মন্ত্রীর চালও তিনি ভালোই জানেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাবা অলিম্পিয়াডে বিশ্বের এক নম্বরকে হারানো ডানা ওজোলা লাটভিয়ার অর্থমন্ত্রীও!
দাবা অলিম্পিয়াডে বিশ্বের এক নম্বরকে হারানো ডানা ওজোলা লাটভিয়ার অর্থমন্ত্রীও!

হউ ইফান খেলা শেষে বলতে পারতেন, ‘হারবই তো, বোর্ডের ওদিকে যে ছিল দুটি মন্ত্রী!’
মেয়েদের দাবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হউ গত সোমবার হেরে গেছেন ডানা রিজনিয়েস ওজোলার কাছে। বিশ্বের এক নম্বর খেলোয়াড় যখন র্যাঙ্কিংয়ের ৩১৮ নম্বরের কাছে হারেন, খবরটা চমকে দেয়। কিন্তু এখানে চমক বেড়েছে আরও একটি কারণে। কারণ ডানার পরিচয় শুধু দাবাড়ুতেই শেষ নয়। তিনি লাটভিয়ার অর্থমন্ত্রীও!
৩৪ বছর বয়সী ডানা গ্র্যান্ডমাস্টার হয়েছেন ১৮ বছর আগে। দাবার প্রতি এই ভালোবাসা থেকেই অংশ নিতে এসেছিলেন কাসপারভের নাড়িপোঁতা শহর আজারবাইজানের বাকুতে চলমান ফিদে দাবা অলিম্পিয়াডে। মন্ত্রী বলে এমনি এমনি সুযোগ পাননি। তিন মাস আগে দেশের সেরা মহিলা দাবাড়ুকে হারিয়েই এই যোগ্যতা অর্জন করেছেন। এর আগেও সাতটি অলিম্পিয়াডে ৭৭টি গেম খেলেছেন। বোঝাই যায়, দাবাকে কতটা গুরুত্বের সঙ্গে নেন তিনি।
কিন্তু রাষ্ট্রের জরুরি দায়িত্বও যে পালন করতে হয়। স্লোভাকিয়ায় যেমন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জরুরি সভায় যোগ দেওয়ার সব পরিকল্পনা করে রাখা হয়েছিল তাঁর। কিন্তু নিজেকেও চমকে দিয়ে ওই ম্যাচে জিতে গেছেন। ম্যাচ শেষে তাঁর অভিব্যক্তিই বলে দিচ্ছিল, এ তাঁর প্রত্যাশার বাইরে। অবিশ্বাসের ভঙ্গিতে মুখ ঢেকে রেখেছেন হাতের আড়ালে।
এই জয়ে তাঁর দেশও এত খুশি, আপাতত ইইউয়ের সভা থেকে ছুটি দেওয়া হয়েছে তাঁকে। মন্ত্রীর পরিবর্তে ওই সভায় যোগ দিচ্ছেন একজন সচিব। ডানার প্রতিভাও যেন ডানা মেলা। ছয়টি ভাষায় কথা বলতে জানেন। আইন, ব্যবসা প্রশাসন, অর্থায়ন, নভোব্যবস্থাপনা, অনুবাদ ও ভাষাবিষয়ক পড়াশোনায় উচ্চতর ডিগ্রি আছে তাঁর।
ডানার জয়ের উচ্ছ্বাস থাকতে থাকতেই অবশ্য তাঁর দেশের হেরে যাওয়ার খবর এসেছে। যদিও দারুণভাবে এই জয় উদ্যাপন করছে লাটভিয়া। বিশ্বের সেরা খেলোয়াড়কে এভাবে অঘটনের শিকার হতে তো রোজ দেখা যায় না। ডানাও বলেছেন, ‘আমি খুবই তৃপ্ত। বিশ্ব চ্যাম্পিয়নকে তো আর আপনি রোজ হারাতে পারবেন না। অবশ্য আমার তৃপ্তির আরেকটা কারণ, খেলাটাও বেশ ভালো হয়েছে। মানসম্পন্ন।’
কিন্তু কীভাবে এত কিছু সামলান? চার সন্তানের জননী বলেছেন, ‘অর্থমন্ত্রী হিসেবে আমার কাজটা তো খুবই কঠিন। অনেক সময় আর শক্তি ব্যয় হয়। আর দাবা খেলাটাতেও অনেক মানসিক শক্তি লাগে। তবে আপনার পেশা যদি হয় রাজনীতি, অন্য আরেকটা শখ থাকা খুব দরকার। অন্য কিছু করা, যাতে করে আপনি জীবনের ভারসাম্যটা হারিয়ে না ফেলেন।’ সূত্র: এএফপি।