল
রাফায়েল নাদাল জানেন, দিনটা অবশ্যই আসবে। তবে সেই দিনটা এখনই আসুক, মোটেও সেটা চান না। কোন দিন? মন্টে কার্লোতে প্রায় ভুলে যাওয়া হেরে যাওয়ার স্বাদ পাবেন যেদিন!‘প্রায় ভুলে যাওয়া’ না লিখে ‘ভুলে যাওয়া’ লেখাটাই হয়তো বেশি যুক্তিযুক্ত হতো। নাদাল যে মাটির কোর্টের এই টুর্নামেন্টে নয় বছর ধরে অপরাজিত! জিতেছেন টানা ৪২টি ম্যাচ। সর্বশেষ হেরেছিলেন ২০০৪ সালে মাটির কোর্টের তখনকার রাজা গুইলের্মো করিয়ার কাছে, নাদাল তখন কৈশোরের গন্ধ গায়ে ১৬ বছরের এক তরুণ। এই মন্টে কার্লোতে শিরোপা জিতেছেন টানা আটবার। টেনিস ইতিহাসেই টানা আটবার কোনো টুর্নামেন্ট জেতার আর কোনো কীর্তি নেই। টানা তো দূরের কথা, সব মিলিয়েই আটবার একই টুর্নামেন্ট জেতার কীর্তি ওপেন যুগে আর আছে মাত্র একটি।এবার জিতলে সেটি হবে নাদালের নবম টানা শিরোপা। বলা বাহুল্য, সেটিও হবে নতুন আরেকটি রেকর্ড। হাঁটুর চোটের কারণে টানা সাত মাস কোর্টের বাইরে থেকে ফিরে আসা নাদাল ঠিক জোর গলায় বলতে পারছেন না এবারও শিরোপা জিতে ফরাসি দুর্গ জয়ের হাতিয়ারে শাণ দিয়ে রাখবেন। তবে মাত্র তিন সপ্তাহ আগে ইন্ডিয়ান ওয়েলস জিতে ফর্মে ফেরার ইঙ্গিত দেওয়া নাদাল এখনই মন্টে কার্লোর মুকুট হাতছাড়া করতেও রাজি নন, ‘এটা বলতে পারি না যে এখানে আমি বিশাল ফেবারিট কেউ। এই শিরোপা জেতা মোটেও সহজ কিছু নয়। তবে আমি এখানে হারতেও রাজি নই। জীবনে সবকিছুরই একটা সময় সমাপ্তি আসে। এক দিন আমার জয়ের এই ধারাও থেমে যাবে। কোনো কিছুই আজীবন ধরে চলে না। তবে আমি এখানে আসতে পেরেই রোমাঞ্চিত। মন্টে কার্লোতে খেলতে পারাটাই একটা বড় প্রেরণা।’নাজুক হাঁটুটাকে আরেকটু বিশ্রাম দিতে আবার সাময়িক ছুটি নিয়েছিলেন কদিনের। গত আট বছরের সাতবারই ফ্রেঞ্চ ওপেন জেতা নাদালের আসল লক্ষ্য নিশ্চয়ই ফরাসি দুর্গের শিরোপা ধরে রাখা। গত বছর এই একটাই গ্র্যান্ড স্লাম জিতেছিলেন। তবে এর জন্য হাঁটুর সুস্থতা জরুরি। নাদাল জানালেন, আপাতত হাঁটু নিয়ে মাথা ঘামাচ্ছেন না। এমনকি র্যাঙ্কিংয়ের সেরা চারের বাইরে ছিটকে পড়াটা নিয়েও নয়। আপাতত তাঁর পুরো মনোযোগ মন্টে কার্লোতে। নাদালকে যে হাতছানি দিয়ে ডাকছে নবম শিরোপা। এএফপি।