মন্ত্রীর কাছে যাবেন হকি খেলোয়াড়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুরু হওয়ার কথা ছিল হকির চলতি মৌসুমের দলবদল। কিন্তু দলবদল স্থগিত হওয়ায় বিপাকে খেলোয়াড়েরা। পরশু খেলোয়াড়েরা বলেছিলেন, দলবদলের দাবিতে ফেডারেশনে তালা ঝুলিয়ে দেবেন। তবে এখনই এত কঠোর অবস্থানে যাচ্ছেন না জিমি, চয়ন, চন্দনরা।

আপাতত সমস্যার সমাধান চেয়ে ক্রীড়ামন্ত্রীর দিকে তাকিয়ে সবাই। দ্রুত দলবদলের অনুরোধ জানাতে তাঁরা আজ দেখা করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সঙ্গে। জাতীয় দলের ডিফেন্ডার আসাদুজ্জামান চন্দন জানিয়েছেন, ‘আমাদের সমস্যার কথাগুলো আমরা মন্ত্রীকে জানাব। প্রয়োজনে অ্যাডহক কমিটি দেওয়ার দাবিও জানাব তাঁর কাছে। দলবদল আমাদের রুটি-রুজির ব্যাপার। এ সমস্যার দ্রুত সমাধান চাই আমরা।’

হকি কোচ নাভিদ আলম ঢাকায়: জাতীয় হকি দলের নতুন কোচ নাভিদ আলম ঢাকায়। কাল দুপুরে এসেই ফেডারেশনের সঙ্গে এক বছরের চুক্তি করেছেন এই পাকিস্তানি কোচ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলোয়াড়দের নিয়ে আজ থেকে অনুশীলন শুরু করার কথা তাঁর। গত ১০ জুন বিকেএসপিতে শুরু হয়েছিল খেলোয়াড়দের এশিয়া কাপের অনুশীলন।