মমিনুলে বিস্মিত ম্যাককালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রেন্ডন ম্যাককালাম
ব্রেন্ডন ম্যাককালাম

বাংলাদেশে আসার পরই নিউজিল্যান্ড শিবির থেকে জানা হয়েছিল, যথেষ্ট হোমওয়ার্ক করেই এই সফরে এসেছে তারা। বাংলাদেশের সব ক্রিকেটারের ভিডিও খুঁটিয়ে খুঁটিয়ে শক্তি আর দুর্বলতার জায়গাগুলো বের করা হয়েছে। সেই হোমওয়ার্ক কতটা সুফল দিয়েছে, সেটা মাইক হেসনই ভালো বলতে পারবেন। তবে একটা জিনিস নিশ্চিত, এরপর বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে নিউজিল্যান্ড কোচের ল্যাপটপে কেবল মমিনুলকে নিয়েই আলাদা একটা বিশেষ ফোল্ডার থাকবে!
আজ সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামও স্বীকার করেছেন, ছোট্ট মমিনুল বিস্ময় উপহার দিয়েছেন তাঁকে, ‘হ্যাঁ, কিছুটা বিস্মিত তো বটেই। আমি ওর স্কোরগুলো দেখেছি। ও কিন্তু খুব বেশি সুযোগ নষ্ট করে না। ক্রিজে ওর বাচনভঙ্গিও দারুণ। ওতো এতটাই চুপচাপ, দেখে মনে হয় না এত এত রান করবে।’
বাংলাদেশের হয়ে মমিনুলের উজ্জ্বল এক ক্যারিয়ারের সম্ভাবনার কথাও বললেন ম্যাককালাম, ‘ও টেস্ট ক্যারিয়ারটা খুব ভালোভাবেই শুরু করেছে। এই উপমহাদেশের কন্ডিশনে ও খুব ভালোভাবেই মানানসই বলেই মনে হচ্ছে। বাংলাদেশের হয়ে ওর খুব ভালো একটা ভবিষ্যত্ দেখতে পাচ্ছি। ওর প্রাপ্য প্রশংসাটা ওকে দিতেই হবে, কারণ ও অসাধারণ একজন পারফরমার।’
মমিনুলে বিস্মিত হলেও বাংলাদেশের ধারাবাহিক উন্নতিতে কিন্তু মোটেও বিস্মিত নন ম্যাককালাম। বাংলাদেশের বিপক্ষে এই প্রথম সিরিজ ড্র করার পর কিউই অধিনায়ক বলছেন, ‘আমরা এই সিরিজ জিততেই চেয়েছিলাম। আমরা সেটা করতে পারব বলেই মনে করেছিলাম। সেটা না হলেও আমরা এই সিরিজে ভালো খেলেছি। আমাদের ব্যাটিং দুর্দান্ত ছিল। কঠিন কন্ডিশনেও আমাদের বোলিং ছিল ভালো। তবে বাংলাদেশও দুর্দান্ত খেলেছে। তাই এই সিরিজটায় ড্র-ই সবচেয়ে ন্যায্য ফলাফল।’
মনে মনে ২-০তে সিরিজ জেতার আশা করে ০-০ ড্র, ম্যাককালাম কিছুটা হতাশ তো বটেই। মিরপুর টেস্টে বৃষ্টি না হলে এই টেস্টে হয়তো ফল আসত বলেই মনে করেন তিনি, ‘আমরা ২-০তে জিতলেই খুশি হতাম। সেটা হয়নি। চট্টগ্রামে ফল আনার চেষ্টা করেছিলাম, কিন্তু উইকেট খুব ভালো ছিল। দুদলই দারুণ ব্যাটিং করেছে। এখানে প্রায় দুটো দিন বৃষ্টির পেটে গেছে। গতকাল হয়তো ওদের আরও বেশি চাপে ফেলতে পারতাম। কিন্তু তারা বেশ ভালোভাবেই দাঁড়িয়ে গেল। আজ খেলা শুরুর আগে ম্যাচে বাংলাদেশের যে আধিপত্য ছিল, সেটার পুরো কৃতিত্ব তাদেরই। ০-০ তাই ন্যায্য ফলাফলই।’
টেস্ট শেষ। এবার মনোযোগ ওয়ানডেতে আর টি-টোয়েন্টি। সর্বশেষ বাংলাদেশ সফরেই ওয়ানডেতে ৪-০তে ধবলধোলাই হয়েছিল নিউজিল্যান্ড। এবার আর সেই ভুল করতে চায় না ম্যাককালামের দল। অধিনায়ক তাই দলকে সংক্ষিপ্ত ফরম্যাটে মানিয়ে নেওয়ার পরমর্শ দিচ্ছেন, ‘ওয়ানডে সিরিজের দিকে তাকিয়ে আছি। ও সিরিজে ভালো কিছু করতে পারলে দারুণ হবে। ফরম্যাটগুলোতে আলাদা আলাদাভাবে মানিয়ে নেওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদের ওয়ানডেতে মনোযোগ দিতে হবে।’