ময়েসের উপলব্ধি
তাঁর নাম তিরাতেপ উইনোথাই। নাম বললেই চেনা যাবে এমন ফুটবলার নন। থাই লিগের খবর থাইল্যান্ডের বাইরে কজনই-বা রাখেন! কিন্তু এই উইঙ্গারের নাম ছেয়ে গেল সব ইংলিশ সংবাদমাধ্যমে! এমন এক কাণ্ড করেছেন যে, উইনোথাইয়ের নিজেরও হয়তো বিশ্বাস হচ্ছে না। গোল করে হারিয়ে দিয়েছেন বিশ্বের অন্যতম সফল ও সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে। উইনোথাইয়ের গোলে সারা জীবন গল্প করার মতো রসদ পেয়ে গেছেন সিনহা অল স্টার একাদশের ফুটবলাররাও। রয়টার্স। শুধু ডেভিড ময়েসেরই কপাল মন্দ। এই ম্যাচেই যে ম্যানচেস্টার ইউনাইডেটের কোচ হিসেবে অভিষেক তাঁর। সেখানে থাই লিগের বেছে নেওয়া ফুটবলারদের নিয়ে গড়া দলটার কাছে প্রীতি ম্যাচে ১-০ গোলে হার। যদিও রবিন ফন পার্সি, নেমানিয়া ভিদিচ, সিনজি কাগওয়ারা ছিলেন না। চোট পেয়ে ওয়েইন রুনি তো আগেই দেশে ফিরে এসেছেন। তার পরও এই ম্যাচে হেরে বসবেন, ময়েস হয়তো এটা কল্পনাও করেননি। বাধ্য হয়েই একটা সান্ত্বনা খুঁজে নিয়েছেন তিনি, ‘পরে কোনো ম্যাচ হারার চেয়ে এখন হারাটাই ভালো।’
পরে মানে প্রিমিয়ার লিগের মৌসুম শুরু হওয়ার পর। তার আগে অবশ্য অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, হংকং ও সুইডেনে এমন আরও কিছু প্রস্তুতি ম্যাচ খেলবে ইউনাইটেড। ময়েসও বুঝতে পারবেন, যে পতাকা হাতে নিয়েছেন সেটা বইবার শক্তি আসলেই তাঁর আছে কিনা। পরের প্রস্তুতি ম্যাচ খেলতে ব্যাংকক থেকে গতকাল সিডনি পৌঁছানোর পর ইউনাইটেড কোচও জানালেন কাজটা যে কত কঠিন, সেই আভাস তিনি আগেই পেয়েছিলেন পূর্বসূরির কাছ থেকে, ‘স্যার ফার্গুসন আমাকে আগেই বলেছিলেন কী হতে পারে। যে পরিমাণ সমর্থন আমরা পাই, সংবাদমাধ্যমের যে আগ্রহ থাকে আমাদের ঘিরে এবং যেভাবে সবকিছুর খুঁটিনাটি বিশ্লেষণ হয়, আমাকে সেটার সঙ্গে অভ্যস্ত হয়ে উঠতে হবে।