মন্থর ব্যাটিংয়ের একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের ফুটবল কোচ রয় হজসনকে একবার দেখা গেল গ্যালারিতে। অলস ভঙ্গিতে বসে আছেন। খেলায় মনোযোগ আছে বলে মনে হয়নি। আশপাশে দেখছেন, পাশ ফিরে একজনের সঙ্গে কথা বললেন কিছু একটা নিয়ে। তাতেও কেমন যেন একটা উদাস ভাব।ওভালে তৃতীয় দিনে ক্রিকেটের সামগ্রিক ছবিটাও এ রকম। ইংল্যান্ডের শম্বুকগতির ব্যাটিং। শেষ পর্যন্ত যে চারটি উইকেট পড়ল, সেই আউটগুলো ছাড়া বলার মতো মুহূর্তই নেই! জো রুট কিছুক্ষণ আশা জাগিয়েছিলেন, হয়তো লর্ডসের পর আরেকটা সেঞ্চুরি করে সুযোগ দেবেন ওভালের দর্শকদের একটু নড়েচড়ে বসার। হলো না। ৬৮ রান করে নাথান লায়নের বলে ওয়াটসনের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। তারপর জোনাথন ট্রট আর কেভিন পিটারসেনও ধরলেন ‘ধীরে চলো’ নীতি। অস্ট্রেলিয়ার ৪৯২ রানের জবাবে তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ২৪৭। ২৯ রান নিয়ে ব্যাট করছিলেন ইয়ান বেল, ক্রিস ওকসের নামের পাশে ১৫। বিনা উইকেটে ৩২ রান নিয়ে দিন শুরু করেছিল ইংল্যান্ড। প্রথম উইকেট পড়ল ৬৮ রানে। এই সিরিজে তাঁর দল দারুণ খেললেও ব্যাট হাতে নিজের ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেননি অধিনায়ক অ্যালিস্টার কুক। ২৫ রান করে রায়ান হ্যারিসের বলে ক্যাচ দিলেন ব্র্যাড হাডিনের হাতে। উইকেটের পেছনে দুর্দান্ত একটা সিরিজ কাটানো হাডিনের এই অ্যাশেজে এটি ২৬ নম্বর ডিসমিসাল। আর দুটি হলেই তিনি ছুঁয়ে ফেলবেন ইংল্যান্ডের বিপক্ষে ১৯৮২-৮৩ মৌসুমে করা রডনি মার্শের এক সিরিজের সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড (২৮টি)। ৩-০ ব্যবধানে পিছিয়ে থাকা একটা দলের উইকেটকিপারের জন্য নিঃসন্দেহে দারুণ অর্জন।কুক ফেরার পর ট্রটের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন রুট। কিন্তু এর জন্য দুজন মিলে খেললেন ২২ ওভারেরও বেশি। ইংল্যান্ডের রানের চাকা গতি পায়নি পিটারসেন নামার পরও। তবে এর জন্য কিছুটা কৃতিত্ব পাওনা লায়ন ও হ্যারিসের। ব্যাটিংবান্ধব উইকেটেও গতকাল দারুণ বল করেছেন দুজন। পিটারসেন-ট্রট জুটি অবশ্য রান তোলায় নয়, মনোযোগী ছিলেন উইকেট না হারানোর দিকে। শেষ পর্যন্ত ৪০ রান করে আউট হয়েছেন ট্রট। নতুন বলে প্রথম ওভারেই স্টার্কের শিকার হওয়ার পর ট্রট অবশ্য রিভিউ চেয়েছিলেন। তাতে লাভ হয়নি। পরে ঠিক ৫০ করে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে গেছেন পিটারসেনও। এবারও ঘাতক সেই স্টার্ক। তথ্যসূত্র: স্টার ক্রিকেট।