মন্ত্রীর অপেক্ষায় হকি খেলোয়াড়েরা
এশিয়া কাপের ক্যাম্প বর্জন করার মতো ভুল পথ থেকে সরে এসেছেন হকি খেলোয়াড়েরা। ২-৪ জুলাই দলবদল না হওয়ায় তাঁরা কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। খেলোয়াড়দের মাথায় ছিল ফেডারেশনে তালা ঝুলিয়ে দেওয়ার পরিকল্পনাও। কিন্তু জাতীয় দলের নতুন প্রধান কোচ নাভিদ আলম গতকাল কাজ শুরু করেছেন ওই খেলোয়াড়দের নিয়েই।খেলোয়াড়েরা এখন এটা বুঝতে পারছেন, কোনোভাবেই জাতীয় দলের অনুশীলন ক্যাম্প বর্জন করা উচিত নয়। ফেডারেশনের নির্বাচন নিয়ে ভজকট অবস্থা সৃষ্টি হওয়াতেই দলবদল স্থগিত করেছেন ফেডারেশনের অন্তর্বর্তীকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এখন আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। এ জন্য খেলোয়াড়েরা দ্বারস্থ হয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের। মন্ত্রী আগামী রোববার খেলোয়াড়দের ডেকেছেন তাঁর দপ্তরে। সেখানে খেলোয়াড়েরা মন্ত্রীর কাছে দ্রুত দলবদল দেওয়ার দাবি তুলবেন। তাতে কাজ না হলে তবেই তাঁরা কঠোর কোনো অবস্থানে যাবেন, তার আগে নয়।গতকাল বিওএ ভবনে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির এক অনুষ্ঠানে এসেছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ওখানেই খেলোয়াড়েরা মন্ত্রীর জন্য অপেক্ষা করতে থাকেন। মন্ত্রী আসার পর তাঁর কাছে হকির বর্তমান সমস্যা তুলে ধরার চেষ্টা করেন জিমি-চন্দনরা। মন্ত্রী অনুষ্ঠান শেষে কথা বলবেন বললে শুরু হয় অপেক্ষা। অনুষ্ঠান শেষে ভিড়ে ঠাসা বিওএ মিলনায়তনে মন্ত্রী খেলোয়াড়দের রোববার তাঁর অফিসে যেতে বলেন।এ সময় সাংবাদিকদের নানা প্রশ্ন ছিল মন্ত্রীর কাছে। কিন্তু তিনি কোনো প্রশ্নেরই জবাব দেননি। হকি ফেডারেশনের নির্বাচনে জাতীয় ক্রীড়া পরিষদ যে পাঁচজন কাউন্সিলর মনোনয়ন দিয়েছিল, সেই মনোয়ন নিয়ে আপত্তি তুলে মোহামেডানসহ ছয়টি দল নির্বাচন বর্জন করেছে। ওদিকে আইনি জটিলতায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নতুন কমিটির নামে সরকারি প্রজ্ঞাপনও দিতে পারছে না ক্রীড়া পরিষদ। এমন অবস্থায় মন্ত্রীকে যত প্রশ্নই করা হয়েছে, একটাই উত্তর দিয়েছেন তিনি, ‘নির্বাচন নিয়ে আদালতে মামলা হয়েছে। কাজেই আমি এ বিষয়ে কিছুই বলব না।’খেলোয়াড়েরা এখন রোববারের আশায় আছেন। হকি খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি জাতীয় দলের সাবেক অধিনায়ক রাসেল খান বাপ্পি বললেন, ‘আমরা দলবদল চাই। আশা করি, মন্ত্রী মহোদয় একটা সমাধান দেবেন।’দলবদলের জন্য চাই সবার মধ্যে মতৈক্য। সেই উদ্যোগ নিতে পারেন মন্ত্রী। তিনি সবার সঙ্গে কথা বলে একটা সমাধান দিতে পারেন বলে মন্তব্য করেছেন খেলোয়াড়েরা। জাতীয় দলের সর্বশেষ অধিনায়ক জাহিদ হোসেন বলেছেন, ‘অনুশীলন বর্জন করলে সেটা খেলোয়াড়দেরই ক্ষতি। তাই আমরা আপাতত সেই পথে যাব না। মন্ত্রী মহোদয় সমাধান দিতে না পারলে তবেই আমরা বিকল্প ভাবব।’