মমিনুলদের অবাক রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ড জুটি: মমিনুল-রোশান  প্রথম আলো
রেকর্ড জুটি: মমিনুল-রোশান প্রথম আলো

বিপর্যয় থেকে টেনে দলকে তুলে দিয়েছেন রানপাহাড়ে। লিস্ট ‘এ’ ক্রিকেটে দুজনই করেছেন প্রথম সেঞ্চুরি। দুজনের অসাধারণ এক জুটির সৌজন্যেই আবাহনীকে হারাল নবীন প্রাইম দোলেশ্বর। ম্যাচ শেষে দুজন একসঙ্গে পোজ দিলেন ছবির জন্য। অথচ মমিনুল হক কিংবা রোশান সিলভা, কেউই জানতেন না দুজন মিলে গড়ে ফেলেছেন কী দারুণ এক কীর্তি! বগুড়ায় ম্যাচ শেষে ঢাকা ফেরার পথে বাসে এক সাংবাদিকের ফোনে মমিনুল জানতে পারলেন, কয়েক ঘণ্টা আগেই তাঁদের নাম উঠে গেছে রেকর্ড বইয়ে!
লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়া এবারের প্রিমিয়ার লিগে দুর্দান্ত সব পারফরম্যান্সের ছড়াছড়ি। প্রথম দুই রাউন্ডেই (১২ ম্যাচ) প্রিমিয়ার লিগ দেখেছে ৮টি সেঞ্চুরি, ৭টি ৫ উইকেট-কৃতিত্ব। একই দিনে হয়েছে দুটি হ্যাটট্রিক। আবার সেই হ্যাটট্রিক বুঝতে না-পারার মতো অদ্ভুত ঘটনাও ঘটেছে। তাপস বৈশ্য যেমন প্রথমে বুঝতেই পারেননি যে তিনি হ্যাটট্রিক করে ফেলেছেন। রুবেল হোসেনও তা-ই! মমিনুল-রোশানকে অবশ্য পুরোপুরি রুবেলদের দলে ফেলা যাচ্ছে না। আন্তর্জাতিক ক্রিকেটেরই অনেক মৌলিক রেকর্ড অনেক সময় জানা থাকে না ক্রিকেটারদের। সেখানে লিস্ট ‘এ’ ম্যাচের জুটির রেকর্ড জানা থাকার আশা করাটা হয়তো বাড়াবাড়িই।
রেকর্ডের খবরটি তাই অপার বিস্ময় হয়েই এসেছিল মমিনুল-রোশানের কাছে। পরশু দুজন জুটি বেঁধেছিলেন দশম ওভারে, দোলেশ্বরের রান তখন ৩ উইকেটে ৪১। মমিনুলের বিদায়ে জুটি ভেঙেছে শেষ ওভারের প্রথম বলে। দলের রান তখন ৩১৭, মমিনুলের রান ১২৯ আর জুটির রান ২৭৬; ১৯৯৮ সালে কটকে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে গড়া আজহারউদ্দিন ও অজয় জাদেজার ২৭৫ রানের রেকর্ড তখন অতীত। ১৪০ রান করে রোশান আউট হয়েছেন চার বল পর।
প্রথম সেঞ্চুরি আর দলের জয় নিয়েই দারুণ খুশি মনে ঢাকায় ফিরছিলেন মমিনুলরা। রেকর্ডের খবরে বাড়তি উচ্ছ্বাস ছড়িয়ে গেল গোটা দলেই। এমনিতে খুব একটা সপ্রভিত চরিত্র নন মমিনুল। তবে অভাবনীয় রেকর্ডের কথা শুনে তাঁর উচ্ছ্বাসও বাঁধ মানেনি। কাল ফোনেও টের পাওয়া যাচ্ছিল রোমাঞ্চটা, ‘রেকর্ড করেছি জানার পর থেকেই খুব ভালো লাগছে। খুব বড় কোনো রেকর্ড হয়তো নয়, কিন্তু আমার নাম তো রেকর্ডে লেখা থাকবে! ১৫ বছর পুরোনো একটি রেকর্ড ভেঙেছি, সেটাও আজহার-জাদেজার, সত্যিই দারুণ গর্ব হচ্ছে।’ ফেরার বাসেই রোশানকে রেকর্ডের খবরটি জানিয়েছেন মমিনুল। শুনে বিস্মিত ও চমৎকৃত কলম্বোর এই ২৪ বছর বয়সী ব্যাটসম্যানও।
আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণের কোনোটিতেই জুটির রেকর্ডে নেই বাংলাদেশের কারও নাম। নেই প্রথম শ্রেণী বা টি-টোয়েন্টি ক্রিকেটেও। তবে লিস্ট ‘এ’-তে মমিনুল ছাড়াও আরেকটি জুটির রেকর্ড আছে বাংলাদেশের দুজনের। সেই রেকর্ডের বয়সও ১৫ বছর। ১৯৯৮ সালে পাকিস্তানের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট উইলস কাপে আমিনুল ইসলামের নেতৃত্বে আমন্ত্রিত দল হিসেবে খেলতে গিয়েছিল বাংলাদেশ। করাচিতে ভাওয়ালপুরের বিপক্ষে ম্যাচে ৪ উইকেট হারিয়েছিল ৩৮ রানে। ৫০ ওভার শেষেও উইকেট ছিল ওই চারটিই! এখনকার নির্বাচক মিনহাজুল আবেদীন চারে নেমে অপরাজিত ছিলেন ১২০ বলে ১০৯ রান করে। ছয়ে নেমে খালেদ মাহমুদ করেছিলেন ১৩৮ বলে ১৪৫। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে এসেছিল ২৬৭! পরে বল হাতেও ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন মাহমুদ।
লিস্ট ‘এ’ ক্রিকেটে সেটাই ছিল মিনহাজুল-মাহমুদ দুজনেরই প্রথম ও একমাত্র সেঞ্চুরি। মমিনুলের প্রথম সেঞ্চুরিতেও হলো জুটির রেকর্ড। লিস্ট ‘এ’ ক্রিকেটে চতুর্থ ও পঞ্চম—দুই জুটির রেকর্ডেই এখন বাংলাদেশের নাম!