মন্ত্রী বললেন, সরে দাঁড়ান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনা যেভাবে এগোচ্ছে, তাতে ঈদের পর হকি ফেডারেশনে নতুন কমিটি আসতে পারে। কাল হকি ফেডারেশন কর্মকর্তাদের ডেকে দ্রুত পদত্যাগ করতে বলে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার জামিলউদ্দিন তাঁর নিজের ব্যাপারে ‘নতুন করে পদত্যাগ করার কিছু নেই’ বললেন। জাতীয় ক্রীড়া পরিষদের মন্ত্রীর সঙ্গে দেড় ঘণ্টার সভা শেষে জামিলের কথা, ‘আমি তো অনেক আগেই পদত্যাগপত্র জমা দিয়েছি ফেডারেশন সভাপতির কাছে। সভাপতি সেটা গ্রহণ করে নিলেই হয়।’পুরো কমিটির পদত্যাগে অবশ্য নিশ্চয়তা দিতে পারলেন না জামিল, ‘ঈদের পর ফেডারেশনের সভা হবে। সেখানেই কমিটি সিদ্ধান্ত নেবে।’যেহেতু মন্ত্রীর আহ্বান, কাজেই পদত্যাগ না করে উপায় নেই হকির বর্তমান কমিটির। ক্রিকেটের লোক হয়েও হকিতে এসে মৃতপ্রায় খেলাটাকে জাগাতে চেয়েছিলেন। কিন্তু বিদায়টা ভালো হচ্ছে না। হকির জন্য টাকাপয়সা এনেও ‘প্রশাসনিক ব্যর্থতায়’ সরে যেতে হচ্ছে জামিলকে।মন্ত্রীর সঙ্গে কালকের সভার পর তাঁর কণ্ঠটা যেন ধরে আসছিল, ‘সৎ উদ্দেশ্য নিয়ে এসেছিলাম। কিন্তু ক্লাবগুলোর অসহযোগিতা এবং আরও কিছু কারণে এ বছর লিগটা করতে পারলাম না।’ নতুন কমিটিতেও থাকার ইচ্ছা নেই জামিলের।ঢাকা লিগ হচ্ছে না। নানা কারণে গত তিন বছরে লিগ হয়েছে মাত্র একটি। লিগের দাবিতে গত ২৪ অক্টোবর জাতীয় যুব হকির ফাইনাল চলাকালে মাঠে ঢুকে সেটি পণ্ড করে দেন। মন্ত্রী তখন মাঠে! খেলোয়াড়দের ডেকে পরশু কথা বলেছেন মন্ত্রী। খেলোয়াড়েরা মন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন।জামিল জানাচ্ছেন, ‘এমনিতে মন্ত্রী মহোদয় আমাদের কাজের বিবরণ শুনে খুশি। আমরা তো অনেক কাজ করেছি। তবে মন্ত্রী মহোদয় খেলোয়াড়দের খেলা পণ্ড করাটা সমর্থন করতে পারেননি। কিন্তু একটা জায়গায় তিনি বলেছেন, হকিতে প্রশাসনিক ব্যর্থতার টানা তিনটি দুর্ঘটনা ঘটল মাঠে। এর দুটিতেই তিনি মাঠে ছিলেন। প্রশাসনিক ব্যর্থতা মেনে এখন আমাদের পদত্যাগ করতে বলেছেন।’নতুন কমিটি তৈরির তোড়জোড় শুরু হয়েছে। কিন্তু হকিতে যেভাবে ‘ক্লাবতন্ত্র’ জেঁকে বসেছে, তাতে স্বপ্ন দেখতে কেউই আর সাহস পাচ্ছেন না!