মন্ত্রী সকাশে হকির বিদ্রোহীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকির চলমান সংকট সম্পর্কে স্পষ্ট ধারণা নেই তাঁর। তবু জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসিতে) এসে কাল নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক (চুন্নু) মনোযোগ দিয়ে শুনলেন বিদ্রোহী হকি খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তাদের দাবি-দাওয়া। হকি খেলোয়াড় ও ক্লাব ঐক্য পরিষদের ব্যানারে মোহামেডান, মেরিনার্স, ওয়ারী ক্লাবের প্রতিনিধিরা নির্বাচিত কমিটি ভেঙে দেওয়ার অনুরোধও করলেন মন্ত্রীকে।
অনুরোধই হোক বা দাবি, সেটি বিবেচনা করার ক্ষেত্রে মন্ত্রী প্রথমেই তাঁর সীমাবদ্ধতার কথা বলে নিলেন, ‘আমি এমন একটা সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি, যেটা সর্বদলীয় অন্তর্বর্তীকালীন একটি সরকার। এই সরকারের প্রধান উদ্দেশ্যই আগামী নির্বাচনটা সুষ্ঠুভাবে শেষ করা। সব দলের অংশগ্রহণে কীভাবে নিরপেক্ষ নির্বাচন করা যায়, সেই লক্ষ্যেই নির্বাচন পর্যন্ত সরকারকে আমরা সহায়তা করব। বাকিটা আমাদের রুটিন কাজ।’
তবে দুই পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের একটা পথ খুঁজবেন বলে আশ্বাসও দিলেন, ‘এখানে এক পক্ষের কথা শুনলাম। তাঁরা তাঁদের দাবি-দাওয়ার কথা বলেছেন। অন্য পক্ষের কথাও শুনব। দুই-এক দিনের মধ্যেই তাঁদের ডাকব। এটার সুষ্ঠু সমাধান করাই আমাদের উদ্দেশ্য। এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না।’
হকি ফেডারেশনের নির্বাচন বর্জন করার পর থেকে মোহামেডানের নেতৃত্বাধীন বেশ কয়েকটি ক্লাব নির্বাচিত কমিটির অধীনে কোনো খেলায় অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় হয়ে আছে।