মন্ট্রিল কাপ ওজনিয়াকির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর কিম ক্লাইস্টার্সের সঙ্গে ফাইনাল খেলে রানারআপ হয়েছেন, আরেকটি ইউএস ওপেনের আগে নিজের সেরা ফর্ম দেখিয়ে দিলেন ক্যারোলিন ওজনিয়াকি। গতকাল সোমবার ভেরা জভোনারেভাকে ৬-৩, ৬-২ সেটে উড়িয়ে দিয়ে মন্ট্রিল কাপের শিরোপা জিতেছেন র‌্যাংঙ্কিংয়ে দুই নম্বরে থাকা এই তারকা।মৌসুমের তৃতীয় ও গত তিন সপ্তাহে হার্ডকোর্টের দ্বিতীয় শিরোপা জয়ের ক্ষেত্রে ওজনিয়াকির সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। তবে বৃষ্টির বাধা উপেক্ষা করে নিজের সেরাটা মেলে ধরেছেন ওজনিয়াকি। মাত্র ৭৪ মিনিটে জভোনারেভার হার নিশ্চিত করেন ২০ বছর বয়সী এই তরুণী। অসাধারণ এক জয়ের পর ওজনিয়াকি বলেন, ‘দুই দিন খেলতে না পেরে ক্লান্ত হয়ে পড়েছিলাম। কারণ সবসময় আমাকে প্রস্তুতির মধ্যে থাকতে হয়। তার পরও আমি খুশি, এ জয়ের আনন্দ অতুলনীয়।’চোটের কারণে ইউএস ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সেরেনা উইলিয়ামস। অন্যদিকে দুর্দান্ত ফর্মে আছেন ওজনিয়াকি। ইউএস ওপেনের পরই সেরেনাকে পেছনে ফেলে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে পারেন এই তারকা। এ প্রসঙ্গে ওজনিয়াকি বলেন, ‘অবশ্যই আমি বিশ্বের এক নম্বর হতে চাই। তবে সেরেনার তুলনা হয় না, অনেক গ্রান্ডস্ল্যাম জয় করেছেন এই বিশ্বচ্যাম্পিয়ন। আমার মূল লক্ষ্য—একটি গ্রান্ডস্ল্যাম জয়, শীর্ষে ওঠা পরের বিষয়।—রয়টার্স