মন্থর লিগে ভজকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল-বিকেল ম্যাচের সূচি বদল হয়ে যাচ্ছে। কখন কোন দলের খেলা, বোঝা কঠিন। চলমান পেশাদার ফুটবল লিগে এটা এখন দলগুলোর ভোগান্তির আরেক নাম। মাঠ বলতে সবেধন নীলমণি বঙ্গবন্ধু স্টেডিয়াম। যত চাপ তাই এই মাঠের ওপর। তার ওপর আছে বাফুফের অব্যবস্থাপনা। ক্লাব শেষ সময়ে জানে, খেলা বদল হয়ে গেছে। কোনো কোনো ম্যাচ বিনা নোটিশে দু-তিনবারও পিছিয়ে যায়। সংবাদমাধ্যমকে সময়মতো খেলার পরিবর্তিত সূচি জানাতেও গড়িমসি করেন দায়িত্বপ্রাপ্তরা।আবাহনী-শেখ জামাল ম্যাচ হওয়ার কথা ছিল ১২ মার্চ। সেই ম্যাচ পেছাতে পেছাতে এসেছে আগামীকাল। মাঝখানে ১২ ও ১৪ মার্চ খেলা বন্ধ রাখা হয় রাজনৈতিক কর্মসূচির কারণে। আজ মাঠের বিশ্রাম। এমনিতেই ম্যাচের মাঝখানে সাত-আট দিন বিরতি। লিগের দলসংখ্যা বিজোড় হওয়ায় একেক সপ্তাহে একেক দলের বিরতি। ফলে একটা দল ১৫ দিনও লম্বা বিরতি পেয়ে যাচ্ছে। তার পরও নানা কারণে খেলা পেছানোয় বিরতিটা আরও লম্বা।গত ছয় ফেব্রুয়ারি শুরু লিগের বয়স এখন এক মাস নয় দিন। সর্বোচ্চ সাতটি ম্যাচ খেলেছে মুক্তিযোদ্ধা, শেখ রাসেল। ছয়টি করে শেখ জামাল, আবাহনী, ব্রাদার্স। মাত্র পাঁচটি ম্যাচ খেলার ‘সৌভাগ্য’ হয়েছে মোহামেডান, বিজেএমসি, আরামবাগ, ফরাশগঞ্জ, রহমতগঞ্জ, ফেনী সকারের।১৯-২৬ মার্চ খেলা বন্ধ। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সামনে আর বিরতি পড়বে না, এমন নিশ্চয়তা নেই। লিগ যে কবে শেষ হবে কে জানে! কচ্ছপগতির লিগের আদর্শ উদাহরণ!বারবার খেলা পেছানোয় কোচ, খেলোয়াড় ও কর্মকর্তারা বিরক্ত হয়ে উঠেছেন। পরিচালনা ব্যয় বেড়ে যাওয়ায় ক্লাবগুলোও অখুশি। মুক্তিযোদ্ধা কোচ শফিকুল ইসলামের ক্ষোভ, ‘খেলা বারবার পেছাচ্ছে। এতে দলগুলোর পারফরম্যান্সে ধারাবাহিকতা থাকছে না। এটা একটি দলের জন্য বড় এক সমস্যা।’ শেখ রাসেল কোচ মারুফুল হকের কথা, ‘এক ম্যাচ শেষে পরের ম্যাচ কবে কেউ বলতে পারে না। এভাবে একটা লিগ হয় না।’ ব্রাদার্সের ম্যানেজার আমের খান বলছেন, ‘খেলার সূচির ঠিক-ঠিকানা নেই বলেই লিগটা জমছে না।’লিগ কমিটি অবস্থার উন্নতি করবে কী, উল্টো কমিটির প্রধান সালাম মুর্শেদীর গলায় অসহায়ত্ব, ‘নানা কারণে খেলা পেছাচ্ছে। ক্লাবগুলো চাইলে এই বিরতিতে টাঙ্গাইল, ফেনীতে খেলা দিতে চেয়েছি। কিন্তু তারা রাজি নয়। এখন আমরা কী করব?’