মমিনুলের দুটো রেকর্ড, আরেকটির হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমিনুল হক
মমিনুল হক

২০ রানে অপরাজিত থেকে লাঞ্চে গিয়েছিলেন। লাঞ্চটা তৃপ্তি নিয়েই নিশ্চয়ই খেয়েছেন মমিনুল হক। ততক্ষণে একটি গুরুত্বপূর্ণ রেকর্ড যে হয়ে গিয়েছিল তাঁর। ২ ম্যাচ সিরিজে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করে ফেলেছেন তিনি। লাঞ্চের ঠিক আগেই মমিনুল পেরিয়ে যান উইকেটে তাঁরই সঙ্গী তামিম ইকবালের রেকর্ড। ২০১০ সালে ইংল্যান্ড সফরে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করা তামিম ২ টেস্টে ২৬৮ রান করেছিলেন। আজ লাঞ্চ পর্যন্ত মমিনুলের রান ছিল ২৭০। দিন শেষে সেটা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৬।
চা বিরতির সময় মমিনুলের সঙ্গী হয় আরেকটি রেকর্ড। চা বিরতি পর্যন্ত এই সিরিজে ৪৬টি চার মারেন মমিনুল। দিন শেষে সেটা বেড়ে দাঁড়িয়েছে ৫৪। বাংলাদেশের পক্ষে এক সিরিজে সবচেয়ে বেশি চার মারার রেকর্ড এটিই।
চতুর্থ দিনের খেলা শেষে এই সিরিজে মমিনুলের রানসংখ্যা ৩৭৬। এখনো অপরাজিত তিনি। ম্যাচের সংখ্যা বিবেচনায় না নিলে বাংলাদেশের পক্ষে এক সিরিজে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ডটি হাবিবুল বাশারের। ২০০৩ সালের পাকিস্তান সফরে ৩৭৯ রান করেছিলেন হাবিবুল। কিন্তু সেটি ছিল ৩ টেস্টের সিরিজ। হাবিবুলের সেই রেকর্ডটিও ভেঙে দেওয়ার পথে মমিনুল। আর মাত্র ৪ রান করলেই এক সিরিজে সবচেয়ে বেশি রান করার এই রেকর্ডটি নিজের করে নেবেন দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটসম্যান।  
সেটি না পারলেও ক্ষতি নেই। কারণ ২ টেস্টের সিরিজে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ডটি তো তাঁর হয়েই গেল। হয়ে গেছে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক সিরিজে তিন শর বেশি রান তোলার কীর্তিটাও। যেটি এতদিন ছিল শুধুই হাবিবুলের।
২০০৩ সালের ওই পাকিস্তান সফরে ৩ টেস্টে ৪৫টি চার মেরেছিলেন হাবিবুল। এবার দুই টেস্টেই এরই মধ্যে ৫৪টি চার মেরেছেন মমিনুল।
এবারের সিরিজে চট্টগ্রামে প্রথম ইনিংসে ১৮১ রান করেছিলেন মমিনুল। মেরেছিলেন ২৭টি চার। দ্বিতীয় ইনিংসে ২২ রানে অপরাজিত ছিলেন। মেরেছিলেন তিনটি চার। মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ৪৭ রান করার পথে আটটি চার মারেন মমিনুল। আজকের ১২৬ রানের অপরাজিত ইনিংসটায় এখন পর্যন্ত ১৬টি চার মেরেছেন। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক সিরিজে দুটো সেঞ্চুরি মালিকও হয়ে গেছেন তিনি।