ময়দানে আজ 'কালো ঘোড়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডেন হ্যাজার্ড ও সোফিয়ান ফেগুলি
এডেন হ্যাজার্ড ও সোফিয়ান ফেগুলি

মুখোমুখি বেলজিয়াম–আলজেরিয়া
এডেন হ্যাজার্ড
দলের প্রাণভোমরা। চেলসি মিডফিল্ডারকে কেন্দ্র করেই আবর্তিত হবে বেলজিয়ামের আক্রমণভাগ। গতি, স্কিল দিয়ে ভড়কে দিতে পারেন যেকোনো রক্ষণভাগকেই।
সোফিয়ান ফেগুলি
ভ্যালেন্সিয়ার এই মিডফিল্ডার গোল বানিয়ে দিতে সিদ্ধহস্ত। বল দখল আর বুদ্ধিদীপ্ত পাস দিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগে ত্রাস ছড়াতে পারেন। 
কেউ যদি বলেন, বিশ্বকাপ জিততে পারে বেলজিয়াম—তাঁকে বদ্ধ উন্মাদ ভেবে বসবেন না। বেলজিয়াম দলটি বিস্ময়কর কিছু প্রতিভার সমাবেশ। থিবো কোর্তোয়া, ভিনসেন্ট কোম্পানি, টমাস ভারম্যালেন, মারুয়ান ফেলাইনি, এডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু, কেভিন মিরালাস—নামগুলো সমীহ জাগানোর মতোই। এক ঝাঁক তরুণ প্রতিভাবান খেলোয়াড়ে সমৃদ্ধ দলটি বিশ্বকাপে অনেকটা পথ পাড়ি দেবেই বলে বিশ্বাস ফুটবলবোদ্ধাদের। আজ রাত ১০টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এক যুগ পরে শুরু হচ্ছে বেলজিয়ামের আরেকটি বিশ্বকাপ অভিযান।
ইউরোপের মাঠে মাঠে নিয়মিতই আলো ছড়াচ্ছেন বেলজিয়ামের খেলোয়াড়েরা। আক্রমণভাগ-রক্ষণ-মাঝমাঠ—সবখানেই ভারসাম্য রয়েছে দলটির। বাছাইপর্বে একটি ম্যাচও হারেনি বেলজিয়াম (জয় ৮টি, ড্র ২টি)। বিশ্বকাপের সবগুলো প্রস্তুতি ম্যাচেও পেয়েছে জয়। এমনিতেই তো আর বিশ্বকাপের ‘কালো ঘোড়া’ বলা হচ্ছে না তাদের! বন্ধু আর শিক্ষকের মতোই কোচ উইলমটস আগলে রেখেছেন পুরো দলকে। বিশ্বকাপে তারা কেমন করে, তা নিয়ে বিশ্বজুড়ে গণমাধ্যমগুলোরও রয়েছে দারুণ কৌতূহল। সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন বড় মঞ্চে তাদের অনভিজ্ঞতা নিয়ে। এখনো বিশ্বের সেরা দলগুলোর সামনে বড় পরীক্ষা দিতে হয়নি। বছরব্যাপী ক্লাব ফুটবলের ঠাসা সূচি সবাইকে এক ছাদের নিচে আসার সুযোগও দেয় কম। তাই এই তরুণেরা কতটা একটা ‘পরিবার’ হয়ে উঠেছে, তা নিয়ে রয়েছে সংশয়। সঙ্গে আছে প্রত্যাশার ভারে নুয়ে পড়ার সম্ভাবনাও!

প্রতিপক্ষ আলজেরিয়া এই সুযোগটাই নিতে চাইবে। কাগজে-কলমে র৵াঙ্কিংয়ে আফ্রিকার সেরা দল আলজেরিয়া (২২)। কিন্তু সামর্থ্য তাদের প্রশ্নবিদ্ধ। গত বিশ্বকাপে সবগুলো ম্যাচ হেরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল আলজেরিয়া। দলে নেই তেমন কোনো জাদুকরি খেলোয়াড়। সর্বশেষ দুটি প্রস্তুতি ম্যাচে অবশ্য জয় পেয়েছে আলজেরিয়া। তবে কোচ ভাহিদ হালিলহজিচের এই কথাটাই হয়তো তাঁর ছাত্রদের কাছে হতে পারে বিশ্বকাপের টনিক, ‘আমাদের  হারানোর কিছুই নেই, তবে জেতার মতো কিছু আছে নিশ্চয়ই!’ ইতিহাসও অনুপ্রেরণা হতে পারে দলটির কাছে। ১৯৮২ বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে ইউরোপের কোনো দলকে হারিয়েছিল আলজেরিয়া। ক্ষুদ্র বালুকণার আঘাতে যেন হয়েছিল উল্কাপিণ্ডের পতন। ২-১ গোলে তারা হারিয়ে দিয়েছিল দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন পশ্চিম জার্মানিকে!