মমিনুলের মাঝে সাকিবের ছায়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃতীয় উইকেটে ১৫৭ রানের জুটি গড়েন মমিনুল ও তামিম। এতে সিংহভাগ অবদানই রাখেন মমিনুল (বাঁয়ে)। ছবি: প্রথম আলো।
তৃতীয় উইকেটে ১৫৭ রানের জুটি গড়েন মমিনুল ও তামিম। এতে সিংহভাগ অবদানই রাখেন মমিনুল (বাঁয়ে)। ছবি: প্রথম আলো।

যখন ব্যাট হাতে নামলেন, চাপটা ছিল চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসের মতো। নাকি চাপ ছিল আরও বেশি? চট্টগ্রামে ৮ রানে দুই উইকেট পড়ে গেলেও তখনো ম্যাচ হেরে যাওয়ার শঙ্কা অন্তত চেপে বসেনি জগদ্দল পাথরের মতো। কিন্তু আজ যখন ৫৫ রানে দুই উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ, নিউজিল্যান্ড তখনো ১০০ রানে এগিয়ে। ১৬ রানের ব্যবধানে বাংলাদেশের দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ত্রাস হয়ে ওঠা নিল ওয়াগনার রীতিমতো ফুঁসছেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপ আবারও ধসিয়ে দিতে।
কাঁধটা ছোট্ট হলে কী হবে, সেই কাঁধে যে অনায়াসে পাহাড়বোঝা চাপ নিতে পারেন, সেটা চট্টগ্রাম টেস্টেই বুঝিয়ে দিয়েছিলেন মমিনুল। বোঝালেন আবারও। তাঁর আরও একটি দুর্দান্ত সেঞ্চুরি বাংলাদেশকে টেনে তুলল শঙ্কার খাদ থেকে। গড়লেন তৃতীয় উইকেটে বাংলাদেশের পক্ষে নতুন রেকর্ড জুটি। ১৫৭ রানের সেই জুটিতে সিংহভাগ অবদান রাখলেন মমিনুলই! বিস্ময়টা এ কারণেই, সঙ্গী যে ছিলেন তামিম ইকবাল!
তামিমকে সাক্ষী রেখে তামিমের আগেই করে ফেললেন সেঞ্চুরি। বাংলাদেশের পক্ষে এক সিরিজে দুটো সেঞ্চুরি এর আগে তামিমেরই ছিল। লাঞ্চের ঠিক আগে তামিমকে সাক্ষী রেখেই পেরিয়ে গেছেন দুই টেস্টের সিরিজে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করা তামিমের রেকর্ডটিও। সেটি পেরিয়ে মমিনুল এখন তিন টেস্টে ৩৭৯ রান করা হাবিবুল বাশারের রেকর্ডটিও ভেঙে দেওয়ার পথে। এ পর্যন্ত মমিনুল করেছেন ৩৭৬ রান।
হাবিবুলের আরেকটি রেকর্ড ভেঙে দিয়েছেন মমিনুল। বাংলাদেশের পক্ষে এক সিরিজে সবচেয়ে বেশি চার মারার রেকর্ড। এ সিরিজে এখন পর্যন্ত ৫৪টি চার মেরেছেন এই বাঁ-হাতি। খুব কাছে থেকে মমিনুলের ব্যাটিং দেখা তামিম বলছেন, ‘ও যেভাবে ব্যাটিং করছে, এটা আসলে স্বপ্নের মতো। ও অনেক কষ্ট করেছে। এখন তারই সুফল পাচ্ছে। এত সাবলীলভাবে খেলতে বাংলাদেশের খুব কম ব্যাটসম্যানকে দেখেছি।’
ভীষণ চাপের মধ্যেও নির্ভার হয়ে খেলা, ব্যক্তিগত মাইলফলক নিয়ে তেমন একটা উচ্ছ্বাস না দেখানো, সংবাদ সম্মেলনে কাটা কাটা উত্তর দেওয়া, বিকেএসপি থেকে উঠে আসা, ব্যাটও করেন বাঁ হাতে। অনেক দিক দিয়েই সাকিবের সঙ্গে মিল আছে মমিনুলের। তামিমও বললেন, মমিনুলের মাঝে তিনি সাকিবের ছায়া খুঁজে পান। এ কারণেই সাফল্য পেলেও মমিনুল পথ হারিয়ে ফেলবেন না, সাকিবের মতোই ধারাবাহিক হবেন বলে আশা তামিমের, ‘একটা জিনিস কী, যখনই মানুষের কাছে সাফল্য আসে, তখনই অনেক সময় মানুষ ভুল পথে হাঁটে। যখন আসে না তখন কিন্তু হাঁটে না। আমার মনে হয় না ও সে রকম ছেলে যে সাফল্য এলে সেটা সামলাতে পারবে না। এসব নিয়ে ও কম চিন্তা করে। ওকে আর সাকিবকে একই রকম মনে হয় আমার। দুজনই একই রকম মানসিকতার মানুষ। দুজনের কোচও কিন্তু একই ছিল।’
বড় ভাই, অভিভাবকের মতো আজ তামিম মমিনুলকে পথ দেখাচ্ছিলেন। ৯৯ রানে মমিনুল যখন মেরে খেলে সেঞ্চুরি করতে চেয়ে ভুল শট খেললেন, তামিম এগিয়ে এসে বেশ কিছুক্ষণ বুঝিয়েছেনও, ‘আমি ওকে একটা কথাই বলছিলাম, তোর সেঞ্চুরি গুরুত্বপূর্ণ না। তোর উইকেটে থাকাই দলের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তুই ১০০ করছিস কি না, তাতে কিচ্ছু আসে যায় না। কিন্তু তুই যদি ১০০ করতে মারতে গিয়ে আউট হয়ে যাস, সেটা দলের জন্য ভালো হবে না। তুই যতক্ষণ ব্যাটিং করবি, এটাই দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি ওকে বারবার মনে করিয়ে দিচ্ছিলাম, আমাদের দায়িত্বটা কী। আমরা কী কারণে উইকেটে আছি, আমাদের পরিকল্পনা কী।’
সাকিবের ছায়া মমিনুল সাকিবেরই ছায়াসঙ্গী হয়ে অপরাজিত আছেন। এ কারণে ম্যাচে এখনো বাংলাদেশের আশা খুঁজে পান তামিম, ‘এখনো জেতা সম্ভব এটা বললে হয়তো অনেক উচ্চাভিলাষী শোনাবে আমার কথা। তবে জেতা সম্ভব না, এটাও বলব না। ক্রিকেটে যেকোনো কিছু হতে পারে। এই জুটিটা কতক্ষণ ব্যাটিং করবে, এটার ওপর অনেক কিছু নির্ভর করছে। যদি লাঞ্চ, লাঞ্চের এক ঘণ্টা পর পর্যন্ত আমাদের ব্যাটসম্যানরা নিজেদের ব্যাটিংটা করতে পারে, যেকোনো কিছু হওয়াই সম্ভব। তবে আবার বলি, এটা ক্রিকেট খেলা। আমাদের যদি তাড়াতাড়ি দুটো উইকেট পড়ে যায়, পরিস্থিতি আবার অন্যরকম হবে।’