মমিনুলে জ্বলল বরিশাল
অঙ্কের হিসাব মেলানোটাই বাকি ছিল শুধু। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাল বরিশাল বার্নার্সকে হারাতে পারলেই আগের টানা তিন ম্যাচ জেতা খুলনা রয়েল বেঙ্গলস চলে যেত সেমিফাইনালে। কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন মমিনুল হক। ম্যাচের তিন বল বাকি থাকতে ডোয়াইন স্মিথের বলে দুর্দান্ত এক স্কুপে ছক্কা মেরে জিতিয়ে দিলেন বরিশাল বার্নার্সকে। আট ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের স্বপ্ন ভালোভাবেই বাঁচিয়ে রাখল বরিশাল। অন্যদিকে কাগজে-কলমে শেষ চারের দল হতে খুলনা রয়েল বেঙ্গলকে থাকতে হচ্ছে আরও অপেক্ষায়।খুলনার ১৬১ রানের জবাবে বলতে গেলে একাই বরিশালকে জিতিয়েছেন মমিনুল। ৫৩ রানে ৪ উইকেট পড়ার পর রমিজ জুনিয়রকে (২২) নিয়ে পঞ্চম উইকেটে ৫৫ রানের জুটি, এরপর ফরহাদ হোসেন আর কবির আলীকে নিয়ে করেছেন বাকি কাজ।ম্যাচ জিততে হাতে ৫ উইকেট নিয়ে শেষ ৫ ওভারে ৫২ রান দরকার ছিল বরিশালের। ব্যক্তিগত ২৬ ও ৩৯ রানে খুলনার উইকেটকিপার ও’ব্রেইন আর ডিপ মিড উইকেটে মার্শাল আইয়ুবের হাতে দুবার জীবন ফিরে পেয়ে সেটাকেও সম্ভব করেছেন মমিনুল। তিন বাউন্ডারির সঙ্গে চার ছক্কার তিনটাই মেরেছেন এই সময়ে। শেষ ওভারে জেতার জন্য দরকার ছিল ৬। প্রথম বলে কবির ১ রান নেওয়ার পর তৃতীয় বলেই দেখার মতো জয়সূচক ছক্কাটি মারেন মমিনুল। এর আগে ওপেনিং জুটিতে ২.৩ ওভারে ২৭ রান করে ভালো শুরু করেছিল খুলনা রয়েল বেঙ্গলস। তবে ৩৮ রানে ৩ উইকেটের পতন চাপে ফেলে দেয় তাদের। সেখান থেকে দলটাকে টেনে তোলে চতুর্থ উইকেটে ওপেনার চন্দরপলের সঙ্গে আগের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ নাসির হোসেনের ৪৪ রানের জুটি। সপ্তম উইকেটে নেইল ও’বেইন-নাজমুল হোসেন মিলন মিলে আরও ৪২ রান যোগ করে খুলনা রয়েল বেঙ্গলসকে দিয়েছিলেন লড়াইয়ের পুঁজি। দলের ৮৩ আর নিজের ৩৩ রানে ওপেনার চন্দরপল মাংসপেশির চোটে মাঠ না ছাড়লে আরও বড় স্কোরও গড়তে পারত খুলনা। সেটা হয়নি, হয়নি কালই খুলনার সেমিফাইনাল নিশ্চিত করাও।হারা ম্যাচেও আরেকটি খারাপ খবর শুনতেও হয়েছে খুলনার নাসিরকে। চট্টগ্রাম কিংসের বিপক্ষে ম্যাচে একটা ক্যাচ নেওয়ার পর দর্শকদের উদ্দেশে অশোভন অঙ্গভঙ্গি করায় কাল ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাঁকে।সংক্ষিপ্ত স্কোরখুলনা রয়েল বেঙ্গলস: ২০ ওভারে ১৬১/৭ (নাজমুল মিলন ৪২*, চন্দরপল ৩৩ আহত অবসর, নাসির ৩১, ও’বেইন ১৯, গিবস ১৮; নাজমুল অপু ১/১৬, হজ ১/২০, সোহরাওয়ার্দী ১/২১, শেহজাদ ১/২৬, আল আমিন ১/৩২, কবির ১/৪২)। বরিশাল বার্নার্স: ১৯.৩ ওভারে ১৬২/৬ (মমিনুল ৫৩*, রমিজ জুনিয়র ২২, মিঠুন ১৪, ফরহাদ ১২, কবির ১২*, হজ ১১, শেহজাদ ১০, মাস্টার্ড ১০; রাজ্জাক ২/২২ সাকিব ২/৩৪, রাসেল ১/২৪)। ফল: বরিশাল বার্নার্স ৪ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মমিনুল হক।