মন্ত্রীর ছেলের পক্ষে জয়াসুরিয়ার সাফাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার তথ্যমন্ত্রীর ছেলে রামিথ রামবুকেল্লাকে দলে জায়গা দেওয়ার সিদ্ধান্তটি সমালোচিত হয়েছে ওই দেশের গণমাধ্যমে। তবে এই সমালোচনাকে উড়িয়ে দিয়ে মন্ত্রীর ছেলের পাশে দাঁড়িয়েছেন শ্রীলঙ্কার নির্বাচক কমিটির সভাপতি সনাৎ জয়াসুরিয়া। টি-টোয়েন্টি ম্যাচে রামবুকেল্লার মতো অলরাউন্ডার অনেক অবদান রাখতে পারবেন বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার।২০১১ সালে ঘরোয়া ক্রিকেট খেলা শুরু করেন ২১ বছর বয়সী রামবুকেল্লা। এখন পর্যন্ত ২৮টি ইনিংস খেলে মাত্র দুটিতে অর্ধশতক করতে পেরেছেন তিনি। প্রথম শ্রেণীতে ১৬.৮৭ গড়ে তাঁর সংগ্রহ মাত্র ১৩৫ রান আর টি-টোয়েন্টি ক্রিকেটে করেছেন ১৭.৪২ গড়ে ১২২ রান। সেই তুলনায় বল হাতেই বেশি সফল শ্রীলঙ্কার তথ্যমন্ত্রী কেহেলিয়া রামবুকেল্লার ছেলে। ২৩.৬০ গড়ে তিনি শিকার করেছেন ১০টি উইকেট। এ ছাড়া, আটটি উইকেট আছে টি-টোয়েন্টি ক্রিকেটে। এই পরিসংখ্যান নিয়ে জাতীয় দলে সুযোগ পাওয়া যায় কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে শ্রীলঙ্কার কিছু গণমাধ্যম। তবে রামিথ রামবুকেল্লা আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখাতে পারবেন বলেই বিশ্বাস করেন জয়াসুরিয়া। তিনি বলেছেন, ‘রামিথ বাঁহাতি ব্যাটসম্যান। সে ঝোড়োগতির ব্যাটিং করতে পারে। টি-টোয়েন্টিতে মিডল অর্ডারে এ রকম ব্যাটসম্যানই আপনার দরকার। এ ছাড়া, একজন ডানহাতি অফস্পিনার হিসেবেও তাকে দলে নেওয়া হয়েছে।’প্রতিভাবান ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যেই রামিথ রামবুকেল্লাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান জয়াসুরিয়া। তিনি বলেন, ‘যারা ভালো পারফরম্যান্স দেখাতে পারে, শুধু তাদেরই আমরা দলে আনতে চাই না। বরং প্রতিভাবান ক্রিকেটারদেরও আমরা সুযোগ দিতে চাই। এমন অনেক খেলোয়াড় আছে যারা ক্লাব পর্যায়ে খুব ভালো পারফরম্যান্স না দেখাতে পারলেও আন্তর্জাতিক অঙ্গনে অনেক ভালো করে। আমি এ রকম অনেক ক্রিকেটার দেখেছি।’এখন শ্রীলঙ্কার তথ্যমন্ত্রীর ছেলে রামিথ রামবুকেল্লা নির্বাচকদের এই আস্থার প্রতিদান দিতে পারেন কি না, সেটাই দেখার বিষয়। ক্রিকইনফো।