মন্ত্রীর আদেশে ফিরতে হবে
শ্রীলঙ্কান ক্রিকেটের অস্থিরতা থামছেই না। পদত্যাগের মিছিলের পর এবার দৃশ্যপটে স্বয়ং দেশটির ক্রীড়ামন্ত্রী। মাহিন্দানন্দা আলুথগামাগের আদেশ, আইপিএলে খেলা বাদ দিয়ে শিগগিরই দেশে ফিরতে হবে শ্রীলঙ্কান সব ক্রিকেটারকে। কারণ, ইংল্যান্ড সফরের প্রস্তুতি। যদিও ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম টেস্টের বাকি আছে এখনো মাস দেড়েক।শুধু এটুকই নয়, বিবৃতিতে মন্ত্রী জানিয়েছেন, ভবিষ্যতে শ্রীলঙ্কার জাতীয় দলের অনুশীলন ক্ষতিগ্রস্ত না হলেই কেবল ক্রিকেটাররা বিদেশের টুর্নামেন্টে খেলতে পারবেন। মন্ত্রীর এই বিবৃতিতে শুধু শ্রীলঙ্কান ক্রিকেটারদেরই নয়, মাথায় বাজ পড়বে আইপিএল দলগুলোরও। কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে তো দুটি দলের অধিনায়কই। লাসিথ মালিঙ্গা, তিলকরত্নে দিলশান, সুরাজ রণদিভরাও নিজ নিজ দলের গুরুত্বপূর্ণ অংশ। সব মিলিয়ে ১১ জন শ্রীলঙ্কান ক্রিকেটার আছেন আইপিএলে। অনুশীলনে যোগ না দিলে কী ধরনের শাস্তি হবে, বিবৃতিতে সেটা উল্লেখ নেই। তবে সূত্র জানিয়েছে, চিরতরে তাঁদের বাদ দেওয়া হবে। এএফপি।