মমিনুলে ম্লান শাহরিয়ার-অলকরা
শহীদ মোস্তাক ও জুয়েল একাদশের প্রীতি ম্যাচ বিজয় দিবসের নিয়মিত আয়োজন। এবারও হলো। কাল ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শহীদ মোস্তাক একাদশকে ৪ উইকেটে হারিয়েছে শহীদ জুয়েল একাদশ।আগের দিন বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। এই ম্যাচে খেলেছেন প্রাথমিক দলের ১২ জন। তাঁরা কেমন করেন, দেখার আগ্রহের কারণেই শহীদ মোস্তাক-জুয়েল ম্যাচের মাহাত্ম্যটা এবার একটু বেড়ে গিয়েছিল।বিশ্বকাপের ৩০ জনের দলে থাকা শাহরিয়ার-অলকদের ছাপিয়ে এই ম্যাচে আলো কাড়লেন মমিনুল হক। ৮৮ বলে তাঁর অপরাজিত ৭৫ (৮টি চার) জয় এনে দিয়েছে শহীদ জুয়েল একাদশকে। ৫৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর নাসির হোসেনকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ১০৯ রানের জুটি গড়েন মমিনুল। ১৫.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৯ রান তোলার পরও শাহরিয়ার-অলকদের শহীদ মোস্তাক একাদশ অলআউট ১৭২ রানে। মাত্র ৪৮ রানের মধ্যে শেষ ৭টি উইকেট হারায় শাহরিয়ারের দল।শহীদ মোস্তাক একাদশ: ৩৭.৫ ওভারে ১৭২ (রাব্বি ২৫, শাহরিয়ার ১৯, শামসুর ৩০, নাজিমউদ্দিন ১৫, জহুরুল ৩৫, মার্শাল ১৬*, ইলিয়াস ১২, অলক ০; নূর ২/৩৬, নাসির ১/১০, কামরুল ১/১৮, শুভাশিস ১/২৪, সাব্বির ১/২৫, নাজমুল ১/৩২)। শহীদ জুয়েল একাদশ: ৩৩.৩ ওভারে ১৭৩/৬ (মিঠুন ২২, মমিনুল ৭৫*, আসিফ ১০, নাসির ৪৯; রাসেল ২/২৫, কামরুল ১/২৮, সাকের ১/২৮)। ফল: শহীদ জুয়েল একাদশ ৪ উইকেটে জয়ী।